সাইফুল্লাহ মাহমুদ দুলাল: গাছপান
চিত্রকর্ম: রশিদ আমিন
ডংরি আর তেরেনা এক বিছানায় ঘুমায়, ভিনদেশে।
অতীতের মতো বর্তমানও কি একটা ভিনদেশ?
দু'জনের বুকেই স্বদেশীয় হিন্দি এবং স্প্যানিশের ঘ্রাণ
ছাড়াও মুখে প্রদেশিক মাতৃভাষা-
-ডংরি, তেরেনা।
তারা ভালোবাসে, এক সাথে গ্রন্থিত তাদের জীবন
তারা সেক্স করে তৃতীয় আরেক ভিন্ন ভাষায়
তাদের ভাষান্তরে বেরিয়ে আসে-
অনূদিত ফুটফুটে ফুল!
ফুল ফুটে সৌন্দর্য ছড়ায়, সৌরভ ছড়ায় বিদেশি বাতাসে।
এক সন্ধ্যায় ভারতে-ব্রাজিলে ব্যাকহোমে যখন ফিরে
তখন ডংরি আর তেরেনার অস্তিত্বের প্রদীপ বিলুপ্ত!
আর অপেক্ষারত মা
বাড়ির পেছনের সাজনা গাছের ছায়ায়
পূর্ণদৈর্ঘ ঘুমে শায়িত, শান্ত- মৃত বর্ণমালার মতো।
স্বজন সাজনা গাছ জড়িয়ে কাঁদছে একটি গাছ পান!
টরন্টো, জানুয়ারি ২৩,২০২১
