২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌন নিথর

স্বদেশ রায়

Published : 03 Aug 2020, 01:28 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


এক টুকরো বৃষ্টি আমার ছাদ ভেদ করে ড্রয়িং রুমে খেলা করছে।
আমি নির্বাক বসে বসে সেই বৃষ্টির ফোঁটা গুলো দেখছি।
অদ্ভুত সব বৃষ্টির ফোঁটা; কোনটা লাল, কোনটা নীল- কোনটা
বা একেবারে অচেনা একটি রঙ।
বৃষ্টিকে আমি অনেক অনেক ভালোবাসি-
তারপরেও কোনদিন ভাবিনি, বৃষ্টি ছাদ ভেদ করে, এমনি
এক আনকোরা রূপ নিয়ে আমার কাছে আসবে।
আসলে আমি কিন্তু ভাবছি না ও আমার কাছে এসেছে ;
এত বড় ভাবনায় অনেক সময় অনেক কিছুকে হারিয়ে ফেলতে হয়।
আমি শুধু বৃষ্টির ফোঁটা গুলো দেখছি, দেখছি তাদের নাচের ছন্দ, তাল, লয়
আর নির্বাক থেকে নির্বাক হচ্ছি।
আমি বুঝতে পারছি এ বৃষ্টি আমাকে বধির করে দিয়ে
আবার জানালার ফাঁক গলিয়ে বের হয়ে যাবে।
তবুও তার চলে যাবার আগের মুহূর্তটুকু সম্পূর্ণ
নিজের ভেতর নিয়ে নেবার জন্যে আমি নিজেকে আরো
বেশি নির্বাক, নিশ্চল করে ফেলার চেষ্টাতে নামি-
নিশ্চল পাহাড়ই সব থেকে বেশি বৃষ্টির ফোঁটা পায়।
নিজেকে পাহাড় তৈরির শেষ চেষ্টার আগেই
বৃষ্টির টুকরো জানালার দিকে সরে যেতে থাকে।
তাহলে কি পাহাড় হতে চাইলেও পাহাড় হওয়া
যায় না! পাহাড় কেবলই পৃথিবীর গভীর থেকে উঠে আসে–
সম্পূর্ণ আালাদা এক জম্ম মুহূর্ত সঙ্গে নিয়ে ।