তাপস গায়েনের দৃশ্যান্তর ও বিলাপ
[১] রূপান্তর
রূপান্তরিত তুমি, আজও যাও ভেসে,
কী জানি কোন অজানায় !
পথহারা পথিকের অজানা নির্ভরতায়
হৃদয়-গ্যালাক্সির দূরত্ব ক্রমাগত বেড়ে চলে
পৃথিবীর পথে তবু কীসের গুঞ্জন
যেন কখনো করিনি রোদন
যেন প্রজাপতি দেখিনি কোনোদিন
তবু তার পাখনায় মহাকাশ প্রসারিত বর্তমান
কার স্বপ্নে উদ্ভূত এই পৃথিবী
তোমার হৃদয় জুড়ে উদ্ভাসিত হতে চায়-
একই হেমন্তে ম্যাপল পাতার রঙ কত যে বদলায়
দিনের আলো রাতের নদীকে আর দীপ্যমান করে না !
ধূমকেতুর মতো পরিদৃশ্যমান তুমি
আমি কী লিখেছি রেখে কোনও বিসর্জন গান
তোমার অনুপস্থিতিতে আলোর কণিকা আজও
মহাবিশ্বের তাবৎ নক্ষত্র থেকে ঝরে পড়ে !
ব্রুকলিন, নিউইয়র্ক, জুলাই ০১, ২০১৯
[২] আমরা আছি দৃশ্যান্তরে
বাতাস বদলে দিচ্ছে এই গ্রহের তাবৎ ভূগোল
আর আমাদের মধ্যকার অদৃশ্যমান মেইলবন্ধন,
যেভাবে বদলে যায় গ্রহ, নক্ষত্র, আর ছায়াপথের স্থানাঙ্ক
জলে প্রতিফলিত পাখিদের ছায়া এখন দ্বীপান্তরে
উল্কা আর ধূমকেতু ঠোঁটে করে আনে না আর কোনও জলস্রোত
অগ্নিসংযোগ আর হীমায়িত মৃত্যুই এখন পরিদৃশ্যমান
শেষাবধি আমরা নক্ষত্রের ছাই,
তবু অন্য কারও স্বপ্নে এই পৃথিবীতে আমাদের বসবাস
তোমাকে হারাবার আগে হারিয়ে ফেলেছি নিজেকে
তাই নগরীর উদ্যান, ক্যাফে, নদীর তীরই এখন দীপ্যমান
পানশালা ভরে উঠছে ইঁদুরদের ভীড়ে
জনারণ্যে হারিয়ে দেখছি দৃশ্যান্তর–
শেষ ফেরি-বোট ছেড়ে গেছে জেটি
প্রতিসরণ বদলে দিচ্ছে সন্ধ্যা-আগের সূর্যের আকৃতি
দৃশ্যমান পৃথিবীর মুখচ্ছবি হয়ে উঠে অপস্রিয়মাণ
আছে জল, শুধু কোলাহলরত …
ব্রুকলিন, নিউইয়র্ক, জুলাই ৬, ২০১৯
The leafage of years is brown, but your hair is not brown.
[Paul Celan, Translated by Michael Hamburger]
[৩] বিলাপ
আমি চির অপেক্ষমাণ
রাত্রিদেবী,সিন্ধুস্নান শেষে তুমি এসেছ আমার কাছে
তোমার চুলে এখনো নক্ষত্রের গতিবিধি বিদ্যমান, কিন্তু
তোমার চুল নয় কালো, এই জেনে তুমি বিষণ্ণ হয়েছ !
ঋতু পরিবর্তনের সাথে বদলে যায় তোমার হৃদয়
কিন্তু তোমার চুলের রঙ নয় কালো
মাটিগর্ভের সুড়ঙ্গে বেতার তরঙ্গেরা আসে
মহাবিশ্বের জন্মের ক্থা ভাবি, কিন্তু
তুমি থেকে গ্যাছো সকল ভাবনার অতীত ;
জানি, দ্বীপান্তরিত তুমি; এবং তোমার চুল নয় কালো
তোমার বিষণ্ণতাকে মান্য করি;
জলে, স্থলে, অন্তরীক্ষে তোমাকেই উচ্চকিত করি আমি
স্বপ্নে আমার মৃত্যুর পরোয়ানা হয়েছে জারি
কিন্তু দেখি, আমার কোনও প্রতিরোধ নেই, বস্তুত
আমি চির অপেক্ষমাণ; আর তোমার চুল নয় কালো-
এই সন্ধ্যায়, এই বিষণ্ণতায়, তুমি-আমি সমন্বিত হতে থাকি!
ব্রুকলিন, নিউইয়র্ক, জুলাই ৭, ২০১৯
