২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নো ম্যানস ল্যান্ড

জব্বার আল নাঈম

Published : 20 Dec 2019, 10:21 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


অনেকদিন হয় আমি পৃথিবীতে নেই
অনেকদিন হয় আমি ঢাকা শহরে নেই
অনেকদিন হয় আমি গ্রামে যেতে পারিনি।
আব্বা মারা গেছেন পূত্রশোকে
ফিরে যাওয়ার আশায় এখনো বেঁচে আছেন আম্মা
প্রতিদিন গোপনঘরে বাতি জ্বালায়
মানত করেন পাগলা বাবার দরবারে
গোপনে চোখের পানি ফেলতে ফেলতে হয়ত বলবেন—
আমরা দু'জন দু'জনের মাঝে বেঁচে থাকব অনন্তকাল।

কোনো কালেই আমার ব্যস্ততার কমতি ছিল না,
তবু দেখা হয়ে যায়— কথা হয়
উটের পিঠে থাকা— কাহলিল জিবরানের সঙ্গে
চায়ের কাপ হাতে কাফকা
মদের বোতলে বদলে যাওয়া বোদলেয়ার
ভূগোল নিয়ে তুলকালাম কাণ্ড করা লোরকা
গোঙানির শব্দে প্রবল মাতাল বাতাস
মধ্যখানে স্থির বুদ্ধিদীপ্ত প্রাণ সুভাষচন্দ্র বসু
জ্যামিতিক জ্ঞানের পরিমিতিবোধ নিরবে গেঁথে চলছেন
আমাকে পেয়ে সকল জমা প্রশ্ন ছুড়ে দেন—
উর্দু কবিতার প্রাণ মির্জা অসাদুল্লাহ খাঁ গালিব
আত্মউদ্ধারের দাঁড়ায় নো ম্যানস ল্যান্ডে
পেছন থেকে কেউ একজন ডাকছে—
কুয়াশার ভেতর ভাসছে যার মুখমণ্ডল
ধরতে গেলে ছোঁয়া যায় না— হাতের স্পর্শে থাকা ভূ-নীতি
টাইমমেশিনে চড়ে পেছনের দরজায় পেছাতে পেছাতে
সাতচল্লিশের টেবিলে রক্তক্ষরণের আলোচনাপত্র
গুছিয়ে
দ্বিখণ্ডিত
সাদাত হাসান মান্টো
রক্তাক্ত শরীর
কোটরে লুকানো চোখ
লুকিয়ে আছে— পুরুষের ভিড়ে লজ্জাবতী নারী
নিজেকে আওড়িয়ে ফিরছে অসহিষ্ণু পৃথিবীতে।

সুবহে সাদিকের পূর্বে—
একদল উদ্ধারকর্মী সূর্য সন্ধানে দৌড়াচ্ছে
কেয়ামতের পূর্বে ঝড় থামার পূর্বাভাস নেই
কাচের দেয়ালের মতো ভেঙে যাচ্ছে শরীর—
আমার বিস্মিত উপস্থিতিতে
যদি জেনে যায় গোপন গুণিতক
রাজনীতির ছলা-কৌশল…
নতজানুর পেয়ালা দুধের নহরে আলতা লাগিয়ে নাচছে
শিকড় হারানো মান্টো পুড়ে নিত্যের তালে তালে…
হায়!
পুড়ে যায় দেবালয়-
পুড়ে যায়— সাদাত হাসান মান্টো; ভাঙা হৃদয়।

দ্বিখণ্ডিত আমাকে কবরে রাখার পর
অসহ্য যন্ত্রণার পাত্রে নিজেকে অস্থির দেখায়; মাতাল
তুলে দিতে চাইলাম নো ম্যানস ল্যান্ড
আমি দেখেছি— পৃথিবীকে ভাগ করার পূর্বে
কীভাবে ভাগ হয়ে যায়— মানুষের হৃদয়
ভাগ হয়— সাদাত হাসান মান্টোর কলিজা।

মৃত্যু পরবর্তী সময়ে
সবাই কবরে
আলাপ-আলোচনায় মগ্ন
নেই-
কোন দ্বৈতনীতি
হিংসা-বিদ্বেষ
একদল ফুটবল খেলছে
একদল ক্রিকেট।
অসহায় মানুষ বরাবরই ফুটবল
কূটজীবিরা লাত্থি মারে সমান তালে
ঘুরতে থাকে ভূগোল; অস্থির

দানব গতিতে কেউ কেউ তেড়ে আসে
ছুঁড়ে মারে ক্রিকেট বল
চার-ছক্কার আনন্দে যখন উদ্বেলিত পৃথিবী
ক্ষত-ব্যাথায় কোকড়াতে থাকে মান্টো
মান্টো আমার ভাই
মান্টো আমার আত্মা
মান্টোর আর্তনাদে—
ফেরি করি নিজস্ব কান্না দুয়ারে দুয়ারে।

মান্টো বারবার ইরেজার দিয়ে মুছতে চান ইতিহাস
কুয়াশায় ধুয়ে দেয়া অস্পষ্ট অক্ষর; বর্ণমালা
সত্য ও সুন্দরের বাগানে ফুল হাতে
ইসমত চুগতাইয়ের শরীরে সুই সুতায় গেঁথে দিচ্ছেন
নিমগ্ন সন্ধ্যায় উড়ে যাওয়া ধবল কাক
আলো-অন্ধকারের বাতিক; নাম না জানা একটি ফুল
যে ফুলের নাম প্রেম;
অসম প্রেম সকল ভৌগলিক দাবি অস্বীকার করে—
পৃথিবীতে মিলনের চেয়ে শান্তি দ্বিতীয়টি নেই
এ কথায় বিশ্বাস রেখে বাড়ছে মানুষ
যুদ্ধবাজদের ভোগ ভাগ
বিশ্বাস!
বিশ্বাস চৈত্র মাসে চৌচির হওয়া একখ- জমি
শান্ত আর সম্ভাবনার বীজ- মুহূর্তেই মারা যায়
উড়ে যায় মেঘে মেঘে বেলা শেষে শ্রাবণ গাই।

চাওয়া পাওয়ার উর্ধ্বে দাঁড়িয়ে— মৃতরা শুয়ে আছে
ধর্ম ও ভূমিভাগের প্রশ্ন ভুলে
সাদাত হাসান মান্টো'র মনে দেশভাগের দহন
ঘৃণায় অজ্ঞান
লজ্জায় অবনত
মুহম্মদ আলী জিন্নাহ
মহাত্মা গান্ধী

মৃতদের কোনো ধর্ম নেই
দেশ নেই। দেশভাগ নেই। বিভেদ- বিচ্ছেদ নেই।
বিশ্বাস-অবিশ্বাসও থাকতে নেই।

মান্টো ওসব কথা মানতে নারাজ
খুঁজে ফেরেন হারানো ইসমত চুগতাই
প্রেমিকা
খুঁজে ফেরেন এক মঞ্চের
ভারত—পাকিস্তান—বাংলাদেশ

সাতচল্লিশের পর-ইসমত জন্ম দিয়েছেন—তিন সন্তান
এদের কারো বাবা নেই।
মাথার উপর ছায়া নেই।
চুগতাই মান্টোকে অনুরোধের অবলম্বন ধরিয়ে—
এক জীবনে বাবা হও
বিচ্ছেদের চেয়ে বাবা হওয়া উত্তম
এর বেশি পরমানন্দ কোনো গুপ্তভাণ্ডারে সঞ্চয় নেই কোনোকলে।

দিনে দিনে তিন সন্তান আত্মহত্যার খেলায় কৌশল অর্জন করেছে।

ইশারায় মান্টো—
আমি ভূগোল ভুলে যাওয়া রাজনৈতিক ফল
হে মহামান্য ফাদার অব বিচ্ছেদ,
আমাকে খেয়ে ক্ষুধা নিবারণ করুন
হজম অথবা হত্যা করুন।

জাগতিক সমাজের ভদ্র অভিধানে অজ্ঞাত ঘৃণা—
প্রভূদের বানানো অপকৌশল আর অপনিয়ম ছাড়া
খালি মুখে— অন্য টেবিলে
অচেনা মানুষের সঙ্গে শেয়ার হবে-
পারস্পারিক সৌহার্দ্য-সম্প্রীতি
খাবার; ঘর-সংসার।

মান্টোর দুঃখের ইতিহাস পূণঃমুদ্রিত হলে
ভারত, পাকিস্থানের পর— বাংলাদেশের কষ্ট বাড়ে
মুজিবরও নেই শান্তিতে
স্বাধীন দেশের পরাধীন মানুষের ব্যাথা;
পাওয়া-না পাওয়ার আর্তনাদ বাড়ছে।

মান্টোর চিৎকার—
মানুষ,
পৃথিবীকে ভালোবেসে মরে যাও
তবু স্বদেশকে নয়
শিশিরের ভোরে স্বদেশ হতে পারে আত্মহত্যার ফাঁদ
মনের বিরুদ্ধে স্বজন হারানো বিষক্রিয়া
নো ম্যানস ল্যান্ডের মান্টো জানে—
স্বদেশকে ভালোবাসলে অপরাধসমূহ জড়ো হয়
বেদ ও কোরআন শাস্ত্রে—
মানুষের মৌলিক মুক্তিকে যৌক্তিক করার উপসর্গে
অমর অক্ষর ধেয়ে যাচ্ছে— বদ-মানুষের কথা।

মানুষের মাঝে মান্টো নেই
এই দুঃখে
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষিত ঐতিহাসিক গল্প; চরিত্র।

দেশ
অন্তত একবার আম্মা হয়ে
জরায়ুর সংসারে গোপন যত্ন হতে পারো
মান্টোর ওপর বিরক্ত নয়
বাবারা গোয়েন্দা কমিটির সভাপ্রধান
সব গোপন সংবাদ নখদর্পনে; মুখস্ত
বাবাদের কাছে আম্মা প্রকাশ্য পত্রিকা
সম্পাদক বাবা উলটিয়ে-পালটিয়ে খুঁতকে
নিখুঁত করেন কিছুটা শৈল্পিক সম্পাদনায়।

মান্টো,
আমি আপনার পরম্পরা। রাজনৈতিক ফল।
ক্ষুধা পেলে একটু একটু নিজেই নিজেকে ছিঁড়ে খাই
অবশিষ্ট হাড় ছাড়া পৃথিবীতে কিছুই নেই।

আপনাদের অসময়—
আমাকে, আমাদেরকে ভূগোল থেকে
গড়িয়ে উড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে।

আমার আব্বার দাদা ঘুমায় পাশের দেশে
সাচ্ছা মুসলমান
থাকতেন জিন্নার পাশাপাশি।
জিন্নাহ মৌলানা আজাদের সংস্পর্শে
আজাদ আরব বংশের লোক
উপমহাদেশকে বলেছেন 'অসাম্প্রদায়িক'
আব্বা ভুলে গেছেন— জিন্নাহ শিয়া সম্প্রদায়ের
জিন্নাহ ভুলে গেছেন আব্বা সুন্নী সমাবেশের মোয়াজ্জেন
আজাদ মৌলানা সমকালীন ইতিহাস শুনে মুচকি হাসেন।
আমি আব্বাকে বুঝাতে চাইলাম
আব্বা কিছুতেই বুঝতে চাইলেন না জিন্নাহ 'ভাই' ও গান্ধী 'জি'।

গান্ধী বললেন— বিদ্বেষ বাড়াও কেন বাপু
জিন্নাহ বললেন— কবরে অন্তত শান্তিতে থাকতে দাও
মৌলানা আজাদ বললেন, মৃতদের কোনো দেশ নেই
গালিব বললেন— আমাকে মদ আর কলম দাও
আজকাল ঘনঘন ফিনিক হয়
পৃথিবীর উল্টা পিঠে কিছু কবিতা লিখি
কবিতা আত্মার প্রাণ
যেখানে নিশ্বাস ফেললে মুক্তি মিলে।

মোঘলদের মোলাকাত করে মিটিংয়ে প্রবেশ করলেন সুভাষ
সঙ্গে একদল অচেনা বৃটিশ
হাত-পা বাধা
গলাধাক্কা দিয়ে ফেলা হয়— মান্টোর পায়ে।

আমার প্রাণের ভাই মান্টো,
এরা শয়তানের আব্বা।
পৃথিবীর বিভক্তিতে জল ঢেলে আলগা করেছে মাটি; আত্মার বন্ধন।
মান্টো দৃষ্টি নিক্ষেপ করলেন— দাউ দাউ আগুন জ্বলে
পুড়ছে আধমরা পৃথিবী; মানুষের হৃদয়

নো ম্যানস ল্যান্ডে একা দাঁড়িয়ে থাকা মান্টো তবু সুখী নয়।