২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কার রক্তে জমা পথ

রুহিনা ফেরদৌস

Published : 10 Aug 2020, 07:04 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


যতটা দূর থেকে সবটা ঝাপসা লাগে
তার থেকেও দূরে গিয়ে সবকিছু স্পষ্ট দেখি
হৃদয় হেঁটে চলে, না-বলা-গল্পটা বুকে।
সবুজ মাঠগুলো ঘরে ফেরে সন্ধ্যায়, এরপর
গোধূলির বিষন্নতা মাখতে থাকে একলা হাওয়া,
মাথা নত পাখিটার ভাঙ্গা ডানা কাঁপে
তুমুল উড়ালের অপেক্ষায়।

ঘাসফড়িংয়ের দল মায়া মনে লুকোচুরি খেলে,
অবুজ শিশু নামে ঘাসে, হাঁটে, পড়ে, দৌড়ে বেড়ায়-
কার হাত ধরে নেমে আসে আলো,
হঠাৎ কার বুকে বিদ্ধ বুলেট,
কার রক্তে জমা পথ, পড়ে আছে
স্বপ্নমগ্ন কিশোরীর গোলাপী সাইকেল।

বহুদূর থেকে এসব ভাবনার ছায়া মাখি
চোখে মুখে কত কি রঙ এসে লাগে,
হঠাৎ বিপন্নতায় আজও তোমাকেই খুঁজি।
আমাদের সময়গুলো চোরাপোঁকা কেটে দেয়,
উৎসব শুরু হয় চারদিকে
উড়ে যায় স্মৃতির ফানুস।