আবদুর রব: বন্যতা ও অচেনা হাওয়া
চিত্রকর্ম: রশীদ আমিন
বন্যতা
তখন আমার ভিতরেও ছিল কার্ল স্যান্ডবার্গের নেকড়ে
যার লাল জিহবায় কাঁচা মাংসের ক্ষুধা।
তখন চোখের ইশারাই বধ্যভূমি—
সকল প্রেমিক পতঙ্গের।
সবকিছু ছিল বিস্ফোরণোন্মুখ; রাগ, জেদ, অভিমান আর
ভালোবাসা ছিল ক্ষ্যাপা কুকুরের মতো;
তাড়াতে তাড়াতে নিয়ে যেত
খাদের কিনারে।
সেখান থেকেই ফিরে আসা—
ভিন্ন ভিন্ন পথে;
আজ তাই আমরা এখানে—
আমাদের ছায়াই আমরা,
মূলতঃ সংসারী ।
হয়তোবা এরকম একটা বন্যতার দরকার হয়
প্রতিটি জীবনে…
অচেনা হাওয়া
সেই কবে রাতের আঁধারে
খসে পড়েছিল এক তারা,
আজও সে আমার বুকে নিয়তির মতো
কেটে বসে থাকা এক ক্ষত;
আমি তার ক্ষত।
আমরা দুজন দুজনের পূরণ না হওয়া
গোপন উচ্চাশা।
পাথরের শ্লেটে
কেটে কেটে লিখি, সেও লেখে:
নিঠুর হে এই করেছ ভালো…।
অচেনা হাওয়া, আমাদের
উড়িয়ে উড়িয়ে নিয়ে যায়
ফনিমনসার দেশে।
বালুঘড়ি দিয়ে
সময় গড়িয়ে পড়ে, সাদাকালো ছবির উপর,
আমরাও।
আমরা না মিথুন না হংস
পৃথিবীর সাদাকালো শ্লেটে লিখি:
দুরারোগ্য ব্যাধি;
মোমশিখা— জ্বলতে থাকা স্মৃতি;
অগভীর বোধ আর সব অমিমাংসিত বোঝাপড়া।
নিঠুর হে এই করেছ ভালো…।
প্রত্যাখ্যান স্বস্তি ও সুস্থতা
প্রত্যাখ্যানগুলো তোমাকে নির্মাণ করে—
গড়ে তোলে শক্ত অট্টালিকা।
প্রত্যাখ্যাত হয়ে
ভীরু পদক্ষেপে বাড়ি থেকে বের হয়ে
যেদিন প্রথম হেঁটেছিলে সেদিনই তোমার শুরু।
ঘরে ফিরে কেঁদেছিলে, কেন?,
ভয়ে কি সেদিন একা হয়ে পড়েছিলে ?
জীবনে কে কতটা একা হয়, ভুলে যায়, সেরে ওঠে, শেখে—
তার উপর নির্ভর করে স্বস্তি ও সুস্থতা।
একাকীত্ব ঘেরাটোপ, তার ভিতরেই
শেখা আর সেরে ওঠা—
দুটোই নিয়তি…।
