আবু মুস্তাফিজ: করোনার গান
করোনা-১
নগরীর শেষ গোলাপ ফুটে উঠেছিল কাল
চিত্রল হরিণের বেশে
কিংবা শুশুক হয়ে সুনীল সমুদ্রে
সকলেই দেখেছে মানুষ ব্যতিরেকে
যে মানুষ একদিন গোলাপের চাষ করতো
লাভে লাল হতে
সে আজ গোলাপ হারা
সে আজ সুগন্ধবিহীন জীবনের ঘেরাটোপে বন্দি
ধ্বংসও হয়ে যেতে পারে
তারই প্রাক্কালে গোলাপ ফুটিয়া উঠিল
মহাসড়কে
রাজপথে
চিত্রল হরিণের বেশে
শুশুক হয়ে সুনীল সমুদ্রে
তারা কি কাঁদে
নিভৃতে
নির্জনে
মানুষের এই মহাদুর্দিনে?
করোনা ২
যেনবা মানুষ মরবে না কোনওদিন আর
ঘুমের ঘোরে অথবা উঁচু লাফে
ঘাতক ট্রাক কিংবা সঙ্গমরত-অবস্থায়
মানুষ মরবেই
মরতেই হবে তাকে
গভীর প্রেমের কালেও মানুষ মারা যেতে পারে
কিংবা অসহনীয় বিরহকাল
প্রেমিকার টুঁটি চেপে চুমু খাবার মতো
মৃত্যু এসে চুমু খাবে তোমায়
অসহ্য ব্যথায় নীল হয়ে গেলে
কেউ নাই বাঁচাইবার
না পুত্র না প্রিয়তমা স্ত্রী
মাতা পিতা পিতৃব্য
ছেলেবেলার খেলার সাথী
কেউ পারিবে না বাঁচাইতে তোমায়
তবে কেন বৃথা ভয়
চুপচাপ ভাত খাও
আর মৃত্যু এলে
তাকে স্বাগত জানাও
করোনা ৩
পাখিদের কোনও লক ডাউন নাই
না হরিণের
শুশুকদের বিসুখে পড়ার কোনও খোঁজ জানি না
জানি কেবল দলবেঁধে জলকেলির সম্বাদ
সুসম্বাদ এই যে বেলীফুল ফুটিয়া উঠিয়াছে
উহার সুখ শুভ্রতায়
নাকি সুবাসিত বারিন্দায়?
কে জানে
কে খোঁজ রেখেছে কবে
ওই যে পাখি
করিতেছে কিচির মিচির
ভরদুপুরবেলায়
ওরও কি মনভর্তি সুখ
নাকি কেবলই বিসুখ মানবের?
করোনা ৪
মৃত্যু এতকাল অপরিচিতজনদের মাঝে ছিল
গতকাল তা স্বল্প পরিচিতদের ঘিরে ধরেছে
আগামী কাল কি সে প্রিয়জনদের গ্রাস করবে?
তারপর কিংবা তার আগেই …
সিগ্রেট ধরাতে বারান্দায় যাই
হাত কি একটু কাঁপে?
ফুলেরা তো ঠিকঠাকই আছে
দুপুর থেকে ডেকে চলছে একটা চড়াই
চিরিপ চিরিপ চিরিপ
পৃথিবী
তোমার যে এত অসুখ করেছে
বলো নাই তো
তোমার গাছেরা তোমার পাতারা
তোমার পাখিরা তোমার ফুলেরা
এত কষ্ট পেয়েছে
বলো নাই তো
বললে কি আমি তোমার প্রতি শুশ্রুষার হাত বাড়িয়ে দিতাম না?
হাসছ কেন?
তুমি ভাবছ এটা আমার মায়াকান্না?
আগে কোথায় ছিলাম?
ছিলাম তো তোমারই কোলে
লালিত লালায়িত
তোমার গাছেদের হত্যা করেছি পাখিদের
তোমার ফুলেদের নিয়ে ব্যবসা করেছি
পানিদের দূষিত
শোষিত মানুষের মতো তুমিও শোষণে জর্জরিত
বুঝি নাইতো আগে
আবার হাসছ যে?
তোমার কি মনে হয় এ কেবলই মায়াকান্না?
করোনা ফুরালে আমি আবার যে কে সেই হয়ে যাব?
বোধহয় না
বোধহয় হ্যাঁ
আসলে কী জানো
মানবজনম তো এমনই
হত্যা আর লালসা রিরংসা আর লিপ্সা
কী করিয়া ত্যাগ করি বলো তো?
এইবারও নিশ্চয়ই হাসবে তুমি?
যদি না হাসো
তবে উত্তর করো
কী করিয়া এসব ত্যাগিব আমি?
তুমি জানো না?
তুমিই জানো না!
তবে কি আমিই আমার হন্তারক?
তুমিই কি আসলে আমি?
