সৌম্য সালেক-এর দুটি কবিতা
বুনো স্বপ্নের গ্রাফিতি
গত রাতের স্খলনের শ্রান্তি এখনও চোখেমুখে। বিরক্তিকর শব্দে কলিংবেল বেজে চলেছে। কোমরে কাপড় জড়াবার ইচ্ছেটুকুও নেই এ মুহূর্তে। ঘুম জড়ানো চোখে লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকিয়েই মুহূর্তে তার চোখের শ্রান্তি উবে গেলো। দরজার ওপাশে সংক্ষুব্ধ কামিনিরা রাগে গো গো করছে। ওদের অভিসন্ধি বুঝার সামান্য সময়টুকু অপচয় না করেই সীমাহীন সন্ত্রাসের শঙ্কায় দ্রুতবেগে জরুরী নির্গমন পথের দিকে সে পা বাড়ালো ।
প্রতিটি ঘৃণা থেকে জন্ম নেয় একেকটি বারুদের ছেলা, প্রতিটি বঞ্চনার ঘায়ে সে জ্বলবেই!
সারাদিন অচেনা পথে পথে ঘুরে দিনশেষে ফিরে সে পুরনো সজ্জায় ।
চোখজুড়ে ঘুম এলো এবং স্বপ্নে এলো গোলাপী সন্ত্রাস!
দু'জন হাসতে হাসতে দেহের বিভিন্ন স্থান খুচিয়ে চলছে, হাসি-হল্লার মাঝখানে নীলিমের চিৎকার সে নিজেই শুনছে না! বাকীরা উষ্ণ রক্ত ঢেলে মিহিসুরে গান তুলে দেহের ভাঁজগুলো ধূয়ে নিচ্ছে! তাদের ঘাড়, স্তন ও বক্ষসন্ধি ছিল উৎক্ষিপ্ত যৌনজারকে অপরিচ্ছন্ন!
এখন খুনসুখী কামিনিরা মেতেছে জখমে–
একি ঘুম না জাগরন সন্ত্রস্ত চোখদুটো কিছুই ঠাওর করতে পারছে না!
টিকাটুলির মোড়ে
'এই সময়ের বুকে ক্ষত জমে আছে, শহরের বুকে ক্ষত জমে আছে, কিছু দেখি কিছু দেখতে পাই না'
মৌসুমী ভৌমিক
প্রতিদিন ধাবমান সন্ধ্যায় মানুষের ভিড়ে ফাঁকে ফাঁকে ওরা ফেলে যায় কোমরের তালহীন দোল,
লাল ঠোঁট– হাসি হাসি আহ্বান, কারো লাগে বুকে, কারো-বা জ্বলে চোখ–
ফুলের গন্ধসুখে এগিয়ে আসে কেউ কেউ, অদূরে ফুলের দোকান !
দোকানের সব ফুলই নিষ্ফলা, তবু প্রেমের অর্ঘ্যরূপে ফুলগুলো বিকোবে এখনি–
ফুল জানে বাসর সাজাতে–
নিবেদনে অন্দরে-বাহিরে এ-ফুল ছড়াবে মৌতাত !
ফুলের মূল্য আছে, উচ্চ-আসন আছে, ফুল দেখে নেমে আসে ঊর্ধ্বমুখী চোখজোড়া।
বাহারি রঙের ফাঁকে হেসে হেসে যেসব রমনী করে বেদনার-গ্রন্থনা
ফুলের দোকানে ওরা বিকোবেনা কোনোদিন
আলো করে বসবে না বুকের দক্ষিণে কারো!
উন্মাদ পুরুষেরা এসব কখনও দেখে না
ধাবনের ভার ছুটে গেলে– খাপ ছেড়ে অবসন্ন প্রাণব্যাপী দেয় ওরা মৃতঘুম!
যাদের কর্ম আছে, জ্ঞানদীপ বয় যারা দিনরাত
তাদের ভাবনায় শুধু থেকে যাবে নগরের পথ ও প্রাচীর !
পথপাশে কে কখন খুন হলো কামে-ঘামে
দীঘল জোসনা ক্ষয়ে পতিত রমা'র ঠোঁটে ঝরবে বেদনা
সেই ব্যথা কারো ভাষে পাবেনা অক্ষর !
প্রেমের উষ্ণ ছোঁয়া জাগাবে-না ওদের হৃদয়
তাদের সাথি শুধু ঘাস, ঝিঁঝি আর জোনাকির অশ্রু-নিশুতি!
সবল পুরুষের নিচে চাপা পড়ে কোনও এক করাল-নিশিতে ব্যথিত কপোল যাবে দেবে
সকালের সোহাগী আলোক এসে কোনদিন বসবে না মলিন চিবুকে
একটি ঘরের-কোন্ সদর-আঙ্গিনা স্বপ্নই থেকে যাবে আমরণ!
বন্ধ্যাভূমির মতো সারি সারি অসুখী লোকেরা মাড়িয়ে যাবে এই পথ
একটি দামাল চাষি এ কাদায় লাগাবে না ফলের লাঙল!
