আহমেদ স্বপন মাহমুদ: গুলশান
এই যে গুলশান
থামেন
আপনার বুকে
রাত্রি নামে কেন।
এত এত ভেঁপু, হুইসেল
যন্ত্রদানব
এত লাফালাফি
চঞ্চল চলাচল
দৌড়ঝাঁপ
দোলাচল
করেন
কে কোন রাস্তা
ধরেন
কত কথা বলাবলি
বলেন!
এই যে গুলশান
এত অন্ধকার কেন
অলিগলি
মধু ও মক্ষিকা
একি চক্রিকা
চলিতেছে বক্রিকা
যে যার মতো
কারো যেন কোনো হুঁশ নাই
দোষ নাই
এ কেমন বলেন!
বরং চলেন
প্রেমের ঝুমুুর পরে আসি
গান ও বাদ্য করি
পান করি, স্নান করি
অভিমান ধরি
অযথাই
বেদনার বেহালা বাজাই।
আপনি সবই পারেন
হাসেন, কাঁদেন
বিনা সুতায় মালা বাঁধেন
উড়েন, ঘুরেন
কিছুটা কী নিজেও পোড়েন
তারপর পোড়া পোড়া মাংসের
গল্প জুড়েন
এই যে গুলশান
আপনার রাস্তাগুলো
এত সুনসান
কত গুণগান
মুখে
খই ফুটিতেছে
ফুল ঝুটিতেছে
কত মাথা কুটিতেছে
আর হাসি হাসি
বাদ্য
বাজিতেছে
কেউ কেউ কান্না
রাঁধিতেছে
বলেন
আপনার বুকে
অন্ধরাত্রি নামে কেন!
অনেক গল্প
ধরেন
এক কলাগাছ ছিলো
কিংবা আছে এখনো
আমাদের বিকিনিগুলো
তাজা তাজা ঘ্রাণে
সুবাসিত
কুসুমিত চঞ্চল
রোদে ভাসিতেছে
তারা হাসিতেছে
কেউ ভালো বাসিতেছে
আর আপনার
বনাঞ্চল ঘিরে যত প্রেম
আর যত হেরেমখানা আছে
কার কাছে, কার কাছে
এ হৃদয়ের দেনা
একটুও শোধ হবে না
নাকি কোনোদিন
কেবল আকাশে
ঘুড়ি আর উন্নয়ন
উড্ডীন
তারপরও
হতে পারে ঝুমুুরের গান
আপনি আপনমনে
বেদনবেহালা বাজান।
এই যে শুলশান
দাঁড়ান
এত সুনসান
শানশওকত
রূপনহর
কোন বহরে যাবেন
ভাবেন
কত ভাব ও ভাবনা
চারদিকে উড়িতেছে
কেহ কারো জুড়িতেছে
অন্তর
কেহ ঝুড়িতেছে
মালপানি
আর কত কানাকানি
মানামানি
হানাহানি
গণতন্ত্র
চলিতেছে
নগড়জুড়ে
চলেন ঘুরি
প্রজাপতির মতন ওড়াউড়ি
করি
কী বলেন
চারপাশ
এত অন্ধকার কেন
কেবল হাঁসফাঁস!
তবুও সবকিছু চলে
করোনাকালে
কত গাছ মরে গেল
ফুল না দিয়ে অকালে
আজ সকালে উঠে
দেখি মন নাই
সে-ও কী দিল উড়াল
কত চামুণ্ডা-চারাল
মাফিয়া-লুটেরা
ট্যারা ট্যারা চোখে
তাকায়া আছে
পরের ঘরে মাখন ঘি
সবই আছে
পাছে কেউ কিছু বলে
উচ্ছ্বল ঢেউয়ের মতন
সেই ছল
কতজনে রাখেন
কিছুটা বাঁকেন তো দেখি
মেকি মেকি সেইসব প্রচ্ছায়া
চকমকি করলেই সোনা হয় না
জানেন
এবার কিছুটা মানেন
অনেকতো হলো
হুলোগুলো দৌড় দিলো
দৌড়াক
যাক ঘুচে যাক
জরামৃত্যুভয়
আসমানভর্তি
প্রেম-প্রেম অভিনয়
কতজনে জানেন
এবার মানেন
সত্যব্রত
অবিরত বেদনার লাভা
হাবাগোবা
তাই বলে
সুভাগা হলে
জলেস্থলে বেজে যাবে
বেহালার অতল সুর
এধুর-মধুর কণ্ঠ যার
প্রেমের পরিখার নিচে
কে নাচে, কে নাচে
ভরা বর্ষায়
চিত্তাকর্ষায়
তাজা পানির লাহান
কলকল রোদন
আমাদের বোধন শক্তি নাই
তাই যারপরনাই
ধরিমরিপড়ি
ধুরমার করি
প্রেমে পড়ি
প্রেম করি
মরিমরি
আহা সোনাভান
এইযে গুলশান
আপনি কই যান
ঝুমুর পরে আসেন
জোরে হাসেন
আর গানটান গান
কামান দাগান
আপনার বুকেই তো
হোলি আর্টিজান!
হৃদয়ে রক্ত মাখান
যার বুকে যখন-তখন
নিজেরে আঁকান
হয় নাই বলা
কত ছলাকলা জগতে ঘুরে
মন নিয়া কত মন যথাতথা উড়ে
উড়ুক নদীর বুকে যত খুশি পাল
বুকে জল নাই নদীর আকাল!
কী যে অসহায়
নিরুপায় বেঁচে থাকা
আপনার মুখের মায়ায়
আমার সর্বনাশ আঁকা।
থাকুক বিনাশ আঁকা
থাকুক চিত্রকলা
যে কথা মর্মমূলে
হয় নাই বলা
এই যে ধরেন
নীলখামে চিঠি
প্রেমনামে পড়েন এবার
চিঠির ভ্রুকুটি।
