তুষার দাশ: হেলেন ও দ্রৌপদী এবং অন্যান্য
চিত্রকর্ম:ভাসিলি কান্দিনিস্কি
হেলেন ও দ্রৌপদী
হেলেন ও দ্রৌপদী।
তাদের দু'জনার দু'টি হাত ধরে চলো আজ রাতে বলনাচ শুরু করি রুশীহীন ভীড়ে।
আমার দুঃস্বপ্নে কতো নির্জলা শুকনো শকুন উড়ে আসে।
তারাও আমার চোখে ঝুড়িভর্তি একরাশ দুঃস্বপ্নকে ছুঁড়ে দ্যায়—
আমি দেখি পৃথিবীর পূর্বপ্রান্তে টুপ্ করে সূর্যডোবার মতো দ্রৌপদী শব্দটিই ডুবে যায় মার্বেলের মতো নদীপারে ভেঙে পড়া
বড়ো এক মাটির চাঁইয়ের মতো
ডুবে যায় ডুবে যায় ডুবে যায়।
দ্রৌপদী শব্দটিই ডুবে গিয়ে
সারাজীবনের মতো একান্তে হারিয়ে যায়। অভিধান থেকে উড়ে উড়ে হঠাৎ তা মুছে যায়।
পৃথিবী হারিয়ে ফেলে দ্রৌপদীকে চিরতরে।
তার নাম ও নিশানা সব মুছে যায়।
তার কৃতি ও সাহসী ভূমিকা সব মুছে যায়।
নীলনদে ভেসে যেতে যেতে একদিন
প্যারিসের বাহু ছেড়ে সুন্দরের অভিজ্ঞান
হেলেন হেলেন হঠাৎ নৌকা গলে পড়ে যায় সাগরের কোন্ তলদেশে কেউ তা জানে না।
হেলেন হারিয়ে যায়, শব্দটিও।
তার সব মোহিনী কাহিনী,
তার বিশ্বকাঁপানো প্রেম,
অসুখী-আনন্দে যতো জাগরণ, যতো দিবানিদ্রা, যতো অভিশাপ, যতো মৃত্যু, রক্তপাত—
সবই হারিয়ে যায় জলে।
এভাবে হারিয়ে গেলে দুই দীপ্র, দীপ্ত নারী, যুদ্ধবাজ পুরুষের কেন্দ্রীয় নায়িকা—
চোখ খুলে আমারও তখন।
হঠাৎ মাটিতে আপেল-পড়া-আনন্দে আমিও লাফিয়ে উঠি। নিজেকেই বলি—
কেন নয়, এসব সভ্যতা আর পুরুষ-বিদীর্ণ-করা নাম হারাবার আগে চলো যাই রুশীহীন ভীড়ে আমরাও কয় পাক বলনাচ নাচি।
ভারতীয়হীন ভীড়ে কিঞ্চিৎ ছৌ-নাচ
এই যাত্রা নেচে নিই।
জানি না তো সামনে কী হবে?
২৬.১০.২১
হাততালি
কাউকে ডোবাতে হলে বেশ করে হাততালি দাও।
কাউকে ভাসাতে হলে তাও—
হাততালি, বিপর্যয়, হাততালি, অচেনা অসুখ—
তাতে কতো লিপ্ত ও ভংগুর ভংগিমা, অপমান, অসূয়া ও জিঘাংসার পার—
ভাবা যায় ভাবা যায়?
তুমি তো কেতকি চালে কৌতুকের সব ভারা নিয়ে
অপসৃয়মান এক নদীর কিনারে বসে কাঁদো— হাততালি পেলে—
সব জানি।
তবুও তো আসমুদ্রহিমাচল বেদনাবিধুর করে কাঁদো বিধুমুখী
অপ্রাপণীয়ের বেদনায় হাততালি
কোনো উপশম নয—
কেবল ইংগিতবাহী বাতিঘর যেন।
মৃতচোখ, তাকে তো উল্লাসগান শোনাতে পারে না।
আমি তাই হাততালি পেছনে ফেলেছি।
যেন কচ্ছপের গান, যেন জিতে যাওয়া—
যেন অতিমাত্রা চালাক খরগোশ আর তার দ্রুত উচ্চস্বর আপ্লুত ক্রন্দন।
২৫.১০. ২০২১
ফুল ও হৃদয়
এতো এতো শুভেচ্ছার বৃন্তে
গুচ্ছ গুচ্ছ এতোসব মনোরম জুঁই বেলী গোলাপেরা ফেসবুকে ফোটে—
দৃশ্যযোগ্য, স্পর্শযোগ্য কিছুতেই নয়।
সেসব গোলাপ ফুলে মুহূর্তিক চোখ হয়তোবা ভরে,
মন তো ভরে না।
একটি শব্দ কিম্বা ছবি দেখে, প্রতিদিন কোটি কোটি "হার্ট" পরস্পর উপহার দেয়, করে লেনদেন—
যাদের হৃদয় বলে কিছু নেই, হয়তোবা, তারা দেখি প্রতিদিন কথায় কথায়
হাজার হাজার লালনীল হৃদয় উজাড় করে দেয় ফেসবুকে।
এইসব লোক ভুল করে একটিও প্লাস্টিক হৃদয় বাতাসেও ভুল করে ওড়ায়নি কোনোদিন।
তারা খুবই সক্রিয়।
ফেসবুকে হৃদয় ওড়ায়।
০১.১০.২০২১
প্রকৃতি ও মাতাল
মাতালকে সংগে রাখো।
মাতালকে দেখে রাখো।
মাতালেরই সংগে থাকো।
তবেই না সম্ভব স্বয়ম্ভূ সৃজন
আর সৃজনী সংরাগে সব মেতে ওঠা
অনশ্বর পাখিদের দেবদারু উচ্চতার অনবদ্য সংগীত-গুঞ্জন-ঋদ্ধ হওয়া।
ডাঙার মাতাল ভাসে নীল জলে পদ্ম-বন্ধু হয়ে। তার কৌণিক সাঁতার দেখে মূর্ছা যায় মেঘের বল্লরী।
ঝরে পড়ে ঝড়হীন সন্ত বৃষ্টি সেজে।
অতলান্তে ঢেউ ওঠে, তৈরি হয় নানা দিক
নানা ভাষা-আভাসের দীপ্ত ক্যালিগ্রাফি।
মানুষ মাতাল হয়। প্রকৃতিও মাঝেমাঝে ভীষণ মাতাল হয়ে ওঠে। যেন খুনী।
প্রকৃতির খুনী চোখে চোখ রেখে
আমি দিব্যি শান্ত হয়ে যাই।
২৬.০৯.২০২১
কবি আর গণপতি
গণপতি কবির সহায়।
গণপতি লেখে। লেখে কবিও কিছুটা।
কবি লেখে মেঘ ও আকাশ আর বিদ্যুতের ভিন্ন অভিমান ও বিধান।
আমাদের কদর্যের সম্মিলিত চিত্ররূপ।
শকুন-উড়ান।
মানুষের ভবিষ্যৎ ভেঙে পড়া তুমুল কাহিনী।
এদিকে গণেশ লেখে মানুষের সন্তাপিত অসহায় জীবনের পাপ-খতিয়ান। ভুল।
পূণ্যহীনতার জ্বালা।
অসম্পূর্ণ অজ্ঞানের অজানা নাটক।
তার হেরে যাওয়া খুনের কাহিনী।
গালভরা আত্মহত্যা যাকে নাম দিয়েছেন ভাষাবিদ্—
নির্মম নিষ্ঠুর শব্দে চাপা দেয়া অন্যতর সত্য ইতিহাস।
গণেশের শুণ্ডে বসে কাকাতুয়া শালিক চড়ুই যতো ঠোকাঠুকি করে
তত তার নিমগ্নতা বেড়ে যায়।
পাশাপাশি সেও কি কিছুটা বিপন্ন ও অসহায় বোধ করে?
তাও খুব নিরপেক্ষ থেকে সিদ্ধিদাতা যাবতীয় ত্রুটি আর বিচ্যুতির খতিয়ান লেখে।
লেখে যতো অজাচার অসিদ্ধ কামের বিবরণ—
কবি ততো মুচকি হেসে তার পাশে
নির্বিকার ভালোবাসা শব্দটিকে এঁকে দিয়ে যায়।
অতৃপ্তিকে মাছরাঙা পাখির প্রতীক্ষা করে তোলে।
বিশ্বাসীর খতিয়ান,
কালি ও কলমে লেখা অজস্র বয়ান—
অনন্তর অবিশ্বাস্য মানুষের চোখের জলের স্রোতে
অবিরাম যায় ভেসে যায়।
১০. ০৯. ২০২১
