২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুহিনা ফেরদৌস: পৃথিবী উধাও হওয়ার দিনে

রুহিনা ফেরদৌস

Published : 02 Apr 2020, 01:48 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


দাঙ্গা

পেছাতে পেছাতে আমাদের পা-পিঠ ঠেকে গিয়েছিল,
সামনে কোলাহল, চিৎকার, রীতি-সংস্কার, পাতা ফাঁদ
ঝোড়ো হাওয়া, অকাল দুপুর, তীব্র বিষন্ন রাত-সকাল
সত্য-মিথ্যা, দিনের পর দিন কতকিছু তাড়া করলো!
বাঁচার জন্য, আমরা পরস্পরের হৃদয় বিছিয়ে দিলাম
জনস্রোত-ক্রোধ-আক্রোশ তা মাড়িয়ে গেল একে একে,
আমরা পৃষ্ঠ হলাম সমাজ ছায়া আর জড়তার জুজুতে।
বালিস্রোতে ডুবে গেল আমাদের মন, মৃত্যু ও মুগ্ধতা।
রয়ে গেল আমাদের বন্ধুরা, আমাদের শক্ররা,
আমাদের পরিচিত রাস্তা, সময়, ছবি ও গল্পরা।

তোমাকে কখনও এসব উপলব্ধির কথা বলা হয়নি ।

অরুন্ধতি

ভাঙনের কালে বড় বড় ব্যাধি-মারী জন্ম নেয়,
সে সব বিষাদের অসুখে, আগুনে পুড়ে কেউ কেউ
লুব্ধক-স্বাতি-ঘাসফুল কিংবা অরুন্ধতি হয়ে ওঠে–
তোমার বোকা বর্ণমালা, আমার বেপরোয়া স্বরলিপি,

দিন শেষে বিকেলের রাস্তায় আমরা পরস্পরকে খুঁজি।
দূরের ট্রেন চলে যায় লম্বা হুইসেল টেনে, গন্তব্যহীন
আমি বহুবার একই প্ল্যাটফর্মে এসে দাড়াই, ধ্যানমগ্ন
চোখে লোকেদের যাওয়া-আসা দেখি, দেখি মাল ভর্তি
বস্তা ছুড়ে দিচ্ছে কেউ; কেউ ছুড়ে দিচ্ছে কোলের শিশুকে

যেন হাত ফসকে পড়ে যাওয়ার মানে ওরা জানে না।
এসব দৃশ্য দেখে আমার অসহায় ও বিষন্ন লাগে খুব,
মনে হতে থাকে,
গন্তব্য না জেনে কখনো কোনো প্ল্যাটফর্মে দাড়ানো ঠিক নয়।
অতীত বৃষ্টিরা তুমুল হয়ে ওঠে, ফের হুইসেল দিয়ে চলে যায়
অন্নিচ্ছুক ট্রেন; এক বিকেল সূর্যাস্থ মাথায়
আমি অস্পষ্ট আলোর দিকে তাকিয়ে থাকি।
মনে হয়, কোনো এক ট্রেনে বুঝি তুমি এসে নামবে এবার।

পৃথিবী উধাও হওয়ার দিনে

সময় হলে
অহেতুক সব যুদ্ধরা থেমে যাবে।
তবে জেনো,
মানুষের গোপন লড়াই শেষে
চারপাশে
যে সৈন্যরা দাড়িয়ে থাকে
তারা সব এক একটি পরাজিত ভাল্লুক।
পৃথিবী উধাও হবার দিনে,
দেখি,
কারা যেন বসন্তের বিলাপ করে।
পাখিরা কবর খুঁড়ে চলে যার যার,
সন্ধ্যা নামে মৃতের ডানায় ভেসে।
কে যেন এতদিনে
আমাদের নামগুলো মুছে দিয়েছে,
ছুরি হাতে
অচেনা ছায়া কেটে চলে সে আজ।
অথচ মৃত্যুর পরও
চোখ সে সব ব্যাথা ভোলে না-
ঘুমিয়ে থাকে শুধু
অজস্র আলো ও মৃত্যুর আড়ালে।
হঠাৎ, রাত জড়িয়ে
কেঁদে ওঠে ভীতু এক বেহুদা মাতাল।
এভাবে দিনের পর দিন মানুষের
স্বপ্ন ও স্বার্থের রেলগাড়ি
ধুলার যাত্রী নিয়ে বিদিক ছুটে চলে,
চেনা নক্ষত্রের ব্যাথা বুকে
পৃথিবী উধাও হতে থাকে,
পৃথিবী উধাও হতে থাকে,
আর আমাদের অস্তিত্বগুলো আরো একবার
চূর্ণ হয়ে ভেঙ্গে পড়ে মহাকাশে, মহাকালে।