আল-আমীন আপেল-এর এক গুচ্ছ কবিতা
হাসিফুল
সুপ্রভা, রাজ্য-মহারাজ্য কিংবা মহারাষ্ট্রের
ব্যস্ততা তোমার থাকতেই পারে;
অমন মায়াময় মুখে তাই বুঝি
হাসিফুল ফোঁটাতে বারণ?
নিশুতি রাতের মোনাজাত
স্মৃতিদূত বেখেয়ালে কড়া নাড়ে
অতীতঘরের তালাবদ্ধ দরজায়।
নিশুতি রাতের মোনাজাতে জেগে ওঠে
প্রিয় মা, মাটি এবং দুঃখিনী বাংলাদেশ।
ভ্রম
বিহঙ্গ-মন আমার কবিতায় মন না দিয়ে ছুটে চলে- জীবনান্দ দাশ, কাজী নজরুল,
বুদ্ধদেবের খোঁজে; কোথা আছে, কেমন আছে তারা? কাব্যচর্চা কেমন চলছে এখন?
অনেক অনেক দিন হয়ে গেল খোঁজ নেই কোনো। অস্থির মন আমার মুহূর্তে ধাক্কা খায়
বাস্তবতার দেয়ালে! স্নায়ুকোষ হতে জবাব আসে: হে বালক! তুমি একুশ শতকে।
ভ্রম কেটে গেলে, আবার পড়ার টেবিলে বসি, দেখি: চেয়ে আছে চিরযৌবনা,
রহস্যময়ী অবনী, বনলতা সেন।
জোছনার যৌবনতত্ত্ব
রোজকার এক ভাবনা: সব রাত জোছনা ছড়ানো নয় কেন?
রাতের বুকে অমাবস্যার চাঁদ হাসে কেন?
জোছনা কি অভিসারে যায় সেসব রাত্তিরে!
সেজন্যই কি জোছনা দিনকে দিনকে অমন যৌবনময়ী হয়ে ওঠে?
সহযাত্রী
আজকাল প্রায়শ একটা গাংচিল আমায় উড়িয়ে নিয়ে বেড়ায়।
আমি আয়েশ করে বসি গাংচিলের পিঠে।
চিরায়ত স্বভাবে, খানিক পর-
তন্দ্রা চুম আঁকতে চায় চোখের পাতায়।
একি! পাবলো নেরুদা, মুরাকামি, অ্যালেন পো, মান্টো, রবি ঠাকুরও তো দেখছি ভাসছেন….
চৈতন্যে দেখি: ঘড়ির কাঁটায় রাত্রি দুটো। তাবৎ শরীর সটান পড়ে আছে শোবার ঘরে।
পাশে পড়ে আছে রবি ঠাকুর, অ্যালেন পো, মুরাকামি, মান্টোসমগ্র।
কবি
প্রগাঢ় একাকিত্বে খুঁজে-ফিরি নিজের অবয়ব।
সময়ের ধুলো জমা আয়নায় বড্ড ঘোলাটে আমি!
আঁতকে উঠি জলচকিতে- এটা কে? আমি!
ভেতরের সত্ত্বা বলে ওঠে: হ্যাঁ রে পাগল! এটা তুই। কবি!
তাই শুনে কে যেন বলে উঠলে: কলসী উপুড় করে আবেগ ঢেলে
আমায় স্নান করাও কবি; আবেগস্নানে মাতোয়ার হতে চাই আজ!
লুট হওয়া শহর
তোমার শহর জুড়ে নাকি তীব্র ভালোবাসার ছড়াছড়ি,
ভালোবাসার কাঙাল আমি- সহসায় ছুটি তোমার শহর অভিমুখে;
দেখি: কাপড়ের দরজা ভেদ করে, কারা যেন চেখে যাচ্ছে
তোমার শহর: নোনতা, বিস্বাদ! লুট হওয়া শহর। ভালোবাসা নেই যেথা, একরত্তি!
কালো রাত
সবাই তোমার শরীর চেটেপুটে খাবে আজ; খোলো,
কাপড় খোলো; তোমার অনাবৃত বুকের
জমিনে হেঁটে যাবে সকাল-সূর্য;
প্রস্তুত হও কালো রাত।
