সাম্মি ইসলাম নীলার আরেক দুনিয়া ও অন্যান্য
০১
আরেক দুনিয়া
একদিন পৃথিবীতে নেমে আসবে আকাশের কোটি কোটি টুকরো। আমরা টুকরো আকাশগুলো হাতে নিয়ে প্রবলউল্লাসে মেতে থাকব…
তখন আসতে থাকবে প্রলয় বাতাসের ঢেউ। টুকরো আকাশগুলো পাখি অথবা প্রজাপতির মতো পাখা মেলে উড়ে যাবে শূন্যের দিকে…
উড়ে যাওয়ার দৃশ্য দেখে আমরাও শিখে নেব আত্মরক্ষার কৌশল…
ক্লান্ত হয়ে থামব নতুন এক দুনিয়ায়। সেখানকার আকাশ হবে তুলতুলে সোনালি রঙের। চতুর্দিকে ছড়ানো থাকবে শিউলি ফুলের ঘ্রাণ। কিন্তু, দেখা যাবে না কোনো ফুলের উপস্থিতি!
মৃত দুনিয়ায় জীবন্ত ফুল থাকে না। পৃথিবী হতে বাস্কেট ভরতি ফুলের ঘ্রাণ নিয়ে ছড়িয়ে দেয়া হয় সেখানে…!
০২
এ কেমন জীবন
এ কেমন জীবন!
রেল গাড়ি আসে
রেল গাড়ি যায়
যেতে যেতে
আমার দু'চোখ হতে
অনেক দূর চলে যায়…
আমি বসেই থাকি
অপেক্ষার তসবি হাতে
ফুরায় না সময়
শুধু রেল গাড়ি আসে
রেল গাড়ি যায়…
দৃশ্য দেখে দেখে
পার করি
দিন-রাতের তর্জমা
শুধু রেল গাড়ি আসে
রেল গাড়ি যায়…
আমি কানে শুনি না
ঘুম আসে না
খিদেও লাগে না
রেল গাড়ি আসে
রেল গাড়ি যায়…
এ কেমন জীবন!
শুধু রেল গাড়ি আসে
রেল গাড়ি যায়…
যেতে যেতে
আমার দু'চোখ হতে
অনেক দূর চলে যায়…
০৩
তফাৎ
চারদিকের সবুজগুলো দিনে দিনে সাদা হয়ে আসছে। তবুও সাদার অভাব। হাত বাড়িয়ে ডাকতে চেষ্টা করি কাউকে।
দম বন্ধ হয়ে আসছে…
রাত তিনটার দিকে
বুকের ঠিক বাম পাশের
একটু নিচে
প্রচ- ব্যথা হচ্ছিল
চিৎকার করতে চেয়েও
ব্যর্থ হই ব্যথার দাপটে
পর্দার আড়াল থেকে অপরিচিত কয়েকজন মিলে
আইসিইউতে ভর্তি করালেন
মাঝখানে কেটে গেল সাড়ে তিনশো বছর।
কয়েক টুকরো রোদ হাসপাতালের ছোট্ট ভেন্টিলেটর দিয়ে অবাধে প্রবেশ করে তড়পাচ্ছিল অর্ধমৃত দেহের উপর।
রোদের তাপে ভেতরের আমি গলে গিয়ে পরিণত হই বরফে।
নিস্তব্ধতা ভেঙে আলখাল্লা জড়িয়ে
হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলেন
অদ্ভুত এক ব্যক্তি
ভাবলাম যমদূত!
কিন্তু না!
বুঝতে পারি ডাক্তার
তড়িঘড়ি ব্যথার কারণ জানতে চাই
ফরমালিটি না দেখিয়ে
ফাইল হাতে ধরিয়ে বললেন,
একটি কালো মিনার আগ্নেয় কু-লীতে জ্বলছে
মুহূর্তেই চমকে উঠি!
কিছু জানতে চাওয়ার পূর্বেই ফের উত্তর আসে
মিনারটি সাদা হলে ব্যথা হতো না।
ব্যথার উপর আরেকবার চিনচিন ব্যথা হলো আমার।
০৪
আত্মা ও একটি নীল শাড়ি
সন্ধ্যাকে বলেছি বেলিফুলের গন্ধ মাখা কিছুটা আঁধার জমা রেখো। অথবা গোটা একটি সকাল তুলে রেখো শুভ্র মখমলের আড়ালে! অভিমান নয়, নয় অনাদরও! আমরা আসলে অভিন্ন পথের, মোলায়েম ডাইম ডাসের ওপর জমে থাকা শিশির!
কখনো ছুঁইনি অভিমানের এপিঠ-ওপিঠ! যদি এমন করে বিগত হয় কিছুটা সকাল! তবে শিশিরের মাঝে জল নয়, শুধু করুণ ঘোঙানি ছড়িয়ে পড়বে ঝর্ণা হতে সমুদ্রব্যাপী…!
চলো তারচে বরং আপোশ হোক গলে যাক জমাটবাঁধা অতীত…
তুলে রেখেছি কিছুটা অধিকার…!
ধ্যান ভেঙে গেলে আগলে নিও নীল শাড়ির উষ্ণ আঁচল…!
০৫
ফড়িংয়ের চোখে পৃথিবী
*
প্রিয়তম ফড়িং
এত ক্ষুদ্র চোখে
তুমিও কি দেখতে পাও
যাবতীয় হাহাকার?
চাঁদ ওঠা, সূর্য ডোবার খেলা!
জানালা খুলে বিকেলের রোদ গায়ে মেখে
যেভাবে দাঁড়িয়ে থাকে শাড়ি পরা তরুণী!
বোঝো তার ভেতর ঘেঁষে উড়ে যায় কতখানি মেঘ?
ও ফড়িং
বলো না ভাই
তোমার চোখে কতখানি বিশাল
এক ফোঁটা কুয়াশা
বিশুদ্ধ মৃত্যুর ঋণ?
