২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল চৌধুরী’র করোনাবৃত্ত

কামাল চৌধুরী কামাল চৌধুরী

Published : 23 May 2020, 07:25 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


সব মানুষের হাসপাতালের ভয়
গলি পার হয়ে দৃষ্টিসীমাও ভীত
ফের এসে গেছি গুহামানবের দিনে
পুরোনো পৃথিবী নিজের কাঁধেই মৃত।

দূর সীমান্তে লকডাউনের মেঘ
মরচে পড়েছে গ্রীবা উঁচু কাঁটাতারে
কত অজুহাতে আঁধারগুচ্ছ লিখে
ব্যস্ত মানুষ, সভ্যতা সৎকারে!

এই ইতিহাস লেখা হবে বহুবার
মৃত বাদুড়ের জেগে ওঠা গতকাল;
রোজনামচায় নিঃসঙ্গ শোকসভা
ঝরাপাতাদের বিশ্বায়নের কাল!

যা কিছু দেখছি, রূপকথারই মায়া
ভেতরে জীবন শূন্যতা পাহারায়
অচেনা শত্রু সড়কে সড়কে হাঁটে
আনন্দে থাকে পাখিদের সমবায়।

পৃথিবীটা আর থাকছে না জানাশোনা
সবার চোখের নিচেই দেখছি কালি
চিলেকোঠা খুলে জোছনা দেখব তবু
জীবন সাজাতে দিতে হবে জোড়াতালি।

১৫/৪/২০২০