বঙ্গবন্ধুকে নিয়ে শেখ রেহানার কবিতা: বাবা
জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে
শুভেচ্ছা জানানো ছিল
আমার সবচেয়ে আনন্দ।
আর কখনো পাবো না এই সুখ
আর কখনো বলতে পারব না
শুভ জন্মদিন।
কেন এমন হল?
কে দেবে আমার প্রশ্নের উত্তর।
কোথায় পাব তোমায়…
যদি সন্ধ্যাতারাদের মাঝে থাক
আকাশের দিকে তাকিয়ে বলব
শুভ জন্মদিন
তুমি কি মিটি মিটি জ্বলবে?
যদি বিশাল সমুদ্রের সামনে
ঢেউদের খেলার মাঝে থাকো বলব
শুভ জন্মদিন
সমুদ্রের গর্জনে শুনব
কি তোমার বজ্রকণ্ঠ?
পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ
নীল আকাশে লুকোচুরি খেলে
তুমি কি ওখানে?
তাকিয়ে বলব
শুভ জন্মদিন
এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে
ওখানে কি তুমি?
আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়
তোমাকে খুঁজব, ডাকব
যে প্রতিধ্বনি হবে
ওখানে কি তুমি?
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।
