২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমিথিউস শুয়ে আছে কাফনের শ্বেতাম্বরে

মোস্তফা সারওয়ার

Published : 10 Oct 2021, 06:55 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


(ড. হারুন-অর-রশীদ এর মহাপ্রয়াণে)

কার্জন হলে নক্ষত্রের পতন হলো
বিডিনিউজ চব্বিশের শিরোনাম
হৃদয় বিদীর্ণ – চোখ মেঘাচ্ছন্ন
আট হাজার মাইল দূর থেকে
দেখতে পেলাম
প্রমিথিউস শুয়ে আছে কাফনের শ্বেতাম্বরে।

মনে পড়ে
জ্ঞানের প্রোজ্জ্বল শিখা নিয়ে
কার্জন হলের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে
ছায়াপথের এক উজ্জ্বল নক্ষত্র মুনি
আলো ছায়ার পৃথিবীতে
এনেছিল হিরণ্ময় অনিরুদ্ধ প্লাবন।

মনে পড়ে
তাঁর ঢাবির বাসভবনে
গ্রুনডিক প্লেয়ারে
প্রমিথিউস আমাকে শুনিয়েছিলেন
বেটোফেনের নবম সিম্ফনি
শিলারের ওড টু জয়।
অনাবিল আনন্দ

আজ কেন প্রমিথিউস শুয়ে আছে
কাফনের শ্বেতাম্বরে?
আজ কেন ফুলার রোডে
জারুল গাছের মর্মরে ধ্বনিত হয়
চায়কোস্কির বেদনা-রঞ্জিত
প্যাথেটিকার বিমূর্ত ক্রন্দন?

আজ কেন জ্ঞানের প্লাবন
স্তব্ধ হয়ে আছে?

আজ কেন প্রমিথিউস শুয়ে আছে
কাফনের শ্বেতাম্বরে?