২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোস্তফা মহসীন: হাওরের দাগ ও অন্যান্য

মোস্তফা মহসীন

Published : 04 Jan 2020, 02:44 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: তাশমিন নূর

হাওরের দাগ
কৈশোরের আকুল আগুন
ছুঁয়েছিলো জলমন্ত্র…
যে হাওরে স্রোত বেশি
সে হাওর জুড়ে নাকি; প্রেতিনী-ডাকিনি?
হাসে অন্তরাত্মা
হাওরের কালান্তরে কথকতা…

একেক ঋতুতে একেক যাপন
জ্যোতির্ময় লীলাময়, প্রভু ও পরম
বলি; হাকালুকি হাওর কি তোমার-আমার
ইচ্ছাজলে সুগঠিত-
শীতল -আশ্রম?

ঝাঁকে ঝাঁকে পাখিদের মুক্তির বাহাশ
মানুষের ঠোঁটে ক্রুশবিদ্ধ
অতিথি পাখির মতোই লাফাচ্ছে
হাওরের– 'রাণীমাছ' ;নয়নাভিরাম!

ভাবতে গেলেই অ্যাবসার্ড
হাওরের ফসলী ভূমিতে না তাকিয়ে–
দিগন্ত রেখায় খুঁঁজি
দুস্কর্মের দাগ।।

গভীরে: অর্থের বিভঙ্গ
উত্থিত পুরুষাঙ্গের মতোই জিভ ছলকে বেরিয়ে পড়ে ক্লান্ত হয়ে গুটিয়ে গেছে। হোপলেস। তুমি অস্ত যাওয়ার ইতিটুকু লিখছো ফাটা ডালিমের দানা চুষে। বলো,পুরুষেরা বুড়ো হয়ে গেলে কি; দাবড়ানি দিয়ে থামাতে পারে সূর্যবাহাদুরকে? ভাবো, অন্তহীন অস্বীকারের বায়ুদূষণ ঠেলে এ যাত্রায় কোনোমতে পৌঁছাতেই হবে: পরিস্কার আকাশে। সম্পর্ক তৈরির মধ্যে তোমার কোনো ভূমিকাই ছিলো না-এই মধ্যবয়সে। দেখো, পরম বিষ্ময়ে এখন তুমি ডুবে যাচ্ছ…। ডুবে ডুবে জল খাচ্ছ; সরাসরি সম্পর্কের সলজ্জ গভীরে।
যৌবনে বেশ কয়েকবার প্রতিশ্রুতির গলা টিপে ধরেছিলো- অভাবের দস্যু। কূট-কৌশলের অসামান্য প্রদর্শনে খুঁজে পেতে কষ্ঠ হয় নি;-অর্থের বিভঙ্গ। আপাতত তুমি রসকষহীন-সফল;তবু বেলা শেষের বেলাতে, স্বচ্ছ হতে কেন যে চাও- আয়নার মতো অবিকল?

উড়ন্ত চর্চা: এক
পার্থিব বাসনা কী তাড়িয়েই দিলো নিষেধের অন্ধকার?
আমি ছাগল নিয়ে খোলা মাঠে ছুটতে থাকি…
আর বলি, শাপলা ও শালুকের দেশ জিন্দাবাদ
আমার মস্তক পরেছে গোধূলির অহংকার
আম্মা দরজায় দাঁড়িয়েই আছেন ডানপিঠে ছেলের অপেক্ষায়…ওই দিকে
শিশু নাসারন্ধ্রে লেগেছে জলার্দ্র সুখের বুনোট
সৃজন তরঙ্গে অবুঝ শিশু বুঝে না মাতৃশাসন;বুঝেছে বুনোফুল!

কী আছে রোমাঞ্চ পাপড়ির বর্ণে
গুল্মলতা আর সবুজ উজানে…কাঁটার সংঘাতে
জেনেছি পৃথিবীর সব প্রাণে রক্ত রঙই অভিন্ন লাল
প্রাণীসংঘ দোষে বেলা গেল সন্ধ্যা সমাগত মনের
নি:শ্বাসে দীর্ঘ হল বুঝি;-ঘাসের শহীদ মিনার?
পাখির উচ্ছ্বাসে ভেসে কেন যে মনে পড়ে: শিশুবেলার পুস্পপূজা! ভাবি বয়সের নিয়মে
অসঙ্গত পথ মাড়িয়ে ধীরে ধীরে কতোটা এগোল হে, যুবক হ্নদয়ের উড়ুউড়ু– চর্চা?

মননে ঝাঁকুনি
ট্রেনের হাতল ছেড়ে
আনন্দ যখন ঝাঁপ দিলো প্লাটফর্মে
ভাবনা তখন টাল সামলাতে
না পেরে উল্টেই গেল
পিছনে; ক্ষয়িষ্ণু চিন্তা
বিড়ির আগুন ঘষে নয়া আগুন আনলে; নতুন দিনের
বার্তা স্থির হয়ে গেল একটি প্রবল ঝাঁকুনিতে!

ছল ছাতুড়ি
বিরচিত লগ্নিপুঁজি
মনোমৈথুনে তোমাকে ছোঁয়ার স্পর্শ বুঝি
দারুন বাতাসে
শোনো ক্ষরণ উচ্ছ্বাস…
রক্তকণিকায় আজ

ছড়িয়েছে যে ঝিনুকসুখ
নিদ্রার গহীন তলে; দেখো তাকে-
কী আশ্লেষে মূলধন ভেবে জড়িয়ে ধরেছে
প্রকৃত অধর!

বিরচিত লগ্নিপুঁজি
রাঙাস্বপ্নে আসো অমৃতমন্থনে নামি
মনুষ্যশাসিত জলে হোক উল্লম্ফন

প্রিয় কলকাতা
পথের পাথর থেকে জলস্রোত ঝরে না কখনো! আমাকে ডাকে তোমার জনস্রোতে লেপ্টেথাকা সে-ই চেনাদৃশ্য। সল্টলেক, কলেজস্ট্রিট, ধর্মতলার মোড়… দুঃখের মহড়া পায়ে কলকাতা ছুটে ঘরছাড়া স্রোতের মানুষ! দু'পা এগিয়ে –এক' পা পিছিয়ে– ঞ্জান ও বোধের সড়কে আমিও তোমাকে ছুঁই; শুনি ভোরের স্বপ্ন ভেঙেচুরে প্রার্থনায় বসা দু'পাড়ের মানুষের মৌনবাণী: ভাষার পবিত্র শক্তি একদিন বদলে দেবে সীমান্তের জ্যামিতি!
ট্রামে দুলতে দুলতে দেখি, নয়নাভিরাম বিজ্ঞাপন; রঙে রঙে সাজানো কৌশল–বিছানায় পাশাপাশি দারিদ্রও অসমাপ্ত সমাজ বিপ্লব। পাতাল ট্রেনেই প্রথম চড়ে বুঝেছি–দেশভাগের অশ্রুবিন্দু কতোটা মধুর?… যখন এতোটা এগিয়েছে ঢাকার বন্ধু কবি ও কলকাতা শহর। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দু'বাহূর ঘামে অহং এর পোশাক খসে যেতে চাইলে খুঁজি পথের রেখা; মাটির স্বজন। আর স্বপ্ন দেখি নিরন্তর একদিন–
ছায়া আর খোলা হাওয়ায় স্বেদবিন্দু গলে গলে মাস্টারপ্ল্যানে সাজাবে বিজয়গাথা; নয়া জাতীয়তার সনদ!

হ্নৎকলম
তন্দ্রার গায়ে কেবলি নেশা
লেগে দেরী হয়ে যায় কাজে,দেরী হয় প্রেমে
স্বপ্নভূক নদীও সমুদ্রে যায় জলজ আবেগে
সব পাপ ধোয়ে সব পাওনা ফিরিয়ে নিতে
আমি বসে থাকি তার তীরে; মাঘী পূর্ণিমায়
সব ঋণ শোধ করে আমার-তো–
সমুদ্র
হবার
কথা!

উড্ডয়নকাঙ্ক্ষা
ক'ফোঁটা দৃষ্টির রঙ
ছুঁয়ে হলো সম-অধিকার
খরাদেশে মরাঘাসে
করি আত্মপাঠ;
সহজিয়া সুর…
কলাবিদ্যা বুঝেনি কৃষক
বুঝে সোনালী অঘ্রান;মধুমাস!

স্থলপথ-জলপথ-উড়োপথ
গৃহ ও অরণ্য, জনারণ্য-রাজপথ
সম্ভাবনা-সম্ভাষণ ছেঁয়ে যায় বঙ্গীয় বিরহ
আহা সবেধন বিগত বছর!
তমসার তীর ধরে হেঁটে খুন হলো বিত্তের সৌরভ

ভয়কে সমুদ্র মানি এখনও আর–
দিগ্বিদিক শেয়ার মার্কেট ঘুরি
শিমুল তুলোয় উড়বেই
বছরের উড্ডয়নকাঙ্ক্ষা শুধু জানি।

মাধ্যাকর্ষণ শক্তি
যুগপৎ ধাক্কায়, কী অক্লেশে
ছুঁইনি যদিও
–তোমাকে; অথবা
প্রাত্যহিক ভীড় ঠেলে তুমিই প্রথম ছুঁয়েছো আমাকে
সে তো কৌশলী মুখের ইতস্তত হাসির ঝলক জানে

স্পর্শে ছিলো এক লহমার সুখ
সুখের সে অসুখে হলো রক্ত ছলচ্ছল

সুন্দরীতমার ভীড়ে কোট-গাউনের স্বপ্নবাজি
সূর্য চনমনে দিন
সাথে লুকোচুরি,
আমাকে টেনেই নিলো–
সি.এম.এম কোর্টের মাধ্যাকর্ষন শক্তি?

জনারণ্যে আলোড়ন
নীরব আড়ালে প্রতি আনন্দকণায় মিশি
প্রণয়তাড়িত মনসুখে
লাবণ্যের মুখচ্ছবি; বুঝেও বুঝে না–
ফৌজদারী আইনের
বাতিল ধারায় কেন কাঁপছে লৌহমানবী!

সুন্দর কিছু না, যৌবন কিছু না; প্রাণের উত্থান
আমাকে নিকটে রাখো, আমাকে নিকটে রাখো–
কলঙ্ক তোমাকে শেখাবেনা–
অসময়ে মেঘের সাঁতার!

ধুলো সংহিতা
চূর্ণ করছি ধুলোয়; দুঃখী অপরাহ্ন
মর্মমূলে আলো, অন্তরাল ব্যাহত করে না
নাবিকের কম্পাস
…সমাপ্তিরও আগে শরীরের ব্রহ্মতেজ

আকাঙ্ক্ষার চেয়ে চিরসত্য
আদি ও অনন্য কিছু নাই
প্রতিটি কম্পনে চাই বিষ্ময়ের ছোঁয়া
হাড়ের ভেতর মুক্তির শ্লোগান

চূর্ণ করছি ধুলোয়; দমবন্ধ অভিমান!
সূর্যরশ্মি হারিয়েছে কচি চারাগাছ আর তখনই
তোমাকে দাগিয়ে দেয়
রহস্যের হ্নদঘাত

ও ধুলোর ফুৎকার;তুমি
বিশ্বকে জানিয়ে দাও দ্বিগবিজয়ের ভাষা!

চোরাস্রোতে যাপন
থম মারা দুপুরের তেজ ঝলসে খায়
স্পৃহার আগুন
শয়তান বধে কী ভীষণ বিচ্ছিন্ন ও একা
মস্তিস্কের চোরাস্রোত
চোরাস্রোতে হাসি, চোরাস্রোতে ভাসি
চোরাস্রোতে ছুঁড়ে দিই শ্বেতশূন্যতার জ্যোতি
অন্তরে অন্তরে ডুবে জোরালো মনের স্রোতে…
নিঃসীম মধুচন্দ্রিমা?

ওরে জলবাতাসের ভবঘুরে
মাথানত হয় তবে হোক; আত্মস্থ ঝর্নার সমাধিতে
বলো–
প্রেম ও কামের জন্য আর অযুত বছর বিকাবো না!

উড়তেই থাকো অক্ষর
শব্দের বিন্যাসে বিছানায় ঘুমহীন মাথা
রাতের শিশির ছেনে এ রাতে দেখবো–
মিথ্যের ভেতর কতো সত্য লুকিয়ে থাকে; অপরাজিতা?

আলো প্রতারণা করে, অন্ধকার শুধু
শুইয়েই দেয়
জানি নিথরের মধ্যে আছে
ঈশ্বরের চাবি; চূড়ান্ত মায়া!

পরাবাস্তবতা
পালাবো না?
গোধূলির ইশারায় ভেসে যাচ্ছি
ভরাচাঁদে… উড়ালে উড়াল…
দিগন্তে অধরা গতি…ছুঁয়ে দেখবোই পাখি
পাখিদের চোখে–
তোমার-আমার ভালোবাসা-বাসি
শ্রেষ্ঠত্বের মহানির্বাণ কিনা?

হারাবো না?
সবার অলক্ষ্যে জেনে গেছি মর্ত্যসীমা
জন্মান্তরে আস্থাই ছিলো না; তবু কেন বারবার
ধূসর মিছিল থেকে চোখ রাঙায়
গতজন্মের বেপথু হাওয়া?
স্তব্ধতার ভেতরে ভেতরেও জ্বলে জোনাকি
নিয়ন আলোয়
ঝাঁপ দেয়
পিচের রাস্তায়
একটি সুক্ষ্ম শরীর নাকি মরণেও বিলীন হয়না!

জিতবো না?
মুক্তির উষ্ণতায় নতজানু হবো জন্মান্তরতত্ত্বে
মন,বুদ্ধি,চিত্ত ও অহংকার থাকুক মিলেমিশে
রক্ত মাখি, আঁচড়ও দেখি;
পূর্ণিমার শিল্পে সজ্বিত আকাশও ডাকে
কিছুক্ষণ পর হবো অশরীরী।