কুমার চক্রবর্তীর কবিতা: কাল, আর্কএঞ্জেলের সাথে
চিত্রকর্ম: সুলতানা মিমি
আজ রাতে শ্বেত ঝিনুকে তুলে নিই গাঢ়-লাল মদ,
— ইসমারি নয়, দান্তের প্রিয় ভিনকোতো,
তুমিও তুলে নাও ঠোঁটে, বা
ঢেলে দাও তোমারই স্মিত স্তনের ডগায়,
আমি আর খুঁজব না সেথায়–বকুল, বা হায়াসিন্থের ঘ্রাণ।
কাল রাতে আর্কএঞ্জেল এল স্বপ্নে; বলল, জানো না–
পৃথিবী এক সুপ্ত গোরস্তান,
জীবিতরা এখানে গোরখোদক মাত্র,
গেয়ে যায় চিরন্তন খননের গান!
বললাম, দ্যাখো, পড়ছি আলব্যের কামুর লা পেস্ত, আর
নিজেকে ভাবছি জোসেফ গ্রাঁ;
পড়ছি ড্যানিয়েল ডিফো:
আ জার্নাল অব দ্য প্লেগ ইয়ার,
–১৬৬৫ খ্রিস্টাব্দ: লন্ডন
গোর আর গোরস্তান একে অপরের জন্য অপেক্ষমাণ,
তাদের যুগল অট্টহাসি নিশ্চিহ্নের সংকেত ছড়াচ্ছে হাওয়ায় হাওয়ায়,
আর সূর্যাস্তের পর
ছয় ফুট মাটির গভীরে জায়গা মিলছে
মুহূর্তে নিকাশ-হওয়া অমৃতস্য মানবদের।
শুনে আর্কএঞ্জেল বলল:
অ্যাপোকেলিপ্স, অ্যাপোকেলিপ্স–লন্ডন, ওরান, উহান;
জেনে রেখো–
মৃত আর জীবিতের এ জগতে মৃতরাই সংখ্যাগরিষ্ঠ, সুতরাং
গাও গণতন্ত্রের কোরাস গান
জেনো, মৃতের রাজ্যে জীবিতরা যে বেমানান!
