দশটি কবিতা
ঈশ্বরগৃহ যাত্রা
প্রকৃত নোংরা এই সিঁড়ি, ঈশ্বরের কাছে আমি কীভাবে পৌঁছাই?
তিনি থাকেন উপরতলায়, এতটা উপরে যে সিঁড়ি ভেঙে ভেঙে
ক্রমাগত সিঁড়ি ভেঙে ভেঙে ঊর্ধ্বাকাশে চেয়ে দেখি
শূন্যোদ্যানের উপরে বাতাস
আরো ঝুলন্ত, আরো শূন্য, অমানিশা গিরিশৃঙ্গ যত উঠে পড়ি
ঈশ্বর ততই উপরে, উপরন্তু নোংরা রয়েছে সিঁড়ি;
যাবতীয় ভাষণের পাণ্ডুলিপি খসে খসে পড়ে
যাবতীয় মন্ত্রশ্লোক, ষড়যন্ত্রধ্বনি
যতই বাতাসে ভাসে যতই আকাশের দিকে উঠে যায় সিঁড়ি
ততই দূরত্ব বাড়ে, একে আমি কীভাবে ভ্রমণ বলি
বলি ঈশ্বরগৃহযাত্রা?
অন্ধ সমুদ্র সেঁচে আমি কোন ঈশ্বরের প্রাণভোমরাকে পাব?
রচিত গ্রন্থের পৃষ্ঠা পৃষ্ঠাময় অঙ্কিত বনভূমি গিরিশৃঙ্গদল
কেবলি নোয়ায় শির, অত্যুজ্জ্বল ঐক্য ধরে রাখে,
তাদের কপাট খুলে নিরাকার নিভূমে নেমেছে।
এখানে পাতাল সিঁড়ি অন্তহীন পত্রঢাকা পথ…
নিঃশ্বাস পাক খেতে খেতে
ট্রেন ছেড়ে গেল অনিঃশেষ স্টেশনে…
নিঃশ্বাস পাক খেতে খেতে মাঠ থেকে ব্রিজে—
অনতিদূরের বন চিত্রার্পিত, সঙ্গে যেতে চায়
বনস্থল থেকে আসে অর্থবহ বৃক্ষের নির্যাস
যেতে চায় তারাও, রোদ গড়িয়ে যায় গৃহস্থ সংসারে।
স্থবির, ট্রেনের হুইশল তার অন্তরাত্মা বাঁধে
আর উড়িয়ে নিয়ে যায় পলাতক হাওয়ায়।
থেকে গেল অযুত নিযুত কাল প্রোথিত প্রতিবেশে
চেনামুখ দেখে দেখে ক্লান্ত চোখ সঙ্গে যেতে চায়।
সহস্র পাখি মুখে তুলে নিয়ে যায় আস্ত এক মাঠ
শীর্ষ ব্রিজে অতঃপর ট্রেন থেকে অনন্ত পেছনে
মধ্যরাতে জেগে যায়, ক্ষীণধ্বনি সূক্ষ্মতর কাঁদে।
পিঁপড়ে ভোজ
এত বিষ পিঁপড়ে কোথা থেকে এল?
ঘুমের ভেতর ওরা সাজিয়ে এল চিতা
খণ্ড খণ্ড শরীর মুখে তুলে নিতে
ঘোষণার মতো এক মিছিল চলেছে।
সর্বস্বান্ত পড়ে আছি বিষজর্জর দেহে
পিঁপড়ে প্রপেলার কেন সেদিকে ঘোরে না?
প্রপিতামহের মুখ নিয়ে আসে,
নিবিষ্ট কাছে নিয়ে দেখি—
বৃদ্ধদের মতো মুখ, চোখে এন্তার পিঁচুটি
দাঁত সব পড়ে গেছে, তবে আর ভয় নেই,
সামান্য কামড়াতে পারবে না।
একবিন্দু পৃথিবীকে ছুঁয়ে
একদা ছুঁয়েছি বলে আজ এত দীর্ঘ দূরে আছ?
একবিন্দু পৃথিবীকে ছুঁয়ে দূরাগত নক্ষত্রের আলো
পাড়ি দেয় অন্য পরিধি, কাল কি কি স্টেশন পাব?
হৈ চৈ বাঁধাব সারারাত অতীন্দ্রিয় স্টেশনের কোলে
ঘুমবন্দি নিয়ে যেও দেহের কফিন, খুব ঘুম যাব।
একদা ছুঁয়েছি বলে আজ এত দীর্ঘ দূরে আছ?
স্বর্ণখণ্ড আঙুলেরা ছুঁয়েছিল প্রতিমার পিঠ,
প্রতিমারা প্রতিভার কাছে একবার উড়ে এসে
চলে গেছে বাস্তবিক দূরে, ঐশ্বর্য নগরে;
তাদের মাধুর্য নিযে তোলপাড় কবিতা বানাব
বিপন্ন রাত্রির পাশে নিয়ে যেও ব্যথিত বাগান।
শামুর বাড়ি
শামুরবাড়িতে বো-কাট্টা ঘুড়ির মতো চক্কর খায় মেঘ,
কেনো তরুণী মেঘের দোপাট্টা খুলে গিয়ে আঁটকে যায়
দূরান্তে গ্রামের নিশানা উঁচুমাথা গাছের চূড়োয়;
বৃষ্টি হয় বিধবার একপলক স্বামীশোকের মতো।
এই গ্রামে ধন্বন্তরী খাল ছিল কোমরের বিছা
রুপালি ঝিলিক তার ঐ পাড়ে অন্যমন্ত্র চরের সিথানে
পদ্মার বাদামি চরে বিকেলের বিস্কিট ডুবিয়ে
কেমন খাওয়া যেত, যুবতীর কেশগুচ্ছের বাড়ন্ত সহাস্যে
হোগলার বন আন্দোলিত যেন উড়ে আসা স্রোতে
পাখি ডেকে ওঠে দক্ষিণের ঢেউয়ের সঙ্কেতে!
শামুরবাড়িতে দিন ছিল গরাদের ভেতরে গরাদ
সর্বত্র ঐ ঘের, কেউ পা চালিয়ে হেঁটে আসে
দীঘলি বাজার থেকে, বলে আছি, নিজের পায়ের
মাপে যতটা হেঁটে নেই স্বাধীন, সচকিত উদ্ধারে।
অথচ শৃঙ্খল পায়ে শৃঙ্খলিত দিগন্ত ঘিরেছে,
রাতগুলো ওম পায় নক্ষত্রের মিয়ানো আলোয়।
সন্ত্রাসের ভূত নামে, দিগন্ত মুড়ে আসে বিপন্ন ডানা
চোখ মুঁদে দেয়, জোড়া জোড়া দম্পতি জেগে থাকে
অন্য কাজ পড়ে আছে, বীজ বোনা হয়ে যাক আগে
পলিতে গর্বিতা এই মাটি আর মায়েদের দেশে।
স্বর্গীয় ব্লাকআউটের রাতে ফেরেশতাদের জঙ্গি বিমানগুলো
পায় না খুঁজে শামুকের ভেতর গুটানো ঐ গ্রামের নিশানা।
এই গ্রাম বাংলায় হাজারো আরো বেঁচেবর্তে আছে
অজ্ঞতায় অবজ্ঞায় সূর্যে ও অসূর্যে টিকে আছে
অথচ রুপালি সখ্যে জ্যোৎস্নার দিকে ঝুঁকে আছে
বুকের কাছের কলসিতে অপরূপ পদ্মাস্রোত ভরে।
শহর দখলের পূর্বলেখ
বাঁধরাস্তা থেকে নেমে গেল চারজন গ্রামমুখো মানুষ
মিয়ানো আলোর ভেতর তাদের তেরচা শরীর
সুস্পষ্ট বাঁকালো
দূরে কুয়াশা আর তোরসা একাকার।
বালি, ঘাস আর মাটির জুড়নে যে মাঠ
তারা সেই মাঠের ভেতরে গিয়ে নামে,
একটি সরলরেখায় দাঁড়ায়।
অস্পষ্টতার ভেতর বিলীন সাদা পথ,
ওরা সেই পথের শরীরে নামে, সাদা ও সরল।
কয়েকটি স্থির বাতি-খেয়াঘাট;
একটি চলমান আলো-নৌকা;
ওরা কি পেরুচ্ছে সেই নদীর উঠোন?
এইমাত্র নেমে গেল কারা ওরা গ্রামের জমজ?
কাল কাকভোরে মাঠ হতে কেটে নেবে অঘ্রাণের ধান,
স্ব-রমণীর উত্তাপের ভেতর চলে গেল চারজন যুবক,
সন্তানের করতাল কোলাহলে আপ্লুত চারজন জনক।
ওরা কি আসবে ফিরে এই শহরে আবার?
'আসব তোমাদের শহর দখলে', বলে গেল
গ্রামের চারজন দৃপ্ত কৃষক।
বই মেলায় এক সন্ধ্যায়
বইয়ের স্তূপের উপর অতঃপর স্থির হয় পাখি
ধূলির পাখার স্তর, চূর্ণকাচ খুলে খুলে পড়ে
কাঁকন কাহিনী তার তামাশার শীতার্ত প্রভাতে
অতিদ্রুত মেলেছিল পরীর শরীর, আর মৌনযৌন বাঁক
বইয়ের স্তূপের উপর অতঃপর লিপ্ত হয় ঠোঁট।
মেধার বুনন শোক, পূর্ণচাঁদ ঝুলে ঝুলে নাচে
কোমল কাব্য তার কোমরের আর্তময় বাঁকে
বিদ্যুৎ উদ্ভাসিত রেখা শব্দের সোনালি সড়কে
অতি ফর্সা ঊরুর উপমা দিগ্বিদিক ছুটন্ত হরিণ
বাঘকেন্দ্রে দ্যুতিময়; বইয়ের স্তুপের উপর
অতঃপর তপ্ত শোয়া-বসা।
তখন সমস্ত ফুল
তখন সমস্ত ফুল বসন্তেই দেখা দিত বাড়ন্ত ডোগর
মস্তবড় ভুল করেও তাকাত উদার,
উপমেয় সমস্ত আকাশ থেকে পেড়ে ফেলা তারা
ফলসা গাছের নিচে গুটিশুটি তারাশয্যা পেতে
তাদের মুখের সারি গ্রীবা ধরে দেখাত প্রীত।
অনুমেয় ফুলদলে খুনসুটি খুব করা হতো;
বসন্তমকালের রীতি তারাফুলে ঢাকত বাগান
অনেক যুবতী গায়ে উহাদের ঝলমলে পোষাকের ভেতর
ঢুকে পড়া ফুলদের সাথে কথা হত।
সম্ভ্রান্ত আকাশ থেকে সান্ধ্যভ্রমণে বেরিয়ে
অদ্ভুত ফুলকাঁটা রশ্মিজাল গায়ে জড়িয়েছি
গায়ের জড়িমা ঘেরা তারাভরা সান্ধ্য আকাশে।
হাওয়াতাড়িত দূতী
বিমানে সকলে যায় হাওয়াতাড়িত
মেঘের কার্পেটে তারা ঘসে যায় পাঁ
বালখিল্য পাহাড়েরা লুকাতে চায় গা
পৃথিবীর নদীরা নিচে ঐশীরচিত।
বিমানবালার ভারি দৃষ্টিগ্রাহ্য স্তনও উঠে যায়
ট্রপোসফেয়ারে, দূরে আন্দালুসিয়া নিভু নিভু
হতোদ্যম রানওয়ে ছেড়ে হাঁপাতে হাঁপাতে
ভাঁজ করা পাখাদুটি হঠাৎই মেলেছে।
আকাশে কেন চড়ি, কেন ঘুরি ঘড়ির কাঁটায়?
গোত্তা খেয়ে নেমে আসা ঘুড়ির চক্কর
কাপের প্রান্তে ঠিক ধরে রাখে প্রশান্ত সাগর
বুটিদার দ্বীপদের সঙ্গকামী ঘর।
বিমানে সকলে যায় হাওয়াপ্রেরিত
স্বপ্নবুঁদ মখমলের পাশে গিয়ে বসে
বিপুল সমুদ্রপাশে সখীদের স্ফূর্তিময় স্নানে
যোগ দিতে লিফ্টের মতো নেমে আসে।
মুখরতাপ্রিয় সব দর্পণের থেকে
মুখরতাপ্রিয় সব দর্পণের থেকে
প্রতিবিম্ব সরে যেতে থাকে—
দ্রুত সঙ্ঘবদ্ধ হলো কাচের শরীর।
ভেঙে বৃন্ত, বৃত্তের সসীম বধির
অধীর যৌবন তার বুকে চেপে রেখে
পথের সোমত্ত রেখা উপচানো ফ্রেমে।
উৎসের পারদ নগরে দ্রুত পরিশ্রুত হৃদে
অপসৃত হলো সারা মেধার আকাশে।
সুনির্মাণ দেখেছিল আর্যাভার্যাদল
চন্দনগন্ধী ফ্রেমে অতিমত্ত রতির পরাগ
প্রাণের প্রতিভা নুয়ে আয়নার সাধ্যাতীত হাতে
দর্পণের সাধ্যাতিরিক্ত করতলে—
দ্রুত অন্তর্হিত হল পরীর শরীর!
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
