সাবরিনা চৌধুরী: রোদপকেটে কয়েক টুকরো আকাশ
রোদপকেটে কয়েক টুকরো আকাশ
তুমি ভেবেছিলে
আমাকে অল্প আঘাতে
ভেঙে ফেলা যায়,
চোখের কার্নিশে লেপটে
দেয়া যায়
আলকাতরার মলাট।
কিন্তু আমাকে চোখের কাজল করা যায় না,
কলমের কালি করা যায়।
তোমার প্রতিটি শব্দের ভেতর
জমা রেখেছিলাম রোদপকেটের স্বপ্ন।
তুমি অনেকটা পথ হেটেও
তা বোঝো নি।
কতোটা মুক্ত আড়াল হয়েছিল ঝিনুকের প্রদাহের মাঝে,
তার খোঁজও তুমি রাখো নি।
আমাকে তোমার বারান্দা করতে চেয়েছিলে,
কিন্তু একটা ঝুলন্ত ব্রিজকে কখনো ব্যালকনি করা যায় না।
বারান্দায় পাখিরা আসে, কিন্তু ঝর্ণার মতো হাসে না।
ওরা হয়তো একটু বসে,
কিন্তু পুরো আকাশ দেখে না।
ভেবো না,ব্যালকনি না হতে পারলেও আমি তোমার ঝুলন্ত সেতু হয়েই থাকবো।
তুমি তার উপর দিয়ে উড়ে যেতে পারবে,
ডানা ঝাপটাতে পারবে।
দু,দণ্ড জিরিয়ে নিতে পারবে।
কিন্তু ঘর বাঁধতে পারবে না।
বৃষ্টির উপর ঘোড়া চাপিয়ে
কখনো তুমি দেখবে আমাকে,
আমি দেখবো মেঘ হতে
নেমে আসতে চাওয়া
কয়েকটুকরো আকাশ।
কমলা রঙের সকালগুলো
দিব্যি ভালো আছে মন,
তোমার দেয়া কমলা রঙের সকালগুলো
এখন আর বিরক্ত করে না।
ড্র্যয়ারে পরে থাকা মোবাইলটা,
হাত-পা মেলে বরফ ঘুম দেয়।
দুটো কানের অপেক্ষা
তাও যেনো শেষ হয় না,
এই বুঝি ফোনটা এলো
তবে অনেকগুলো আড়ি পেতে থাকা দিনগুলোর মাঝে,
ফোনটা প্রভাতবেলায় কেঁদে ওঠে নি,
উষ্ণতায় জন্মানো নিরাবেগগুলো
উবে গিয়ে মেঘ হয়ে মিশেছে গারো পাহাড়ের দেশে।
তোমার শব্দমালিকারা
বেঘোর বিলাসে হেঁটে বেড়িয়েছে আমার চারপাশে।
জীর্ণ দেয়ালের শৈবাল হয়ে,
চুপচাপ দাঁড়িয়ে থেকেছি,
যদি কখনো ভুল করা রিং টোনটা চেঁচিয়ে কাঁদে,
আমি কেমন আছি!
তখন আমি জানিয়ে দেবো,
তোমার না ছোঁয়া সকালটাতেও
মনকুমারী ভালোই আছে।
