২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরলিপি: দুর্ধর্ষ প্রেমিক ও অন্যান্য কবিতা

স্বরলিপি

Published : 25 Oct 2020, 10:36 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


অন্তত একটি দিন

মিউজিশিয়ানরা আসো-
ফুল পতনের শব্দ-যুদ্ধাস্ত্রের সঙ্গে মিশে যাচ্ছে
যুদ্ধাস্ত্র অথবা একটি ফুল কি বাদ্যযন্ত্র হতে পারে?

হৃদয়ের বেলকনিতে সূর্যগ্রহণের আবছায়ায়-আঠারো দরোজার পরিণতি
মস্তিষ্কের স্নায়ু নরম আলো গিলে -উগরে দিচ্ছে
সম্ভবত প্রেমের গান।

বিলবোর্ড বাড়লে চোখের দামও বাড়ে

বুদ্ধিজীবী কবরস্থানে গর্ত খোড়ে যে শেয়াল
সকালে কারওয়ান বাজারে-
ডিজিটাল বিজ্ঞাপন দেখে।

সরকারি- কমার্শিয়াল বিজ্ঞাপন
পরিচিত শাদা মোজা, বিধ্বস্ত হাড়, শানিত চোখ নেই।

না থাকার ভিড়ে মানুষের হুক্কা-হুয়া
সেলিনা পারভীন সড়ক দিয়ে পালায়
অস্তিত্বের তুমুল মায়ায়

ছায়া হয় বেদনার হিজল।

হুট করে কেউ সামনে এসে বলে
স্যার একটু বলবেন, দিনে কতোবার দৃষ্টি ফেলেন-
এ বিষয়ে জরিপ চলছে।

প্রিয়তম রোদ

ধর্ষণবিরোধী ব্যানার নিয়ে
পাশে একটু বসো

দুর্ধর্ষ প্রেমিক

বিশ্বাসী, অবিশ্বাসী,সংশয়বাদী-
সব রকম স্বাধীনতা ভোগ করে
নিরবতার দরোজা খুলে যখন কাঁদে,
সেই মুহূর্তে জন্ম হয় একটি নদীর।

টলটলে স্মৃতিগুলো খুলে রেখে
ছড়িয়ে দেয় কিশমিশের ঘ্রাণ
ঘনবসতিপূর্ণ বাজারে মুখোশগুলোতে বিশ্বাস
অবিশ্বাসে ডোবে মুখ-

সহমরণ শেষে অন্য শহরে পৌঁছালাম!
সোডিয়াম জ্যামে
নিরবতার চল্লিশ পেরোয় না কেন?
নেমে এসে বলে দিক- কি আছে প্রেমে!

ছায়াহীন হওয়ার আগে
পৃথিবীর উত্তপ্ত মস্তিষ্কে লেগে যাচ্ছে বাষ্পীয় আবেগ।
শরীরে লেগে থাকা জীবাণুর সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছে বৃ্ক্ষকূল
বৃক্ষরা হেরে গেলে মানুষ গুটিয়ে নেবে ছায়া।

টেলিপ্যাথিতে বুক রেখে বিশ্বাসগুলো ঝাঁঝরা হচ্ছে- যেন সিরিয়ার শিশু
ট্রয় নগরীর হেলেন পিপাসায় কাতর
ফিল্টার বেয়ে নেমে আসছে জাগতিক স্বচ্ছতা।

মিরপুর ১নম্বর

বিশ্রী কফিনগুলো বিক্রী হয়-ভ্রাম্যমাণ টয়লেটের পাশে
বহু পথ ঘুরে আসা দুটি পা ঢুকে পড়বে এ কফিনের ভেতর
ঠোঁটের গ্লাস ভরে যাবে শূন্যতায়
দৃশ্যের বোটা থেকে ঝরে যাবে এক একজন হলুদ মানুষ।

বার অথবা শুক্রবারের ভেতর যাতায়াত করে যেসব চিত্রশিল্পী
তারা কেউ পারলে একটি কফিন রাঙিয়ে তুলুক।