ব্যক্তিগত শোকগাথা, অগ্রজের মৃত্যুতে
তোমাকে খুব বেশি পড়া হয়নি
যেভাবে বিদগ্ধ অগ্রজ ও বন্ধুরা পড়তেন
পদ্ধতিগতভাবে, তোমার বইয়ের সম্ভার সাজিয়ে
তবুও হাত ছিটকে প্রায়ই তুমি চলে এসেছো হাতে
একটুকরো চকমকি পাথর
অথবা হঠাৎ একঝলক ঝকঝকে রোদ্দুর
তোমাকে খুব বেশি জানা হয়নি
যেভাবে আশেপাশে অনেকে জানতেন
তোমার জীবনের প্রতিটি কাহিনি
প্রতিটি পদক্ষেপ যাদের কণ্ঠস্থ
অনেকে হাত ঝাঁকিয়েছে তোমার সাথে
অনেকে বিদেশের কফি হাউসে কাটিয়েছে তোমার সঙ্গে সন্ধ্যা
তাদের চোখে তোমাকে দেখার ঘোর
মাঝখানে অঘোরপন্থী আমি বসে থাকতাম যেন চোর
তোমাকে না জানা বা কম জানার দীনতায়
কারণ যে-সময়টায় তুমি সবচেয়ে বেশি উড়ছো
কবিতার আকাশে
তোমার উড্ডয়নশৈলীর সূক্ষ্ম সৌন্দর্য আর
দৃষ্টিনন্দন দক্ষতায় সবাই যখন মন্ত্রমুগ্ধ
আমি আর আমার মতো আরো কয়েকজন তখন পড়ছে
অবিরাম অধঃপতনে
দেখে আসতে চাইছে কৃষ্ণবিবর থেকে কোনো আলো ঠিকরে বাইরে আসতে পারে কিনা
গড়তে চাইছে পাতালে কবিতাশ্রম
শুধু কবিতা লিখবে বলে
তবুও জীবনের চলার পথের বাঁকে বাঁকে
তোমার সঙ্গে আমার অন্তর্গত সাক্ষাত হয়েছে
তুমি এগিয়ে আসছো পশ্চিমদিক থেকে
সুবেশ সুপুরুষ বিশুদ্ধ বিশ্বনাগরিকতার প্রতিভূ কবি
আর পুবদিক থেকে আমি কূপমণ্ডুক গাঁওয়ার কবিযশোপ্রার্থী
আমাদের চোখ এসে মিলে গেছে একই বিন্দুতে
পথতরুর পুষ্পল সৌন্দর্যে
প্রান্তিক বস্তির উলঙ্গ শিশুর ক্ষুধার্ত অথচ স্ফীত উদরে বা
অস্তায়মান সূর্যের বর্ণাঢ্য মহিমায়
আমাদের দুজনের কণ্ঠে একই সঙ্গে ধ্বনিত হয়েছে
মুগ্ধতা বা বিষাদের ধ্বনি
তখনই বুঝতে পেরেছি, আমিও তোমার মতোই
একই পথের পথিক, হে বন্ধু, হে প্রিয়
তোমার সঙ্গে বোধের সদৃশতা দেখে বার বার চমকে গিয়ে
পরিণত চিন্তায় ও বয়সে তোমার সৃজনসম্ভার সংগ্রহ সঞ্চয় করেছি
প্রস্তুত হচ্ছি তোমার সমগ্র পাঠের
যখন ভাবছি মাথার টুপিটা এবার তোমার পায়ের কাছে নামিয়ে রাখবো
ঠিক তখনই বলা নেই, কওয়া নেই
দুম্ করে তুমি চলে গেলে
সত্যিই অলখ নিরঞ্জন হয়ে গেলে
অলোকরঞ্জন
