কোনো এক বিজয় দিবসে
ধুলায় লুটিয়ে আছে সেই শঙ্খ যা একদিন চিরে দিয়েছিল
ধূমলপাটল এই মুমূর্ষু আকাশ
কিন্তু কী আশ্চর্য আমাদের চোখে এক ফোঁটা জল নেই, একটিও স্ফুলিঙ্গ নেই!
অন্ধকারে মুখ গুঁজে আছে হতমান জয়স্তম্ভ
যা একদিন ভূলোক ছাড়িয়ে ছুঁতে চেয়েছিল দ্যুলোক
কিন্তু আমরা একবারও বুক চেপে ডুকরে উঠছি না
একবারও ফুঁ দিচ্ছি না মরচেপড়া বিষাণে!
কলজের মধ্যে লাল পেরেক, শূন্যে তাকিয়ে আছে নিশ্চলা সেই বিধবাদের গ্রাম
যেখানে একরাতে শূল্যবিদ্ধ হয়েছিল সব পুরুষ
কোল থেকে জলাভূমিতে ঢলে পড়েছিল জুঁইফুলের গন্ধমাখা সব শিশু
আর ধাবমান বর্বরদের বাহু থেকে খসে পড়া যুবতীরা
ঝাঁপ দিয়েছিল তলহীন গনগনে কূপে
অথচ সেই বিরান ভস্মাধারে আজও কেউ ভুলেও দেয়নি
একটি কি দুটি বনফুল।
হত্যাপুরিতে যারা বেঁচে থেকেও বেঁচে নেই সেই ত্রিকাল পেরোনো ভর্তৃহীনারা
এখন মরামাঠে খুঁজে ফিরছে পড়ে থাকা দু-একটি ধানশীষ
কিন্তু হায় আামাদের পাথুরে চোখ একটিবারের জন্য ঝাপসা হচ্ছে না !
অলিগলিজুড়ে এখন বিরূপাক্ষ প্রেতাত্মাদের ছায়া
ভরদুপুরে দরজায় টোকা দেয় অন্ধ কালপুরুষ
শহরের মোড়ে মোড়ে বিষবৃক্ষের ঝাড় পেঁচিয়ে আছে উদ্যত শীষনাগ
আলো-আঁধারিতে হঠাৎ অভিশাপের মতো ঝরে পড়ে আততায়ীর ফিসফাস
চারদিকে শুধু খড়গের ঝিলিক আর খণ্ডিত কবুতরের লাশ
চোখে চোখ রেখে অহর্নিশ চেয়ে থাকে বধ্যভূমি।
পাতালগামী এই দ্বারকায় আমরা আর ভাই কিংবা বন্ধু নই
কেউ অন্ধক কেউবা বৃষ্ণি
বুকজুড়ে শুধু অবিশ্বাস আর ঘৃণা।
বলো, আবার কবে আকাশে উড়বে আমাদের জয়ধ্বজা?
