মিলু শামস-এর ‘বিবমিষা’
দিনগুলো পাথর চাপা হয়ে থাকে–
কখনও কখনও এমন হয়
ভারিবর্ষণে ঢেকে যায় দৃষ্টিসীমার সবটুকু
শীতের দেশের তুষার পাতের মতো বিবর্ণ
নিথর প্রাণহীন,
দোয়েলের শিস নেই
বসন্তের বিহ্বল বাতাস
কাঁপন তোলে না কোথাও
ঝড়ের আগের গুমোট হাওয়ায় ওড়া
ধূসর কাগজে ভর করে
ভেসে থাকে সময়
মরচে ধরা লোহা কিংবা
জমাট কংক্রিটের মতো ভার;
জীবন এমন হয়–
যখন পৃথিবীতে প্রেম ও প্রতিবাদের
দুর্ভিক্ষ দেখা দেয়।
বেনিয়া পাড়ায় উড়ো খবর
কতিপয় মগজ বিক্রেতা
বন্য শুয়োরের মতো পরস্পর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে
ঝাঁপ খোলা কর্পোরেট দোকানের বারান্দায়,
পার্বতীপুর জংশনে এক সময়
দিনের আলো ফোটার আগে
আবছা আঁধারে
রেল যাত্রীদের বাসী বিষ্ঠা শুঁকে শুঁকে
লাইনের স্লিপার ভিড় জমাতো
একপাল ভবঘুরে শুয়োর-
দৃশ্যটা সেরকম।
এতে বিবমিষা আক্রান্ত হয়ে
কেউ কেউ নাকে রুমাল চাপলেও
ঝাঁপ খোলা দোকানের পথ মাড়িয়েই
যেতে হয় তাদের
কেননা উন্নততর সড়ক ব্যবস্থাপনার যুগে
হাইওয়ের পাশ দিয়ে নেমে যাওয়া
বাইপাস কিংবা বিকল্প সড়ক
আজকাল খুব একটা দৃশ্যমান নয়।
তবে উড়ো খবরের মতো
মাঝে মাঝে কানাঘুষা শোনা যায়–
সড়ক নির্মাণের
নতুন প্রযুক্তি নাকি আবিষ্কার হচ্ছে
পৃথিবীর কোথাও কোথাও।
