২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা গালিব স্ট্রিট

পিয়াসমজিদ

Published : 18 Jul 2020, 05:46 PM

Updated : 02 Sep 2022, 08:34 PM


দরোজাটা খুলে দাও,
আকাল আসুক;
আমি ধানী নক্ষত্র
এই নিঝুম নগরে
আজদাহা ইনসান আর
বামন মনের আলগোছে
একটু একটু
বেড়ে ওঠি; আগ্নেয় উদ্ভিদ।
সামন্ত অবশেষ ও
বুর্জোয়া বিকাশের
পরোয়ানা নিয়ে
আমার পল্লবে, ফুলে
পানশালার সোনালি কল্লোল।
সময় তবু তার শায়েরের সমুখে
কেন তুলে ধরে ড্রাই ডে,
রাতের রীতি বদলাল কে!
একটি শতাব্দী শেষ হয়ে যায় মারীতে,
আর একটি যুদ্ধে।
মড়কের লেন-বাই লেন পেরিয়ে
মানুষ যেখানে যায়
সেখানে কোনটা যথাযথ তোফা
কালো কবিতা নাকি নীল নর্দমা!
আমি শ্বাস নিতে পারছি না,
বিল্লিমারান গলি কিংবা
মহামোড়লের মুক্তিসরণি ;
জীবন নামের জিন্দা কফিনে
নিশ্বাস নিলাম হয়ে যায়
মওতের মহল্লায়।
এই কবিতায় নন্দন কোথায়!
মানুষের মেহনতি মাংস ফেটে
শিল্পের সুরভি শেয়ারবাজারের
রক্ত ফেরায়।
তার উত্থান ও দরপতনই
আজকের বড় খবর,
তোমার বলিদত্ত ধুকপুকের জন্য
কে পড়বে শোকের শাড়ি?
বিধবা পৃথিবীরে এত সহজে
ডাকে না কবরখানা।
বহু মেহফিল এখনও তো বাকি,
তিক্ততরুর ছায়াবিষ না মেখে
এত সহজে পেয়ে যাবে
অমল ধবল মরণের রোদ?
এই উল্লাস-অরণিতে
কান্নার কারুকাজে
নির্মিত কোঠাবাড়ি;
স্বপ্নেও যে ভূমিহীন
তার জন্য জীর্ণ হলেও
এই-ই তো
স্বর্গীয় হাভেলি।
বেঁচে থাকার সারাৎসার
থোকা থোকা তারার
মায়াবী অন্ধকার;
এই ঘুটঘুটে বাস্তবে
কী করে দেখি
তোমার খয়েরি খোঁপা?
যখন চোখের চরাচরে
ফুরিয়ে এসেছে রঙের ধারণা।
মোহাব্বাত বেচাকেনার শব্দে
ছেয়ে গেছে বাজারদুনিয়া
তবু বলতে হবে-
'প্রেম একটি লাল গোলাপ?'
গণপিটুনিতে মানুষ মারবেন না
কিন্তু জারি থাকতে পারে
ক্রমাগত আত্মার পিটুনি,
যাকে মারছি
সে তো স্রেফ এক সংখ্যাই।
এমন মৃত্যুশিক্ষাভোরের
কে তবে সংখ্যাতিরিক্ত অধ্যাপক?
তার কাছে শ্বাস নেওয়ার দরখাস্ত পেশ করি
আমরা সবাই কাঠামো-কবি।
এবারের গ্রীষ্ম থেকে
কতদূর শীতপ্রাসাদ
কতদূর মেঘদূত,
তোমার মাহেন্দ্র -মিনার?
মিলনের আনন্দ ;
তার আগেই ছিল
প্রসবের বেদনা,
তারও আগে তোমার
চিতাচিন্তা-প্রক্রিয়া।
এই কঙ্কালে কবে ফুটবে প্রভা
কোন বসন্তে আসবে
লোবানের লাবণ্য?
ঊষার আস্তানায় বন্ধক রেখেছ নাকি
কবিতার শব্দ আর ছন্দ?
আলোর আঘাতে
দ্বিখ-ন, চৌচির, ছত্রখান
কপালকু-লার হেরেম।
যদিও শেষপর্যন্ত
পঞ্চভূতেই পেয়ে থাকে
ষড়রিপুর পরিকে।
বৃথা বাক্যব্যয়ে কেন ভারী করা
কবিতার কায়া!
ওই তো যূপকাঠ
কবির না হোক,
যাবেই গর্দান; কবিতার।
নিজেরই লিরিকের রক্তে
কবির জীবন আজ গদ্যগহীন,
তুমি তার কতখানি
তলকূল পাও;
জীবনেও চাইবে ঠিকঠাক
রুটি ও কাবাব
মৃত্যুতেও মশহুর!
শেষ হয়ে এল তোমার
অক্ষরের কায়কারবার।
এত দরদালান
সারি সারি শোণিতসিঁড়ি,
বুকের ভেতর তবু
রিফিউজি কলোনি।
যুদ্ধের দামামায় ঘুঙুর খসে পড়ে
প্রিয়া বা কবিতার।
দশটা দস্তাম্বু পড়েও
বোঝা যাবে না
কতটা কেমন ছিল
ক্ষুধার নাঙা নাচ!
তবু বারান্দায় ভোর বসে থাকে
তোমারই জন্য।
আমরা যারা বাস্তবে ব্যর্থ
কিন্তু স্বপ্নে সওদাগর
নিরন্তর নিশি-নবাব,
তাদের সকাশে আজ
মুশায়েরার মৃতদেহ।
সময় মানে যখন অসুর সদগতি
সুরের শত্রু যে মেয়ে
তারই হাতে বেলোয়ারি চুড়ি।
মজ্জার ভেতরে যে মঞ্জিল;
তার বুলন্দ দরওয়াজাতে
মৃদু ধাক্কা দিয়ে দেখি
খাল-বিল-ডোবা-নালা মিলে ডাঙায় বসিয়েছে
সমুদ্রের শোকসভা।
বিষাদ বাড়ি ফিরে গেছে,
পৃথিবী এখন হর্ষসিন্ধুর
বিস্তৃত বাথান,
কবিকণ্ঠে কবিতা নাকি
সেন্সরড মর্সিয়া?
মহিষের মাঠে বাঁধা আছে
মানুষের স্থগিত ভাষা।
যমুনার জল নাকি
ফাল্গুনের আগুন বয়ে যায়!
তার কী জানা আছে
ঠিকানা-সাকিন,
কে ছিল বিগত সব
শীতের শহিদ!
বেদনার বৈঠা বেয়ে
আসছে আসছে
কবিতাপাখি;
তার যথেচ্ছ কিচিরমিচির।
এরপর পৃথিবীর শুশ্রƒষা শেষে
আবার আমার জন্য
সেই শাশ্বত বেদি;
ফুলবেলপাতা,অসুখের আরাধনা
মারী ও মড়কের ভেতর
খুঁজে পাওয়া সেই
নিরুদ্দেশ নূপুর;
শেরশায়েরি
কিংবা আমার কবর।