২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনা কালের প্রার্থনা

ফারুক আলমগীর ফারুক আলমগীর

Published : 20 Jun 2020, 11:58 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


এই কেমন সময় দিলে ঈশ্বর, তোমার
পৃথিবীর তাবৎ মানুষ কেন' একাকার
হয়ে গেল! কোথায় স্বর্গ কোথায় নরক
কে বলে তা বহুদুর, মানুষের মাঝে স্বর্গ
নরক, মানুষেতেই সু'রাসুর কবেকার কথা
মুছে গেছে কবিতার কৈশোরিক পাঠ্যপুস্তক থেকে!

২
এখন ঝুলছে পুল সেরাতের সুক্ষ্ণ রজ্জু, ঈমানদারের
নিশ্চিত বিশ্বাস সব সমর্পিত তোমার চরণতলে
যেখানে ধর্মের বর্ণের ঐকতানের সহস্র সুরের গাঁথা
শোনায় অমিত শক্তি তোামারই তেজদীপ্ত রুদ্র
কাহ্হার রুপ, হে পরোয়ারদিগার বলে দাও
পাপপূণ্যের সারাৎসার, কীভাবে ডাকলে
গোনাহ লেখার ফিরিশতা নেমে যাবে চট করে
স্কন্ধ থেকে, পূণ্যকামী ফিরিশতা বসবে লিখতে
হাজার কোটি টাকার ব্যাংক লোপাটের সদাশীব
কাহিনী! যা কিনা মুছে যাবে ডিজিটাল স্ক্রল থেকে
নিমিষেই, নৃশংস হন্তারক ধষর্কের উদ্যত মুখাবয়ব
বদলে ফেলবে কম্প্যুটার আইকন পুন্যাত্মা মনুষ্যরূপে
তোমার ন্যায়ের দন্ড চিনবে কী করে অইসব
শয়তান দুরাত্মা পাপিষ্ঠদের যাদের করতলেই
তোমার পৃথিবী ছিন্নভিন্ন, নিসর্গ হয়েছে নতজানু
সাম্রাজ্যবাদ ধরছে চেপে ঘাড় আর টুঁটি অহার্নিশ
বিকল করছে তাজা ফুসফুস জর্জ ফ্লয়েডদের
নিকট অতীতে কতবার শানিয়েছে কৃপান তাদের!

৩
এ-সব প্রশ্নের অধিকার নেই জানি মানবকুলের হয়ে
দয়াময় প্রভু, কপাট দিয়েছে যখন খানায়ে কাবায়
মানুষের অনাদি কালের কাঙ্ক্ষিত প্রার্থনা গৃহে, যার উর্ধলোকে
পূর্বপুরুষের কাছেই শুনেছি তোমার বসতবাড়ি
পবিত্র সিদরাতুল মোনতাহা, তখন সঙ্গত কারণেই
শোনা আমার যাচনা, পরম করুনাময় প্রভু, বলে দাও:
কোন মসজিদে মন্দিরে সিনাগগে গির্জায় কিয়ং-এ
ধাতব পিল্ডের মধ্যে পাথর খণ্ডে কিংবা বটবৃক্ষের ঝুড়িতে
কোথাও বিরাজ করা না তুমি, পুরানে-কোরানে
কিতাবে তোমার বাণী সদা নীরবে নিভৃতে কাঁদে
দুষ্টজনের ধর্মীয় লেবাস পরে ধর্ম-ব্যবসার ছলে–
হে বিচার দিনের স্বামী, তাই নেমে এসেছো মর্তের
মৃত্যুর মহোৎসবে, হাতে নিয়ে উত্তোলিত বিচারের দন্ড
মানুষের সকল অহংকার শঠতার দর্পচূর্ণ হোক, যারা
তোমার সৃষ্টিকে নিয়ে নানা অনাচার পাপাচার করে
অনুজীব গিলে খাক হৃদপিন্ড ফুসফুস যকৃৎ তাদের।

৪.
কুষ্ঠ প্লেগের মারী ও মড়কে নাকি বলেছিলেন নবীজি:
'শহিদী দরোজা পাবে তারা জীবন হারাবে যারা
–এমন কঠিন রোগে'
সেই বানী তল্পী করে ধর্মোপদেশ শোনায় কট্টর মোল্লারা
কোন ভয় নেই সালাত আদায় কর মসজিদে, মরিলে পাইবে
জান্নাতুল ফেরদৌস অনিন্দ্য রুপসী হুর আর গোলাপী গেলমান।
সহি-হাদিসের সাক্ষ্য কে দেব? নেই কোথাও জ্ঞানতাপস
সঙ্গী তার জান্নাতের পথে বেশুমার বেঈমান মুনাফাথোর
হারামখোর শঠ প্রবঞ্চক ধর্ষকের দল।

৫.
হে মহামহিম প্রভু, রুদ্ধ করো স্বর্গের সকল দ্বার
মানুষকে ফেরাও এবার নিসর্গের কাছে, যেখানে বিরাজ কর
চিটরায়ত তুমি, জানি আর থাক সৃষ্টির অন্তরলোকে।
হে খোদা, দয়াময় অনন্ত অসীম, তোমার আলোকে স্নাত
প্রেম সুধা আর জ্ঞান তপস্যায় ধন্য সেই সব
দয়াশীল সৃষ্টিশীল মানুষের শিরোপরে তোমার কৃপার ছায়া
–আদিগন্ত দীর্ঘ সমুজ্জ্বল করো।