২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলতেকিন খান : পুড়ে যাক

গুলতেকিন খান গুলতেকিন খান

Published : 15 Jul 2021, 04:32 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


পুড়ে যাক

আগুনে পুড়ুক ওরা, মিটে যাক আরো কিছু ঋণ।
গৃহস্থের দায়-দেনা, সেদ্ধ আলু, সানকিতে নুন,
ভিটে মাটি গেছে ধুয়ে আদিকালে দাদার আমলে
কী আর এমন হবে, বৃষ্টি হবে টাকার আগুন।

আমরা শোনাবো গান, ছুঁয়ে যাবো ধৈবতে তান:
থামুক হারিয়ে মাকে উন্মুল মেয়ের আওয়াজ;
যোজনা চলবে ঠিক দশকের, বার্ষিকি কেতন,
মেয়েটির কানে শুধু থেমে যাবে ঐ পাখোওয়াজ।

পুড়ুক স্বপ্নগুলি, প্রতিবেদনের ভারে ভেঙে যাক
কেদারা যত আরামের, ভেঙে যাক ঐশী টেবিল
কতটুকু কার দায় নিবিড় বিশ্লেষণে শতবর্ষ পর,
তীর্থ শেষে পূণ্যস্নাত হয়ে যাবে নারায়ণী চিল।

১১ জুলাই, ২০২১