পল্লববরন পাল: আমার নামেরা
১
আমার চোখের নাম চুপ
শব্দহীন দিঘিজলে ঝুপ
চোখের দিঘির নাম দেশ
দৃষ্টিতে ধ্বংসাবশেষ
আমার দৃষ্টির নাম কথা
থমথমে বোবা স্বাধীনতা
চোখের মণির নাম সাধ
যতো অন্ধকার নামে,
বিচরণ ততোই অবাধ
২
আমার ভয়ের নাম গাছ
কাঁটা ভর্তি আনাচকানাচ
যখনই দাঁড়াতে যাই – উঃ
রক্তাক্ত হই আরেকটু
আমার তন্দ্রার নাম পাতা
আগোছালো লেখা হালখাতা
পাণ্ডুলিপিময় কাটাকুটি
কাঁটাতারে সীমান্ত অটুটই
আমার কাঁটার নাম সীমা
চশমার খাপবন্দী কর্নিয়ার অক্ষ দ্রাঘিমা
আমার সীমার নাম কাঁটা
কুয়াশারক্ত লেগে ক্রমাগত ঝাপসা চশমাটা
৩
আমার ব্যথার নাম জুঁই
কেঁপে ওঠে দু'দুটো হাঁটুই
পবিত্র গন্ধে জ্বালা ম ম
শরীরে ছড়ায় প্রিয়তম
গার্হস্থ্য শ্বাসে দিনরাত
ফুলগাছ ও ব্যথার আঁতাত
আক্রমণ নরম গরম
ব্যথায় ব্যথার উপশম
প্রিয় ব্যথা, ও আমার জুঁই
পেতেছি শয্যা, এসো শুই
৪
আমার ধৈর্যের নাম কাচ
ফ্রেমবন্দী রঙোন্মাদ নাচ
পিকাসোচিত্রের মতো বাঃ
ত্রিমাত্রিক হামদুলিল্লাহ্
আমার নাচের নাম ছবি
হিমবাহই জনক জাহ্নবীর
দুদ্দাড়িয়ে ছোটে স্বপ্নসাধ
নাভিদেশে ভৌগোলিক বাঁধ
আমার নাভির নাম বিষ
ত্রিভূজউঠোন জুড়ে তবু
রোদ্দুরের রদেভুঁ উষ্ণীষ
৫
আমার জন্মের নাম ভুল
আমার মৃত্যুর নাম ফুল
এতোদিন ফুলে ফুলে ঢলে
ভুল পথে হেঁটে গেছি চলে
আমার শবের নাম ঘুড়ি
মৃতসঞ্জীবনী ওড়াউড়ি
মুক্তিআলো বগ্গা সময়
আমার মুক্তির নাম
তমসো মা জ্যোতির্গময়
৬
আমার রাশির নাম মেষ
ঈশপের গল্পে ঢুকে
নদীজল খাচ্ছিলাম বেশ
পশুরাজ অছিলায়
আমাকেই গিলে খায়
ভাগ্য ছিলো শহীদ পুণ্যির
সিংহ রাশি আমার গিন্নির
৭
আমার নারীর নাম নীড়
ঝুলবারান্দা বুকে খেলি
মন্ত্রমগ্ন ইকিড়মিকিড়
আমার নীড়ের নাম নারী
পাহাড় ও জংলিনদী
মধ্যবর্তী সমতলে
পত্রপুষ্পে বসন্ত্বাহারী
হাটখোলা বারান্দা শুধু
পদ্মের সুগন্ধি লুকোনো,
অবাধ মসৃণ দেশে
ইঁট কংক্রিট নেই কোনো
নীড় ছোটো, তাতে নেই ক্ষতি
কারণ এ ঘরে আছে আকাশের নীল সম্মতি
৮
আমার সমস্ত চুমু যারা অসমাপ্ত এযাবৎ
এবং আদর, যারা আকৈশোর ঘাড়-কব্জি ভাঙা
সময়ের অনর্থক অলস হিসেবি ইমারত
তাদের সবার নাম সম্মিলিতভাবে কামরাঙা
কামশক্তি ইদানিং বয়সের ভারে জিভঝোলা
হঠাৎ উঠলো ঝড়, তৎসহ বিপুল বাদলে
চুমু আর আদরেরা উড়ে গিয়ে নামে পূর্বাচলে
আমার ঝড়ের নাম সেই দিন থেকে ব্যোমভোলা
৯
আমার ঘৃণার নাম পঞ্চমবাহিনী
ফেরেব্বাজিতে ভরা
ময়দানি আষাঢ়ে কাহিনী
পাঠে বাড়ে রক্তচাপ,
শিরদাঁড়া ওঠে ঘামে ভিজে
আমার লজ্জার নাম
লেখা থাকে কালিঘাট ব্রিজে
আমার শিরদাঁড়ার দিইনি কখনো নাম-টাম
আদৌ আছে কি? সেটা জানতেও ভুলে গেসলাম
১০
পাহাড়ি জানলার শার্সিতে
নখ আঁচড়াচ্ছে যে সাদা বেড়ালটা
তার ভালো নাম মেঘ,
সদর দরজায় কড়া নাড়ছে
শালজঙ্গলের যে মগডালগুলো
ওদের ভালো নাম বৃষ্টি
তুমি হাত ধরলেই
আমার ভালো নাম ভ্রমণ
বেড়ালটা ধর্ম হয়ে চলুক না সঙ্গে
