তুষার দাশের কবিতা: চুমু, বাঁদর-নাচ, কাঙাল ও অন্যান্য
থার্টি ফার্স্টের কবিতা
অসুন্দরের গল্প অনেক শুনেছি আর কিছু কিছু পড়েছি ওখানে,
কখনোবা এইখানে বসে—
তত যে সুন্দর নয় আমাদের পাড়ার মেয়েটি,
পুরুষালি চোখ কিন্তু তাকেও ছাড়ে না,
দেখে তার নিতম্ব ও স্তন বড়ো মনোযোগে,
তারা যেন পাহাড় ও টিলা সব দেখে নিচ্ছে জবাবদিহির,
বেশ আয়োজন করে কিম্বা কোনো আয়োজন ছাড়া—
পুরুষেরা এসবে অভ্যস্ত আর মনে করে
এইসব তাহাদের বাপ ও দাদার কিম্বা তস্য দাদার কাছ থেকে পাওয়া
নিতান্ত সামান্য এক উত্তরাধিকার, প্রায়শ জমির মতো
প্রজন্মের ব্যবধান ছাড়া একে ক্রমাগত ভোগ আর উপভোগ
করে চলা একান্ত দস্তুর!
জানতে হবে এইসব, সবকিছু—জানাটা জরুরি আর
পুরুষেরই পক্ষে তো সব অভিযান স্বাস্থ্যকর, উপাদেয়,
অধিকারবোধে তৃপ্ত, চিরঅনুকূল হাওয়া, জ্ঞানাঞ্জন শলাকায়:
পদ্মেরই মতো ওঠে ফুটে। কিন্তু ডাইনি উপাধি দিয়ে উল্লাসে পুড়িয়ে মারা
তাকেই সহজ। চলো, আজ তাই করি—থার্টি ফার্স্ট এসে যাচ্ছে,
নারীরা পুড়ছে শুধু—চিয়ার্স চিয়ার্স আর উল্লাস উল্লাস !!
এইবার সুন্দরী মেয়েটির কথা হবে।
তাকে তো জিজ্ঞেস করে জানতে হবে প্রথমেই কে কে তাকে চুমু খেয়েছিল
কিম্বা কারা বেঁধেছিল আলিঙ্গনে আরও কিছুদূর অগ্রসর হবে বলে
কে প্রথম শিখিয়েছে তাকে অনুস্বার-বিসর্গের মোহন সংগীত, তীব্র অনিচ্ছায়—
জানতে হবে কারা কারা তার অনিচ্ছায় তাকে ধর্ষণ করেছে,
কারা কারা মাঠে নেমে বল্লমের সুতীক্ষ্ণ খোঁচায় তাকে রক্তাক্ত করেছে,
কারা তাকে, জমিকে অনেক বেশি উর্বর করার কথা বলে
রজঃস্বলা সময়েই টুকরো টুকরো করে কেটে, মাঠে ছড়িয়েছে—
তার রক্তে ধান-পাট ব্যাপক ফলেছে
নাকি নিম আর করলার তিক্ত স্রোতে ভেসে গেছে অজ্ঞান পৃথিবী ?
চুমু
এই মেয়ে এই ছেলে শোনো—
তোমরা বেশ দুঃখ পাবে বলে
তোমার মায়ের জন্য, তোমাদের
জন্মদাত্রী মহিয়সী নারীটির জন্যে
আমি আর কোনো চুমু জমিয়ে
রাখি নি!
তোমার বা তোমাদের পিতার
অবর্তমানে বহু চুমু খেয়েছি তো
তাঁকে—
আমাকে পাগল করা সেইসব চুমুদের
কথা মনে হলে ইতিহাস গাঢ় হতে
থাকে-
মনে হয় সামান্য চুম্বন—আসলে তা
ইতিহাস, ভূগোল ও অর্থনীতি,
এমনকি দর্শনেরও এখতিয়ারে এসে
যায়—
সমুদ্র বিশাল বলে এক লোক
ঝটিতি স্পীডবোট থেকে ঝাঁপ
দিয়ে পড়েছিল গভীর সমুদ্র-বুকে
নিজের জীবন সেও হাতের তালুতে
তুলে নিয়েছিল বিশালতা মেপে
নেবে বলে। এ তো ইতিহাস।
পকেট হালকা বলে এক কাপ চা
অনায়াসে দু'জনেই ভাগ করে খাওয়া
এর মধ্যে অর্থনীতি নেই ?
আসলে, এসব কিছু নয়—
এত চুমু এত চুমু জমিয়ে
রেখেছি
আর জমানো হয়েছে—
প্রচণ্ড ক্রোধের মুখে, অপমানে,
ঝম্ঝমানো বৃষ্টির ভেতর-প্রকাশ্যে
লোকের সামনে, রিকশায় ঘুরে ঘুরে
একটু আড়াল পেলে, ভয়ংকর রোদের
ভেতর, ঘামে-ভেজা সমস্ত শরীরে—
আচ্ছন্ন বোধের মধ্যে ঝিলপারে—
নদীর কিনারে এত চুমু খেয়েছি
যে তোমাদের মাকে—এই ধরো
নৌকার ছইয়ের ভেতরে—গান
শোনার ফাঁকে মেঝেতে নামিয়ে—
রাগ হচ্ছে—ভয় পাচ্ছো—খুন করবে
এখন আমাকে ?
আসলে তোমার মাকে দূর থেকে পুরোটাই
দেখে গেছি আমি।
বাঁদর-নাচ
গুরু-প্রশ্নে ভোরের মুঠিকে তুমি
আলগা করেছো।
তোমার দর্শন তত্ত্ব হাজার হাজার ফুট নিচে
পড়ে যাচ্ছে, তাই—
অন্য কোনো প্রশ্ন আর উত্তর ছাড়াই।
বানরের খেলা যারা দেখে
তারা শুধু বানরের নাচানেওয়ালাকে দেখে না
তারা কেউ কেউ ভাবে বানরের ইতিহাস—
মুগ্ধ চোখে নাচনের পাশাপাশি
বানরের ভেতরের বেদনাকে,
তার স্মৃতি-বিস্মৃতির সম্মোহনও দেখে।
কাঙাল
'অসামান্য' শব্দটিকে তুমি তো বোঝো নি!
এই সামান্যের লোভে তুমি কিন্তু
থেকে গেছো চিরকাল নতজানু
সত্যের মুখশ্রী থেকে দেড় কোটি মাইল
দূরে—
পোস্টকার্ডে লিখে দেওয়া আমাদের
সরল গ্রামীণ সেই ঠিকানার
কোনো কিছু এখনো বোঝো নি—
ভেবেছো একাই তুমি স্মার্ট!
শুধুই তোমার মুখে পপকর্ন বুলি ফোটে,
আর সব ঢিলেঢালা মলিন কাপড়-পরা
হা হতোস্মি চিরকাল
আধপেটা খেয়ে থাকা উশ্কুখুশ্কু
গঞ্জের কাঙাল!!
অক্ষম গ্রামের গল্প
বুকের ভেতর এক পুরো গ্রাম নিয়ে, তাকে বাজাতে বাজাতে
শহরে এসেছিলাম।
আমরা মফস্বল, আমরা গ্রামীণ কিংবা গেঁয়ো।
আমার স্বপ্নগুলো নয়—
ওরা বেশ ঝকঝকে ডাকাবুকো, টেক্নো কিছুটা
গ্যাজেটের প্রতি তার দুর্নিবার আকর্ষণ
চিত্ত তার ভরে ওঠা রবীন্দ্রসংগীতে।
গ্রামের সরলমতি লোকজন
শঠের শহরে এসে শাঠ্য শেখে, কৃত্রিমতা শেখে।
লুঙ্গির বদলে তারা জিন্স্ পরে
রাত্তিরে ঘুমুতে যায়।
কখনোবা হাফফ্যান্ট, গোলগলা টি-শার্ট—
ওখানে নানানভাবে লেখা থাকে নানান উল্লেখ্য
পঙক্তি,
এমনও থাকতে পারে—'মামুর তো মামি নাই—
তুমি শুধু আছো'—'ঘরছাড়া এমন গ্যাঞ্জাম'
আরও আছে এরকম কত।
এইসব দেখে দেখে আমরা অনেক জোরে
আরও বেশি করে দু'চোখ বন্ধ করে প্রাণপণে
জড়িয়ে ধরি গ্রামের সবুজ, জল, পাখির দু'ডানা।
বহুদিন শহরে রয়েছি।
বহুদিন এসব দেখেছি।
আগে তো গ্রামের গুমর ছিল ব্যাপক, প্রবল—
গ্রাম ঋদ্ধিমান ছিল, শেকড়ের সবর্স্বতা ছিল
শহরে আসার পর কোনো দুঃখী গ্রামে ফিরে
গেলে,
গ্রাম তাকে ফিরিয়ে দিত না—
এখন শহুরে দিন, ক্লান্তিকর জীবনযাপন
আর শূন্য হয়ে গ্রামে ফিরে গেলে
শহরে হারানো তার কোনোকিছু—
বিকলাঙ্গ মন, বিভাহীন অনস্তিত্ব, অপার অসুখ—
কিছুতেই, কিছুতেই সক্ষম নয়, অবাধে ফিরিয়ে দিতে
আমাদের প্রাণপ্রিয় স্বপ্নভরা গ্রাম।
