তারিক সুজাত: করোনাকালের কবিতাগুচ্ছ
বৈশাখ ১৪২৭
অচেনাকে চেনা
নিজের নির্জনে
চিনেছি জনে জনে
খুলেছি ক্ষণে ক্ষণে
দেখিনি নাওখানি
তবু যে দাঁড় টানি
এতো যে সাথি ছিলো
কোথায় মুছে গেলো
এসেছি প্রভাতে
নিজেকে ছেঁকে ছেঁকে
আঁধার মুছে যাক
নতুন এ বৈশাখে!
নির্জনে
ঝরা ফুলও পেলো ঠাঁই
পথে পথে পথের নির্জনে।
ধবল জোছনারাতে
পরিযায়ী পাখির পালক
পথে পথে চিহ্ন রেখে যায়Ñ
ফেরার পথটুকুও মুছে দিলে
হে আকাশ?
ফুল ফুটবার কালে
আমি যে ঝরেছি!
রোদবৃষ্টি
আমার একটা স্বপ্ন ছিলো
রোদ ছুঁই ছুঁই গল্প ছিলো
বালকবেলার স্বপ্নগুলো
ঘুড়ি হয়ে উড়ছে মেঘে
ডালে ডালে লতায়-পাতায়
বৃষ্টিফোঁটায় নেমে যাচ্ছে
সাগরসেচা মুক্তো-মানিক
দুর্গবাসী রাজকুমারী
বেরিয়ে এসো
বাইরে যে আজ নাচছে ময়ূর
গহিন মনের নির্জনতায়
গুন গুন গুন গানের সুরে
রোদের রেখায় ডাকছে দুপুর
ক্ষণকালের রঙধনুমন
বেরিয়ে এসো
পথহারা পথে
না ছিলো পথিক
না ছিলো পবন
মেঘের বুকে
রুদ্ধ-রোদন
এলোচুলে মুখ ঢাকে
চিনেছি তোমাকে
পথহারা পথে
উদাসী হাওয়ায়
নীল নীল নির্জনে
আকাশে আকাশে
বৃষ্টির বন্দনা!
ইচ্ছে করে
আর ধোবো না ক্ষণে ক্ষণে
হাত দু'খানি
মনটা যদি ধোয়া যেতো
ছোঁয়া যেতো– লজ্জাবতী
ফের যদি তোর সঙ্গে দেখা হতো
শৈশবের খেলার মাঠে
ছুঁয়ে দিতাম মুখটি যে তোর
বাধা না মেনে
সবুজ অবুঝ সাথি আমার
কোথায় তুই মুখ লুকালি?
আর ধোবো না, আর ধোবো না
হাত দু'খানি
করতলে ভাগ্যরেখা
ইচ্ছে করে মুছে ফেলি!
এপিটাফ
দ্যাখো
মেঘ এসে
ফুটেছে আমার বুকে
সফেদ সুন্দর ফুলগুলো
ঢেউ তোলে
পাতায় পাতায়
সবুজ সাম্পান ভাসে
গাঢ় নীলে
প্রসন্ন প্রহর এসে
দু'হাত বাড়ায়
এখানে আকাশ
হৃদয়ের এপিটাফ!
মেঘমলাট
আমার না পড়া শূন্যতাগুলো
আকাশে আকাশে বুনে রাখি
তোমার সময় হলে
বৃষ্টিকে প'ড়ো
ঝরে পড়বার কালে
ক'রো স্মৃতি-স্নান
হাওয়া
জানালাটা মুছে দিও
বারান্দার খোলা বুকে দিও
মৃদু হাওয়া
জন্মেছি মৃত্যুর মধু-মুখে
হাসি-কান্নার পার্থক্য বুঝিনি
যে বাতাস ছুঁয়েছে আদরে
তার স্পর্শে ধু-ধু
ভালোবাসা ছিলো,
যার দাগ এখনো মোছেনি!
প্রভাতফেরী
আহা!
হাওয়া এসে ফুঁ দিক
ইচ্ছে হয়
চঞ্চল চরকির মতো ঘুরি
সজল শৈশবে
খুলি চোখ
অনন্ত সবুজে
টান টান
স্মৃতির উঠানে
দিনান্তেও সুর তোলে
পূর্বজন্মের প্রভাতফেরী!
পথ
আগুনে পুড়ুক পথ
না ফিরুক পথিক
পূর্ব থেকে পশ্চিম
উদয়াস্ত
হৃদয়ের কাছে ঋণ
যা কিছু সঞ্চয়
তার ষোলো আনা মিছে
যদি এই পথে
দুঃখের ছাই না ওড়ে!
সময়
আসা ও ফেরার পথ একটিই
যে পথে দুঃখ আসে
সেখানেও একদিন
পা রাখে সুসময়
ঘড়ির দু'টি বাহু
একে অপরের অনুগামী
সময়ের সময় নেই
দাঁড়াবার
তবু ক্ষণে ক্ষণে
একে অপরের হাত
ছুঁয়ে ছুঁয়ে যায়
আলিঙ্গনে!
চিঠি
গাঢ় অন্ধকার খামে
বৃত্তাকার সূর্যটাকে
ভাঁজ করে রেখেছিলাম
পৃথিবীর ঘুমের ভেতর
ঢুকে যাচ্ছে
এক চিলতে রোদ
ডাকঘর
এসেছে সবুজ চিঠি
প্রাণের পাতায়!
কথার কুটুম
যতো কাছেই থাকো
ঐ দূর
সবুজের প্রাণে
কথার কুটুম
মেঘ মেহমান
ঐ আসমানে
এই ঘর
পুবের জানালা
ভোরকে
ডেকে আনে
এসো ভাই
এসো প্রাণে!
মুসাফির
সন্ধ্যা আসেনি
মন ছিলো মুসাফির
তারাভরা রাত্রির আকাশে
অফুরন্ত ইফতার
এতো আলো চারিদিকে
তবু তার
অন্তিম আহার
অফুরান অন্ধকার!
মেঘমানুষ
এই আমি
দূরের ছিলাম
এখন এখানে আমি
সর্বত্রগামী, সারা পৃথিবীতে!
দু'ধারী তলোয়ার আমি
ধ্বনি-প্রতিধ্বনি হয়ে ফিরি
নগরে-বন্দরে;
নিজের জন্যেও
হয় মায়া
আজ আমি
আমারই খুনি!
এ তো নয়
নূহের নৌকা
মৃত্যুভয়ে সমবেত
প্রাণের প্রবাহ
ঘাটে ঘাটে নামে।
বিপুলা পৃথিবী
ক'রো না ক্ষমা
শুধু তুমি
এক ফোঁটা
অশ্রু ঢেলো!
