২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রোদিতি বিক্রি করে ‘খুমার’ এর গাঁজানো অমৃত

মোস্তফা সারওয়ার

Published : 27 Oct 2021, 12:43 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


(চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে, তার প্রতি উৎসর্গিত)

শুনেছি, ঈশ্বর পুত্র আলেকজান্ডার এনেছিল
বোনের এক অপরূপ ভাস্কর্য।
গঙ্গা-ধারীর ভয়ে পালাবার পথে
প্রিয়তমেষু বোনের ভাস্কর্য
তড়িঘড়ি ফেলে দিয়েছিল
ইরাবতীর পাড়ে।

শুনেছি, চাণক্য আর চন্দ্রগুপ্ত
গঙ্গা ডুবি করেছিল
সেই নিরুপমা ভাস্কর্য।

শুনেছি, যমুনার পাড়ে ডুবো চরে
বিরাজিত ছিল ক্ষণিকের তরে।
গুজব রটেছিল: মুরলী বাঁশিতে
সেই দিন নন্দলাল
তুলেছিল অদ্ভুত শৃঙ্গার।

হাজার বছর ধরে
যমুনার জলধারা বয়ে নিয়ে আসে
সেই সুরঞ্জনা ভাস্কর্য।
জীবনানন্দের হিজলের ঝোপে
শুনেছি, শোকার্ত পিতা 'জিউস'
সেই ভাস্কর্যে দিয়েছিল প্রাণের স্পন্দন।

এ সবই হয়তো গুজব
তথাপি হিজলের ঝোপে
ধানের সোঁদা গন্ধে
সবাই দেখলো
এক সুচেতনা আফ্রোদিতি।

সৌন্দর্যের অপার প্লাবনে
বিলেত পর্যন্ত কতিপয় বৃদ্ধের
হৃদয়ে দোলা দিয়েছে
রজনীগন্ধার তীব্র শৃঙ্গার।
খবরটা ভাইরাল হয়ে গ্যাছে …

শুনলাম, বাংলার কীটগুলো
উম্মাতাল নৃত্যে
নল খাগড়ার বনে
জমিয়েছে রিরংসার আদিম নাট্যম।

গুজবও হতে পারে
শুনলাম
আফ্রোদিতি বিক্রি কর্‌ছে
দ্রাক্ষার গাঁজানো অমৃত
অথবা 'খুমার' এর রস।