কী করে হারাই তোমাকে
সতত আমাকে পাবে তোমাদের
স্বপ্ন সুখের মধ্যখানেই
অশ্রুভরা চোখের তারায়
জ্বলতে থাকবো তোমাদের শিয়রের
মাটির দেয়ালে, ভালোবাসার পিদিম হয়ে
তারাভরা অই আকাশে সারারাত
দেখবে আমাকে, জেগে আছি
স্বদেশের সাত কোটি ষোল কোটি
হাজার কোটি মানুষের ছবি হয়ে
ভোরের সোনালি সূর্য অতঃপর
জানাবে অভিবাদন, বলবে কোথায় তুমি
সালাম তোমাকে সাহসী লাল-সালাম
তোমার চরণচিহ্ন
পেয়েছি অনেক খুঁজে
হাজার বছর পরে
পৃথিবীর পথে পথ হেঁটে
উত্থিত মহানায়ক সময়ের শতকের
সাত কোটি মানুষের মুক্তিদাতা–
কী করে হারাই তোমাকে!
