২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দময়ী মজুমদার: ইচ্ছেগুলো, ও অন্যান্য কবিতা

আনন্দময়ী মজুমদার

Published : 31 Jan 2022, 01:51 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


ইচ্ছেগুলো

ছেড়ে দিলাম ইচ্ছেগুলো
বছর শুরুর আকাশটাতে
সফেদ ডানা উড়ে যাওয়া
চিঠির মতো
দিঠির মতো
পিওন নিজেই নিজের সাথে
লেখক নিজেই নিজের সাথে
ভয়ে থাকি
লিখতে গিয়ে
আঙুল কাঁপে
পারুল কাঁপে
চম্পা-শিমুল
ভাইবোনেদের অভিশাপে
চাইতে গিয়ে মনে পড়ে
ভয়ের কারণ
দশটি ছেলে হারাধনের
হারিয়ে যাওয়া
ইচ্ছেগুলোর বনবাদাড়ে ছড়িয়ে যাওয়া
একাএকা সঙ্গীহারা লক্ষ্মীছাড়া বিন-সাহারা
ভালো থাকার সূর্যপ্রখর নম্রভুরুর ইচ্ছেগুলো
লিখতে গিয়ে নীলাভ হৃদয়
বুকের পাটা
চোখের ঝাঁকা
শাপলা মেলা আলতো হাতে
সাহস লাগে
সাহস লাগে
নিজের কাছে
পাপড়ি-পদ্ম শুঁকতে গিয়ে
পালক ছুঁয়ে বিনা-সুতোয়
উড়তে দিয়ে
সাধ্য-সাধের বেড়া শেখায়
নক্সাকাটা ছন্দরেখায়
এখন তারা গদ্যছাড়া পদ্যছাড়া
স্বাধীন স্বভাব
বলতে গিয়ে নিজের কাছে নিজের জবাব
লেফাফারা পাল তুলেছে
নাচছে বগ্গা ঘুড়ির মতো
অনেক দূরে, বুকের কাছে

ততটা পালক তুই

ততটা পালক তুই, ততটাই রং
পাতার ঝালর তুই রোদের সারং
ততটাই সুর তুই, উড্ডীন শিখী
আত্মগত বিকেলের উজ্জ্বল দীঘি
ততটাই পায়ে তোর মাখনের ঘ্রাণ
ততটাই ব্যাঙাচির আকুল পরান
ততটাই শিখা তুই ততটাই আলো
ততটাই শাখা-দোলা পুকুরের কালো
ভালবাসা পৃথিবীতে যে রেখায় আঁকা,
জলময় স্তব্ধতা, মেঘের পতাকা।

এইখানে এলে

এইখানে এলে
তোর কথা
আরো বেশি মনে পড়ে,
শিশু,
তোর জন্মলগ্ন,
সমস্ত কান্না, দিঠি,
শ্বাস,
বয়ে যায়
গভীর শিরায়

এইখানে এলে,
তোর উচাটন
কৈশোর
ফিরে আসে
ধীর বাতাসে

যে-সময়
এখনো মনিমুক্তা
ছড়িয়ে রাখে মানুষ,
ধানের গায়ে লেগে থাকে
তার তাপ

এইখানে এলে
আকুলতা বাজে বেশি
মানুষ-মানুষী
রোদের রোশনাই
পেয়ে ফুটে ওঠে,
এ দীর্ঘ অবগাহন
যেন একই বই
ফিরে পড়ার সুখ

তোর জন্য রোদ

তোর জন্য রোদ হতে চাই
বৃষ্টিও
আমি ঘটে ঝড় ভরে
ছড়িয়ে দিচ্ছি ফের
ভোরের পাতায়,
যদি জল নামে
যদি রোদ ঝলকায়।

তোর মুখে শিউলিসকাল
অজানা আলপনা।
তোর প্রশ্নের
কি উত্তর হয়?

তোকে দেখলাম,
দেখলাম।
এমন আগলখোলা
ভোরে
মেঘমেশা কাদা-ফুল,
তোর চন্দনসুবাসে
দুঃখ
আমি জেনেছি

বালিয়াড়িতে

বালিয়াড়িতে মুখ থুবড়ে পড়ছি অনেকে। আর, উঠে দাঁড়াচ্ছি পায়ে পায়ে। বারবার। সম্ভবনার অতলে হাত দিয়ে যেন মুক্তদানা ঝিনুক কুড়ানো। হাঁটুতে বিদ্যুৎ শিহরণ! এখনো দাঁড়ানো যায়? এখনো বাতাস? ঢেউ ভেঙে পড়ছে আবার। বালিতে আছড়ে পড়ছে উদ্বাহু পাতা, মুখ আর জ্বলন্ত নিঃশ্বাস। অন্ধ বধির হয়ে যাচ্ছি জেনে। আবার দাঁড়ানো। হয়তো বা শত্রু মনে হয় না বালিকে। দাঁড়ানোর ঋজুতা পেয়ে গেছি জেনে। পায়ের ছাপ আর পতনের রেখা বিষম বালিয়াড়ির বুকে। এখানেই ভোর। জলোচ্ছ্বাস ছোটো হয়ে আসে। এমন কী, সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে এসেছি জেনে, ঢেউ-এর ভিতর রোদের পড়ন্ত চিকণ টুকরো কোনো অতর্কিত মুহূর্তে, তখন মায়াময় লাগে। ক্ষণস্থায়ী হীরে অথবা অশ্রুর মতন।

গৌরবরা

যতবার লিখতে যাই, কলম দিয়ে কেন জানি রক্ত গড়িয়ে পড়ে। হয়ত তার কারণ, সমস্ত লেখাই আসলে প্রকৃতির চিঠি। কিন্তু সেই চিঠি পৌঁছয় কিনা আমাদের জানা নেই।
সোনার প্রতিমা ঢেকে গরাদের পেছনে যে হেমলক মুখ মনে পড়ে, সে মুখে দয়া নেই। মনে হয় এই লেখনী সেই হাত অনায়াসে ছিঁড়ে ফেলে দেবে, যেমন ছিঁড়ে ফেলে দেয় অসংখ্য জ্যোৎস্না, সেতারের তার, কবিতা আর বনফুলের মালা।
আমরা গৌরবের কথা লিখতেই যাই। গৌরবরা ডুবসাঁতার দেওয়া দামাল বাচ্চা, যাদের আমরা গুনে রাখিনি।
তাদের নিয়ে নাটক করেছি আমরাও … শিখিয়েছি গান… গ্রাস তুলে দিয়েছি মুখে…ধমক দিয়েছি, যেন মাথায় না ওঠে…। ভুতের বাসা, বাঁশবনের ঝাড় ধরে নিয়ে গেছি ভর সন্ধেবেলা…। …জলপটি দিয়েছি গরম কপালে। …হাঁটু কেটে গেলে, ঘসে দিয়েছি গাঁদাপাতার রস।

ভোরবেলা ওদের চোখের কোনায় পিঁচুটি সরাই। …ঝুঁকে দেখি, গৌরবদের কালো চোখে ছায়াপথ। …সেই ছায়াপথের কথা, সেই আকাশগঙ্গার রহস্য শুধু প্রকৃতি জানেন।
সব চিঠিতে দু একটা পংক্তি সাজাই। গৌরব যখন ভয় পেয়ে তোতলাতে থাকে, আমরা বুকে হাত রেখে ছুঁয়ে থাকি ওদের হৃদস্পন্দন।

ছুটি

কদাচিৎ ছুটি আমাদের হাতে উপুড় হয়ে পড়েছে। শিশুরা জানে, ছুটি বলে কিছু নেই। কেননা, ছুটিকে তারা আলাদা করতে পারে না।

ছুটি আসলে সিঁদকাঠি। কতোগুলো বই আর মুক্তোদানার মত ঝরঝর রোদবোতাম সে ফেলে দিয়ে গেল কোলে। ঘুমের পাপড়িতে এঁকে দিয়ে গেল ছবি। নীল, মণিময়, বেগনি, গোলাপ, কাজল। ছুটি আমাদের ছাড়তে চাইত না। তাই সিঁদকাঠি রেখে গেল।

সকলে একদিন জানাল, ছুটি চলে গেছে। সন্ধ্যার দইওয়ালা বলল, তার কাছে ছুটির হদিশ নেই। নীলাকাশ চোখ আর সুরের মত ঠোঁট অমলকে খুঁজতে গিয়ে দেখা গেল, জলের ছায়ার শোকে সে মাতাল হয়ে আছে। আহা, দুঃখফুল এনেছিল যেই মেয়ে সেই ক্যামেলিয়া আজও কুড়িয়ে আনে ফুটফুটে শিউলি। শিউলির করুণ বুকে ছুটির পথ আঁকা ছিল।

আমাদের তখন মাতাল করে তোলে ছুটির লোভ। লোভের রঙ টসটসে সবুজ। হাওয়ায় দোলা আঙুরখেত। ভুবন ফুরায় না অটোর বগবগে মেঠো রাস্তায়। সে গল্প পানের ডিবে থেকে সুপুরির ছাঁচ কেটে জরদার ভুরভুরে আলো আর চুনের বোঁটা বেয়ে কুলকুল নেমে আসে পাহাড়ী ঝরনার মত। অবাধ অথবা অনিরুদ্ধ।

অনিরুদ্ধ কাজী নজরুলের ছেলের নাম ছিল। অনিরুদ্ধ-ছুটি বললে আমাদের গানের সঙ্গে সাদা পাঞ্জাবি এক লোকের শাদা-কালো ছবি ভেসে ওঠে, যার কোলে হাওয়াই গিটার। গিটার ছুটির খবর জানে সর্বদাই। দুই ঝুঁটি, তাজ্জব-চোখ আনাড়ি মেয়ে সামনে বসল। টুংটাং সুরের সাথে মন্দ্রিত অধীর পাখির আলোকিত উজান তাকে বলতে লাগল, তাড়া নেই, তাড়া নেই।

যারা ছুটির বাড়ি যেতে চাইল, তারা শূন্যতার চেয়ারে বসে, চশমা খুলে কপাল ভাঁজ করে বলল, এক তলিয়ে যাওয়া দ্বীপের নীলাভ জলকাচ নানা আলো ফেলে। ছুটি ওখানে থাকে। পাতালপ্রদেশে মোমবাতি-পাথর আর আকাশের ওপার হাওয়ার দুলুনিতে থাকে হিমবাহের কাছে। অনেক জাঁকজমক, অনেক চাহিদা মেয়েটার। ছুটির দিন আমরা সেখানে দাঁড়ালাম। অনেক ভীড় ছিল, সকলের হাতে ছিল মানচিত্র। পাহাড়ের পায়ের কাছে সরোবার। পাথরফেলা রাস্তায় আলো ঢলতে দেখি কেউ কোথাও নেই। একাকীত্ব। একাকীত্ব বেহালা বাজায়, একটু পয়সার জন্য। ছুটির হিসাব গুনে, পয়সা চুকিয়ে চলে গেছে আর সব। ছবি তোলা শেষ। পায়রা এসে খেয়ে গেল ছড়ানো রুটি। ছুটি থাকল না, শুধু ছবি তোলার বাক্সের নিচে পড়ে থাকল স্মৃতি আর স্মৃতি।

অনেক কিছু ভুলতে ভুলতে বড়ো হয়ে আমরা ছুটি চাইলাম কিনা জানি না। তবে সে এসে গেল ভোরের আজানের সঙ্গে একদিন। দরজা আধখোলা দেখে বলল, ব্রেড এন্ড ব্রেকফাস্ট হবে না, একটু ঠিকানা যদি পাই, ঠিকানা! সকালে উঠতে হবে। আমার কাছে অঢেল নুড়ি। দেখাব কাকে? সত্যজিতের ছবি আগন্তুকের কথা মনে পড়ে গেল।