স্বদেশ রায় : ডোর বেল
চিত্রকর্ম: মোহাম্মদ ইকবাল
অনেক দূর থেকে একটি প্রজাপতি উড়তে উড়তে এসে আমার জানালায় বসলো।
সকালের উজ্জল রোদ্দুরে ওকে মনে হচ্ছিলো একটি প্লেন বুঝি উড়ে আসছে!
জানালায় বসে পাখা নাড়তেই মনে হলো ও কাকে যেন ডাকছে-
তবে আমাকে কেন ডাকবে? আমি তো ওর কেউ নই, আমি ওর প্রিয়া নই,
সাথী নই এমনকি বন্ধুও নই। তারপরেও হঠ্যাৎ মনে হলো আমার জানালায়
যখন এসেছে হয়তো ডাকতে পারে আমাকে। ওর চোখ দুটো দেখতে বড় ইচ্ছে হলো।
মানুষের চোখ দেখলে চেনা যায় সে মেয়ে না ছেলে, প্রজাপতির চোখ দেখে কী চেনা
যায়! তারপরে হয়তো কোন কবি হলে সে বুঝতে পারতো ওর চোখে কোন ক্লান্তি ছিলো কিনা?
আমি এক করুণ কেরানি, কলম পিষে জীবন চালাই, চোখ আমার এমনিতেই ক্লান্ত থাকে।
আমি কীভাবে বুঝব প্রজাপতির চোখের ভাষা! অথচ প্রত্যেকের চোখে কোন না কোন ভাষা আছে।
তোমরা সত্যিই জেনো, এই যে আমি কেরানি, ফার্মের মুরগির মত গাদাগাদি হয়ে রোজ লাইন বাসে
অফিস যাই – যাবার সময় দেখতে পাই দূরে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় দাড়িয়ে আছে-
এই আমার চোখেও আমার স্বপ্ন আছে। সে এমন একটি প্রজাপতি হোক, তা আমিও চাই।
আমার এই পঁচিশের জীবনে কোন একদিন এসে খুব জোরে নিজ হাতে সে
বাজিয়ে চলুক আমার ডোর বেলটি। আমি কোন মতেই দরজা খুলবো না, পাছে
ফিরে যায় আমাকে দেখে, শুধু স্বপ্নটা দাড়িয়ে থাকুক আমার দুয়ারে।
