২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদ নোমান চারটি কবিতা

মাহমুদ নোমান

Published : 27 Oct 2019, 09:58 AM

Updated : 23 Jun 2022, 04:00 PM


নস্টালজিক বৃষ্টি

দাঁড়কাকের পাখা ঝাপটানো ঘোলাটে জল
পুরো আকাশে ছড়িয়ে গেল
ছিটকে পড়ল রাশি রাশি ঠোঁটের কারুকাজ ;
জমিয়ে গেল কয়েক টুকরো
কালো কালো ধোঁয়ার কুণ্ডলী
চুপচাপ চোখের কোণ থেকে
বেয়ে পড়ল তুমিময় জলধারা,
জীর্ণ ডাকঘরে চিঠি ভিজছে…
স্বর্গের বাচ্চাটি চেঁচিয়ে কাঁদতেই,
শ্বাসের দেয়ালে মাথা ঠুকছে সূর্য!

ব্যথাকুঞ্জ

জেতকদু ফুলের ঝিরঝিরে দাঁতে
গলে এসে সূর্য
ঘুমিয়ে পড়লো সমুদ্রে,
আঁতে ঘা নিয়ে
ডুবুরীর ঠোঁটে ঝরে
ভাতবৃষ্টি
রাতভর,
অথচ ভোরেই ক্ষুধার্ত ;
পীড়িত আঁধারে —

শ্রাবণের শেষে

অন্যমনস্ক রোদ এসে বুকের কার্নিশে
রুয়ে দিল শিমের বিচি,
কুমড়ো ফুলের মনমরা হাসিতে
সমুদ্রপোড়া ঢেউ —
নড়লো না গুমরামুখো
রাতের বাসি কাপড়ে —
এদিকটা ঢেকে যাচ্ছে,
নাকে শুঁকে শুঁকে পরদেশি
হেঁটে যাচ্ছে নিজের ছায়ায়
বুকের বাঁ পাশটায়
হঠাৎ ঝিরঝিরে হাওয়ার ছল
ফুলের টবে ভিজে যাচ্ছে
তোমাদের বাড়ির বারোটার ফুল


মায়ের পায়ের জবাফুল,আমার প্রেমিকা ছিলো

হারানো প্রেমিকাদের হাসিগুলোর কসম,
একা একা আমার মাঝে হাঁটতে গিয়ে
বিস্মৃতির চৌমুহনীর মোড় পেরুলে
হুড়মুড়িয়ে ঘুণে খাওয়া বেড়ার ঘর
ঝলমলিয়ে ঝলমলিয়ে জোছনা বেহাত
মায়ের পোঁতা বেদনার চারাগাছে —
দুলে ওঠে বর্গাচাষার উঠোনজুড়ে
মৌনতার এই শরতে – ইলিশের আঁশবৃষ্টি
ঠোঁটে ঠোঁটে জড়িয়ে পড়া
মিথ্যে মোহের অপবাদগুলো
সকালবেলা পুকুরজলে – ভাসতে থাকে,
বৃন্তচ্যুত দুইটি জবা…