২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুহম্মদ নূরুল হুদা: করুণাকালের কবিতা

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 04 May 2020, 11:21 PM

Updated : 02 Sep 2022, 08:34 PM


১. নাক্ষত্রিক রাজ্যপাট

তো বাড়ি ফিরতে ফিরতে
দেখা হলো আকাশজোনাকির সাথে
ওরা ছিলঝোপ-ঝাড়ের আলোছায়ায়
ওরা ছিল মায়া সভ্যতার মায়ায়

আমাদের তাকাতে দাও
তোমার হৃদয়ের জানালায়
যেখানে দেখা যায়
জমাটরক্তে আটকেপড়া জোনাকি
তোমার চক্ষুদ্বয়ের জোনাকি
তোমার এলোকেশের জোনাকি

উপরে নক্ষত্রের রাজ্যপাট
আলিফ লায়লার গালিচায়
যার পুনর্জন্ম হলো
স্বর্গ ও মর্ত্যের সংশ্লেষে
তোমার আমার মানবিক প্রজ্ঞায়

২. গিলগামেশ পাখি

না, কিছুই অসত্য নয়
না কোনো খবর না কোনো মতামত
যদি তুমি তা উচ্চারণ করো
তোমার জন্ম ও মৃত্যুর প্রজ্ঞাময়তায়;

না, কিছুই তো সত্য নয়
যদি তুমি তা উচ্চারণ করো
তোমার রাজকীয় নিঃশ্বাসের কোমরতাঁতে
অপরের ওপর প্রাধান্য বিস্তারের গূঢ় শর্তে
একজন একনায়ক-সম্রাটের আলখেল্লা
গায়ে চড়াতে চড়াতে

বোন আমার ভাই আমার
চলো আমরা অবরোহণ করি পাতালপুরী
আর ডানা বাড়াই মহাকাশের অনঙ্গতায়
ধারণ করি গিলগামেশের পক্ষীবেশ
পরাজিত করি যত ভাইরাস প্রতারক
শেষ পর্যন্ত প্রতিরোধ করি হন্তারক
প্রাকৃতিক হোক বা বানানোই হোক

আমরা তো উঁচিয়ে ধরেছি
আমাদের এই মাতা বসুমতির
প্রতিটি তৃণ আর গুল্মের দুর্জয় ডগা
আমরাই আমাদের
চির আয়ুষ্মান মানবপতাকা

২৫-২৭.০৪.২০২০

৩. মানুষ অনন্ত, যদি

করোনাতে
বন্দি নেই
বন্দি নেই

তুমি আমি
বন্দি আদি
যুগলেই

তোমার
দেয়ালগুলো
এই ঘরে যুক্ত
এই ঘর করোনার
থাবা থেকে মুক্ত

মানুষেরা
ভেনিস বা
গয়াকাশী,
জেরুজালেম,
ব্যাবিলন, ঢাকা,
মাছের বাজার
থেকে ওহানের

নয় পলাতক
নয় হন্তারক
মানুষেরা খেয়াপার
দশদিক পারাপার

চরাচরে ডিম্বহীন
করো করোনাকে,
মানুষ তো চিরকাল
অনাপোস যোদ্ধা,

ডিম্বহীন করো সব
বজ্রবিপদ বা ঝঞ্ঝা,
যে মানুষ অগ্রবর্তী ,
সে মানুষ বোদ্ধা

মানুষ অনন্ত, যদি
মানুষেরা যোদ্ধা

১৫-১৭.০৪.২০২০

৪.গ্রহাণুর আগে

না, কোনো গ্রহাণুর ধাক্কায়
অক্কা পাবে না এই মহাপৃথিবী,
কেননা মানুষ নিজেই উপড়ে নিয়েছে
তার মহাজননীর নাভি ও নীবি

ক্ষমতা আর বিত্তবৈভবের মোহে অন্ধ
মানুষ তো ভুলে গেছে তার জন্ম-পরিচয়
জননী ধরিত্রীর মূর্ত ও বিমূর্ত অঙ্গপ্রত্যঙ্গে
সে প্রসারিত করেছে তার লালসার হাত

সে এখন নিজেই নিজের সৃষ্ট ভাইরাস
সে এখন সজ্ঞানেই ইদিপাস

মহাগ্রহাণুর আগেই মহাক্রোধে
মহাপ্রতিশেোধে ফেটে পড়বে
আমাদের এই মহাজননী মহাধরণী

আমরা কখনো কারো কথায় কান পাতিনি
আমরা সত্যগুণী কোনো মর্ত্যমুনিকে শুনিনি
অতএব, এসো, অনুতাপে অনুশোচনায়
আমরাই আমাদের অন্তিম প্রহর গুণি
২৮.০৪.২০২০

[বিদ্র: নাসা বৈজ্ঞানিক জল্পনা আর পক্ষাপক্ষের অসার গুজবের বরাত দিয়ে বলা হচ্ছে, এক দ্রুতধাবমান গ্রহাণুর ধাক্কায় ২৯ এপ্রিল আমাদের এই মাতাপৃথিবী এক মহাজাগতিক মহাবিপদের মুখেমুখি হবে। সত্যি কি হবে? হোক বা না হোক, অজাচারী পৃথিবীসন্তান তার চেয়ে বড় বিপদ কি নিজেই ডেকে আনেনি নিজের জন্য? একবারও কি আমরা ভেবে দেখেছি, আমাদের পরিত্রাণের পথ কী?]