২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুব বোরহানের কবিতা

মাহবুব বোরহান

Published : 09 Feb 2022, 10:05 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


চিত্রকর্ম:পল ক্লি

আলো জ্বালাবার খামারগুলো

আমাদের আলো জ্বালাবার
খামারগুলো আমূল বদলাতে হবে।
কোনো অজুহাতে আর
একনায়কতান্ত্রিক ক্যাকটাস
বাড়তে দেওয়া ঠিক হবে না।
খুব দ্রুত স্বৈরাচারী খুঁটিগুলো
সরিয়ে ফেলতে হবে।
বসাতে হবে দক্ষ মালির হাতে
থাকা ঝরনার মতো কিছু
প্রতিষেধক, যার পরিচর্যায়
শুধু ফুল ফুটে থেঁতলে যায় না
কোনো কুঁড়ি!

আলো জ্বালাবার খামার
কোনো দলীয় ইস্তেহার নয়,
নয় কোনো টেস্টামেন্ট
কিংবা জিন্দাবেস্ত।
কোনো ভাঁড় কিংবা মহানায়কের
একক কোনো রঙ্গমঞ্চও নয়,
নয় কোনো মনোপলি বাজারতন্ত্রের
ইজারা ভূমি কিংবা কোনো বিশেষ
সেনা নির্মাণের কারখানা।

এখানে মতভিন্নতার বহু রথ
অবলীলায় ওড়াবে ধুলো
মস্তিষ্কের যুদ্ধে অতিক্রান্ত বেগবান প্রহর
চিন্তার ফলায় যোগাবে সুতী ধার।
আলো জ্বালাবার খামারগুলো
চারিদিকে খোলা থাক
বৃত্তাবদ্ধ জ্যামিতির জুয়াচুরি
মানবো না আর।

আমাদের আলো জ্বালাবার
খামারগুলো ছোটো হতে হতে হতে
একটি জড় বিন্দুতে
পরিণত হয়েছে।
বিন্দুটি আবার সিন্ধু হোক
বীজ থেকে বেড়ে উঠুক মহীরূহ
কোনো অজুহাতেই তাকে
বনসাই করে রাখা যাবে না।
এমনকি মুক্তিযুদ্ধ কিংবা কোনো
বিপ্লবের নামেও না।
আলোর উৎপাদন বন্ধ হয়ে গেলে
আমাদের প্রিয় মুক্তিযুদ্ধও যে
অন্ধকারে ঢাকা পড়ে যাবে…!