২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদ বাসারের তিনটি কবিতা

আহমেদ বাসার

Published : 04 Nov 2020, 09:09 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


চিত্রকর্ম: রশীদ আমিন

আয়না

ভেঙে পড়া কাচে আগুনের আঁচ দিতে দিতে ভাবি
খণ্ড খণ্ড আয়নায় দৃশ্যমান জাগতিক ট্রমা
বিচূর্ণ দৃশ্যরা মূহ্যমান রাতপ্রতিবিম্ব
ছায়ার বহুমাত্রিক প্রক্ষেপণে ক্রম বিস্তৃত

ছড়ানো ছিটানো কাচে প্রেতাত্মার মূর্তি নিয়ে
জেগে ওঠে ভঙ্গুর আদল, রূপান্তরসূত্রে
মাছ থেকে গাছ, গাছ থেকে আকাশপাখির
উড্ডীন পালক হয়ে নাচে হাওয়ামঞ্চে

অশেষ খণ্ডরা একেকটি স্বতন্ত্র আয়না হয়ে
গিলতে থাকে দৃশ্যশরীর , সমগ্র জগৎ
ধাবমান ভঙ্গিতে অলীক আয়নাগামী
একে একে ঢুকে পড়ছে হা-খোলা আয়নামুখে…

২০১৯

ছুঁয়েছি পৃথিবীর ধুলো, মাটির অঙ্কুরোদগমে
তাকিয়ে দেখেছি বহুমূল উন্মূল প্রাণ
সমতলে শায়িত জীবন হতে যতটা উর্ধ্বমুখী
পাহাড়ের গা, তার চেয়ে ওপরে উঠে দেখেছি
মানব মিছিল, কোলাহলে জেগে ওঠা ধূসর শহর

মেখেছি বরফকুঁচি উষ্ণতর শরীরী রেখায়
গ্রীষ্মজীবন হতে শীতল কোনো সীমান্ত সীমায়
নখের আঁচড় টেনে এঁকেছি মর্ত্যরে মানচিত্র
হিমায়িত পাথরে করেছি খোদাই অন্যজীবন

রুয়েছি স্মৃতির বীজ জাগতিক পতিত ভিটায়
পায়ের চিহ্ন রেখে হেঁটেছি রোদপোড়া বিশ্বময়
হাতের তালুতে তুলে ঘূর্ণিময় দূরত্ব নিশান
জগতের পথে পথে বুনেছি বিস্ময়…

আমাদের চালচুলো

আদিম লবণ মেখে গিলে খাই যত শাক
বহুদিন থেকে সেদ্ধ হয় না মাছ মাংস ডিম
গনগনে আগুনে সেঁক দিতে দিতে ঝলসে যায
আস্ত আঙুল, অথচ সমস্ত আমিষ জমে হিম।

আজকাল জগতের সব চুলোই আগুনখেকো
যতই ঢালো তেল-লাকড়ি কিছুতেই তাঁতে না আর
বড় বড় ইলিশ কাতল রান্না হয় অন্য আঁচে
রান্নার আগেই ফ্রিজে ঢুকে যায় আস্ত ষাঁড়।

আমাদের চালচুলো টানাপড়েনের মন্ত্রসিদ্ধ
প্রাগৈতিহাসিক পাখি ডাকে আনকোরা রান্নাঘরে
সেদ্ধ পাথরের মন্ত্রবিভোর অনার্য নারী
হয়তো সেদ্ধ হবে মহার্য কোনো দেবতার বরে…