গোলাম ফারুক খান: অ্যান্ড্রোম্যাকির প্রতি হেক্টর ও অন্যান্য
গোলাম ফারুক খানের প্রতিটি কবিতাই যে আলাদা মনোযোগ দাবী করে, প্রতিটি কবিতা পড়তে গিয়েই দেখি নির্মাণের অপরিমেয় সূক্ষ্ম কৌশল, যে নির্মাণ কারুকার্য থেকে একটিও শব্দ বিকল্প ভাবার কোনো সুযোগ নেই। তাঁর "এ্যাণ্ড্রোমেকির প্রতি হেক্টর" কবিতাটি আত্মস্থ করার জন্যে আমি ট্রয়ের পতন সংক্রান্ত একটি দীর্ঘ প্রামাণ্য ছবি দেখেছি এবং বুঝতে চেষ্টা করেছি এই কবি আসলে কোন্ মূল বিন্দু ধরে কবিতা নির্মাণে অগ্রসর হন।
ফারুকের প্রায় প্রতিটি কবিতাই আমাকে এক গভীরতর বোধের দিকে টানতে থাকে — শব্দ-ছবি ফোটানোর পাশাপাশি ধ্বনি-ছন্দের অনায়াস বহমানতা, আর সর্বোপরি দেশ-প্রকৃতির অপূর্ব সংস্থাপনা ফারুকের কবিতাকে এক অনন্য বিশিষ্টতা দিয়েছে। প্রেমের কবিতায় তাঁর তৈরি করা মর্মর হাহাকার আমি আমার সমসাময়িক কোনো কবির কবিতায় দেখেছি বলে মনে পড়ে না।— তুষার দাশ, কবি ও প্রাবন্ধিক।
প্রিয়া ও পুত্রের চেয়ে আরো দূরে চলে যায়
মানুষের দীর্ঘ পদরেখা
অজস্র শিকড় আর পত্রালির সেই ডাক তুচ্ছ নয়, নারী
আজ সেদিকেই যাই হাতে এই তীক্ষ্ণ তরবারি
উজ্জ্বল রৌদ্রের স্পর্শে দেখো ওই আদিগন্ত
জ্বলে ওঠে তামার খঞ্জর
পতিত সখার চোখ, দীর্ঘশ্বাস, নিদ্রাহীন ধনুর টংকার
উদ্যত প্রান্তর থেকে সম্ভাষণ জানায় আমাকে।
আমি জানি, অ্যান্ড্রোম্যাকি, স্বপ্নের প্রবালপুঞ্জ
কী উত্তাপে বিন্দু বিন্দু ঝরে অশ্রুজলে
কী গোপন ঘূর্ণিধুলা তোমার ললিত খোঁপা
করে দেয় রুক্ষ কেশদাম
বোবা প্রাচীরের নিচে এই মৃদু শব্দহীন রোদসী আলোয়
তোমার নিষ্প্রভ মুখ পুত্রের মস্তক ছুঁয়ে
কম্পমান কাতর আঙুল স্মৃতির নির্জন তারে ঢেলে দেয় নিঃশব্দ মাতম।
কালো বিড়ালের মতো পায়ে পায়ে আসে জানি
বধির পতন
কোনো পলায়ন নেই–পৃষ্ঠদেশ ছুঁয়ে আছে
নিয়তির জন্মান্ধ দেয়াল
ইন্দ্রিয়বিলাসী এক স্বপ্নভুক অর্বাচীন যুবা
একদা ভাসাল পোত পায়ে দলে কাসান্ড্রার
শোকার্ত বারণ
আজ তার জলযাত্রা মৃত্যুর নাবিক হয়ে
কড়া নাড়ে ট্রয়ের তোরণে
নগরীর মেরুদণ্ডে সর্বনাশ বাজায় মাদল।
হেডিসের দেশ থেকে পদযুগে বাজে আজ কবরের ডাক
অনন্তের করতলে একদিন মিশে যাবে আমার আদল
জনকের পদচ্যুত দেহ ওই লিপ্ত হবে নিঃসাড় চৌকাঠে
অগ্নি ও ভস্মের মাঝে মুখ গুঁজে পড়ে থাকবে
নগরীর স্তম্ভ আর সমূহ গম্বুজ
ভাইয়ের সোনালি স্বাস্থ্যে ডোবাবে কর্কশ ঠোঁট
নারকী শকুন
মায়ের পবিত্র স্তন স্নেহভারাতুর আর চন্দ্রতারাময়
মৃত্যুর নির্বেদ ছিঁড়ে তমসায় খুঁজবে সন্তান।
তারও চেয়ে দুঃখ নারী, তুমি ক্রীতদাসী হবে
এই শুভ্র নিষ্পাপ শরীর
অতল তিমিরে এক ডুবে যেতে যেতে হবে দারুণ লজ্জিত
তারও চেয়ে দুঃখ এই অচ্ছোদসরসীনীরে
মাটির হৃদপিণ্ড হবে প্লাবিত সাগর
ললাটের স্নিগ্ধ স্বেদে ধুয়ে যাবে সুদূরের মুমূর্ষু পাষাণ
কত সামন্তের পুরী, নৃত্যের নুপূর কিংবা নিষ্ঠুর উনুন।
বাহুর লাবণ্যে ক্ষতি, জীর্ণ পরিধান দেহে
হবে তুমি সংখ্যাহীন চোখের আহার।
তবু যাই, হে দয়িতা, প্রাচীর পেরিয়ে আজ
ধীরোদাত্ত মৃত্যুর প্রান্তরে
কী দারুণ গ্রীষ্ম তবু রক্তনালি জুড়ে তার পতাকা ওড়ায়
বর্মে সমুদ্রের ডাক শিরস্ত্রাণে সিংহের গর্জন
দুরন্ত পেশির ভাঁজে গুরু গুরু বেজে ওঠে মেঘের ডম্বরু
আজ এই বাহু যদি শাণিত ইস্পাত ছেড়ে
খোঁজে মুগ্ধ প্রজাপতি তোমার আঁচলে
পিতা প্রায়ামের সেই স্বর্গশুভ্র আশীর্বাদময়
প্রবীণ ঝাউয়ের মতো মর্মরিত দাড়ির সমুখে
কী করে দাঁড়াবে এই কাপুরুষ মলিন শরীর?
যদি পরিত্রাণ খুঁজি গৃহকোণে ধবল শয্যায়
জননীর দুগ্ধধারা দেহের প্রতিটি কোষে
প্রতিবাদে হবে আজ জমাট পাথর
নগরীর ধ্বংসস্তুপে পাখি-পতঙ্গের মুখে
একদিন নিষ্ঠীবনে উচ্চারিত হবে এই নাম
দূরের প্রজন্ম সব, মাংসের কোরকে বন্দি ঋজু বংশধর
রক্তের চাঞ্চল্য থেকে মুছে দেবে আমাদের
নপুংসক উত্তরাধিকার।
আজ পলাতক হলে এ নিষ্প্রাণ ধাতুর বল্লম
সশব্দে উঠবে জেগে ক্ষমাহীন বিশাল ঘৃণায়
পরিত্যক্ত তূণ আর শিরস্ত্রাণ থেকে শুধু
ঝরবে ভ্রুকুটি।
মাতৃজরায়ুর ছায়া শস্য আর মৃত্তিকার দাবি
দিনে দিনে দীর্ঘ হয়ে আজ দাঁড়ায় দুয়ারে
তবে আসি প্রিয়তমা, প্রাচীর পেরিয়ে ওই
অস্তমান স্বজনের স্বর
কাসেদ হাওয়ার সাথে ভেঙে পড়ে মর্মতলে স্নায়ুর চূড়ায়
তবে আসি, তুমি শুধু আমার পথের শেষে
দৃষ্টির নীহারদীপে জ্বেলে দিয়ো স্নিগ্ধ ছায়াপথ।
গতজন্মের খড়কুটো ওড়ে
গতজন্মের খড়কুটো ওড়ে
হঠাৎ বাতাসে
কোন ডাল থেকে এত ঝরাপাতা
ভেসে ভেসে আসে
জানে না তা কেউ, জানে না পথের
উদাসীন ধূলি
মুছে গিয়ে কেন জেগে ওঠে ফের
পদছাপগুলি।
একদা বীজের অন্তর ফেটে
ফুটেছিল প্রাণ
এদিকে সেদিকে দুলে উঠেছিল
সোনামুখি ধান
ঝড়ে-বিদ্যুতে নাড়িছেঁড়া ঘুড়ি
আকাশে হারায়
গতজন্মের খড়কুটো ওড়ে
তারায় তারায়।
পথে হেঁটে হেঁটে জমেছে মুঠোয়
সামান্য ধন
গতজন্মের খড়কুটো দিয়ে
রচিত জীবন।
সুরদাসের প্রার্থনা
এই নাও ভাঙা তূণ এই নাও আহত ধনুক
ভুলে যেতে চাই এই এলোমেলো ভীষণ মৃগয়া।
সন্তানের অস্থি দিয়ে অনেক খেলেছি পাশা
পুষ্পঋতু ঝরে গেছে যজ্ঞের ঘোড়ার পিছে ছুটে
শুধু ক্লান্তি মৃত্যু-গন্ধ জমেছে পাখায়।
ক্ষমা করো এই পাপ-রূপশালি মাঠ ভরে সারাদিন বুনেছি কাঁকর
বিবস্র ছায়ার মতো ভ্রমি জলে, কণ্ঠে বাঁধা নিহত সারস
তুলে নাও এই শাপ-গোত্রের ব্যবসা ভুলে হয়েছি নিষাদ।
এ কোন অন্তর্জলি খেয়াহীন, মিথ্যার খোসায়
ভেসে যেতে হয় শুধু পরলোকহীন অন্ধকারে!
ভুল স্বরলিপি দিয়ে গেয়েছি অচেনা শ্লোক অশ্রুতির দিনে
হেঁটেছি অন্যের পায়ে চক্রপথে কুহকের দ্বীপে।
পোড়াব ফেরার নৌকা এইবার, তার আগে ছিন্ন পালে যাব
চিরচেনা দুঃখপুরে ফেলে আসা ভাঙা উপকূলে।
দিনের অন্তিম ভাগে পূর্ণ করো শুধু কিছু শাকান্নের দাবি
সুপুরিবনের পাশে ডিঙিবাঁধা ঘাটের কিনারে
যদি পারো গড়ে দিয়ো লতাগুল্মে মর্মরিত ঘর
নিকানো চাতালে দিয়ো স্থলপদ্ম স্বর্গের হরিণ
ফলভারানত বৃক্ষ-এক ফালি মেঘজমি দিয়ো আর দিয়ো
কণ্ঠ ভরে দোয়েলের শিস
পেয়ারা গাছের নিচে দুগ্ধধারাময় রাতে পুঁথির প্রহর।
অচ্ছুৎ বাল্মিকী
তোমার দরজা বন্ধ করেছ, দাওনি দুর্বাধান
তাই গাছে গাছে আশিস ঢেলেছে কাকাতুয়াদের গান।
আমাকে দিয়েছ নিশ্চল দিন নির্ঘুম শর্বরী
সকল তীর্থে প্রাণ ভরে আমি নিয়ে যাই মাধুকরী।
আমাকে নামালে কাঁকরের পথে, দাওনি চতুর্দোলা
সেই পথে আমি ভাসিয়ে দিয়েছি উড্ডীন গন্ডোলা।
আমাকে ফেলেছ আগুনমুখার দাউদাউ বাঁকাজলে
আবার জেগেছি রঙিন মাছের উচ্ছল কোলাহলে।
শীতল ঘরের ছায়া কেড়ে নিলে তাই অরণ্যে ঘুরি
আমার শরীরে তবু ঢেলেছিলে এককণা কস্তুরী।
দিয়েছ অনেক নীল বৃশ্চিক, বহু চৈত্রের খরা
তাইতো পেয়েছি করপুট ভরে ধরিত্রী সসাগরা।
তোমাকে পাঠাই না-লেখা পত্র তাতে জলে নাম লিখি
নদীতে ভাসাই কত যে ছত্র অচ্ছুৎ বাল্মিকী !
এই ভালো
মাটির ভেতরে সেই আশ্চর্য জন্মের উৎসে
যদি পাই প্রবেশাধিকার
তরুর ভেতরে সেই কাকজ্যোৎস্না আর
বীজের ভেতরে চিরহরিৎ আলোক
করে যদি উষ্ণ আলিঙ্গন
তবে আর অনুতাপ নেই
এর চেয়ে বড় প্রাপ্তি দিতে পারে রাজার তিলক?
দুঃখ নেই, এই ভালো-মেষপালকের সব গূঢ় অলঙ্কার
গোপন কেনানি স্বপ্নে গ্রহতারকার দীর্ঘ গভীর প্রণাম
দুঃখ নেই, ভালো এই সীমাহীন উদয়পিপাসা
সূর্য নদী পৌষহাওয়া বিলের পদ্মের সাথে গান্ধর্ববিবাহ
সন্ধ্যাতারা পাখি আর তক্ষকের সাম্রাজ্যশাসন।
যদি স্বযংবরা হয় শিমুলগাছের নিচে জলে থাকা জল
ঝরাপাতা কাশফুল সন্ধ্যার প্রদীপ যদি ডেকে নেয় কাছে
জলডাহুকের গান মোরগের গহন মাথুর
যদি করে নিমন্ত্রণ প্রভাতের শুভ্র অভিষেকে
তবে আর দুঃখ নেই, ভাই।
হাতে রাজদণ্ড কিংবা করতলে হীরা ও কাঞ্চন
কত আর অধিকার দেয়?
তার চেয়ে ভালো এই শস্যের গায়ত্রীছন্দ
করাঙুলে যদি বেজে ওঠে
অচল মুদ্রার সেই বীণাপানি মেঘবতী নারী
নিদ্রা ভেঙে যদি দেয় মধুর চুম্বন
ধূলি মেঘ ছায়াপথ ও মানুষের স্বপ্ন স্মৃতি দীর্ঘশ্বাস জুড়ে
যদি এই বাহু থেকে অনন্ত খননকার্য চলে
তবে তাই ভালো।
