২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার মাসুদ: জল ও জানালা এবং অন্যান্য

সরকার মাসুদ সরকার মাসুদ

Published : 03 Jul 2021, 11:24 AM

Updated : 23 Jun 2022, 03:57 PM


জল ও জানালা

জল ও জানালা দুই আপাতপৃথক ছবি
কিন্তু একটা গোপন সুতা মিলেছে দুয়ের সাথে
প্রকাশ্যে বিরোধ, অপ্রকাশ্যে ট্যুরিস্ট মেঘ
রঙ বদলায় নিঃসঙ্গ জানালায়
ওই মেঘপুঞ্জ ধরা পড়ে সুস্থির জলে !

গাছগাছালির শব্দে সচেতন ভাবুক জানালা
ভেতরে কপাট খুলে দেয় …
নিসর্গ দেখার ছলে
কিছু লোক জলে ডুবে খোঁজে ঘুম !
বুঝি তার গ্যুঢ় যোগাযোগ তার মর্মকুহেলী
জলের নেপথ্য সুর
প্ররোচনা দেয় দূর জানালার গোপন ইচ্ছাকে !

তন্ময় চোখ বোঝে বোবা জলের ভাষা
পর্যটক-হৃদয়ের ভালোবাসা বোঝে গাঙচিল
জল ও জানালা দুই আপাতপৃথক ছবির রহস্যে
আলোকিত হয় সাঁকো , সন্ধ্যার মেঠোপথ…

নিস্তব্ধতা

মৃদুমন্দ হাওয়া নিস্তব্ধতা বহন করে চলেছে
পাহাড়ের খতের ওপর দিয়ে ,
মানুষের আশাবিলাস আর টানাপোড়েনের
ভেতর দিয়ে বইছে ঝিরঝির হাওয়া ,
মহাশূন্যে ভেসে থাকা পাথরখন্ডগুলোর
পাশ দিয়ে বয়ে চলেছে মহানিস্তব্ধতা …
অন্যমনস্কতার সুড়ঙ্গপথে তার যাওয়া-আসা !

এই অশেষ শান্ত স্তব্ধতা একদিন
ঘুমিয়ে পড়বে ভুবনডাঙার বাঁকে
আর তখন আমরা জেগে উঠবো
গোলাপের নির্লিপ্ত চাহনির ভেতর !

মনে রেখ

দুঃস্বপ্ন এমন … কেউ কবর খুড়ছে
কেউ অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছে নিচে
অথবা ভিড়ের ভেতর হারিয়ে ফেলেছে প্রিয় শিশু
কিন্তু তা বাস্তব নয়, নিছকই স্বপ্ন
তাই আমরা ঘুমভাঙা মনে
কিছু সময় বিহ্বল বসে থাকি মধ্যরাত্রির বাঁকে!
শিশুদের আগলে রাখার প্রয়োজন
টের পাই অশুভ সকালে
নিজেকে প্রশ্ন করি, কীভাবে সামলে রাখবো
শরতের জলছবি?

কে তোমাকে বলে দেবে জীবনের রণকৌশল?
আপদবালাই আর শেষ নিঃশ্বাসের কথা
ভাবা যাবে না
রাস্তার মাঝখানে শিঙঅলা ষাঁড় দেখে
পিছিয়ে আসার কথা ভাবা যাবে না ,
মনে রেখো
দুঃস্বপ্নে মরে গিয়ে বহুবার বেঁচেছে মানুষ।

তুমি

স্হির একাকিতার পথ ধরে তুমি আসো
রাত্রিচর হাওয়া আনে নিহত বাঁশির স্মৃতি
মধ্যরাতে কড়া নাড়ো হৃদয়ের তুমি!
সামান্য জানালা থেকে যতটুকু চোখের আকাশ
তুমি ততটুকু । তার বেশি আশা করে
তোমাকে দূরের করে দেব অতটা নির্বোধ নই

ঝিনুকের পেটে মুক্তা যতটুকু সম্ভাবনা
তুমি ততটুকু নও
তোমাকে পেছনে রেখে উড়ে যায় ধূসর ঈগল!

জমে থাকা জলে চড়ুই পাখির স্নান
কতো দামি তুমি বুঝবে না ,
তুমি কী জানবে বলো মাঠ ও মেঘের দূরত্ব !

ভাবুকের প্রিয়তমা
তোমার চাইতে কিছু বড় আলো-ছায়া ।

ইচ্ছে হলে

আয়না অনুরোধ করে , সামনে দাঁড়াও
আমার কিন্তু একদমই ইচ্ছে করে না
নতুন কেশোদ্গম দেখে নব যুবতীরা
যেভাবে খুশি হয় , মনে-মনে হাসে
আমি কি তেমন করে মনোভাব দেখাতে পারি ?
বরং একটা কবিতা যখন ফুটি-ফুটি করে
তার কথা ভেবে চুপচাপ বসে থাকতে পারি

কতো দিন কত অবান্তর ভাবনায় ভেসে
চলে গেছি নিরুদ্দেশে
কতো বৃষ্টিবিদ্ধ পাখি উড়ে এসে পড়েছে হৃদয়ে
ঠান্ডা মাথায় আজ সেই সব কথা ভাবি ,
পানির বুদ্বুদ উঠে মিশে যায় আমার মাথায়
আমি দাঁড়াই না আয়নায়
দাঁড়ালে দুঃখের মতো নমনীয় হয়ে যেতে পারি
বরং ইচ্ছে হলে
পুকুরের স্বচ্ছ জলে প্রতিবিম্ব দেখবো আমার !