২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মল্লিকা ধর: মাত্রান্তর

মল্লিকা ধর

Published : 23 Jul 2021, 09:38 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


চিত্রকর্ম: শিল্পী জর্জ ব্র্যাক
সূচনাবিন্দু থেকে প্রথম পূর্ণসংখ্যার দিকে যেতে যেতে
অর্ধপথে আটকে গেল সাবিত্রীবালার আঁচল,
সর্পিল ঘোরানো সিঁড়ি তাকে টেনে নিল
গহীনের আলো-অন্ধকারে।

কুচি কুচি আলো আর কঠিন অন্ধকারের
সুড়ঙ্গের মধ্যে তলিয়ে যেতে যেতে
সাবিত্রীবালা ভাবল-কোথায় যেন একটা জানালা ছিল,
সেই জানালার বাইরে ছিল এক বকুলগাছ-
বৃষ্টির দিনে রাণীর মত সাজত সে,
বৃষ্টিকণার হীরেমুক্তোয় হার, কঙ্কণ গেঁথে।
অন্ধকারের মধ্যে সাবিত্রীবালা
সেই জানালাটা খুঁজতে লাগল,
জানালার বাইরেই যে সেই অনন্ত বকুল !