হাসান হাফিজের একগুচ্ছ কবিতা
বেজে ওঠো বিবাহ-সানাই
ভালোবেসে, ভুল করে
এতো দণ্ড, প্রায়শ্চিত্ত, নারকীয় যন্ত্রণা অতল
তাও তৃষ্ণা ফুরালো না
বারবার ভালোবেসে ভুল করতে চাই।
খণ্ডন করার সাধ্য নাই নাই এমনই লিখন।
কী যে ভুল! আহা রে মধুর ভুল!
তোমার ঔদার্য প্রীতি আনুগত্য
এর কিছু সমধর্মী দুনিয়াতে নাই
ভালোবাসা, তোমাকে বৃথাই
দোষারোপ করি, শাপ দিই
আসলে তোমার কোনো দোষঘাট
খুঁত কিংবা ক্ষত বলতে সত্যি কিছু নাই
আকাশ-পাতাল-মর্ত্য সামগ্রিক ত্রিভুবন
মন্থনের ক্লান্তি আছে,কর্কট ব্যাধিও জেগে–
কে যে দেয় উপশম উপযুক্ত মলম দাওয়াই
ভালোবাসা তোমার সূচনা অগ্নি
শেষ প্রান্তে ধু ধু পোড়া ছাই–
তাও ভালো, মরতে চাই ভালোবেসে
মন দেওয়া-নেওয়া হোক
নিঃশব্দতা আঁধার সময় চিরে
বেজে ওঠো প্রাণময় বিবাহ-সানাই।
যাবজ্জীবন
মাছের পোনা ধরতে জানেন
একমাত্র লালন সাঁই,
তাঁর সাধ মেটে না লাঙল চষে–
ও মনা, তুই থাকবি বসে?
আরশিনগর বাড়ির পাশে
খাঞ্চা যে তার কাঞ্চা বাঁশে
'অপার' হয়ে থাকব না আর
জীবন-মরণ হোক একাকার
সাধন পূজন হয় নি সারা
নিজ ভজনায় আত্মহারা
ও পোড়া মন বাজাও বাঁশি
মরণ-কূপে ফুলের ফাঁসি
ভবের জীবন
তপের দহন
আমার নিলাজ সেই কারণে
লালন করি ভালোবাসি।
জাগরণ ভুলে গেছে
রুমালের সঙ্গে আছে সম্পর্ক অশ্রুর
বিচ্ছেদেরও রয়েছে কিছুটা
যে কোনো রুমাল দেখলে কেঁপে উঠি
কুঁকড়ে যাই ভিতরে ভিতরে।
কী প্রপঞ্চ সুগন্ধি রুমালে,
তুমি ধ্বংস, বীজাণুর আশ্রয়দায়িনী।
তুমি উষ্ণ দয়িতারও অচ্ছেদ্য বাঁধন
কলজে খাওয়া ঠোকরানো বিষাদমঞ্জুল
শুকনো বকুল ফুল– প্রত্ন যে সম্পদ।
ভুল করে ফেলে গেছে কবে কেউ
যারা আর কোনোদিনই ফেরে না ভুলেও!
স্মৃতি হয়তো আলগোছে সুড়সুড়ি দেয়
পুরনো ক্ষতের কষ্ট অর্জনও সে করে
কিন্তু হায়! বৃথা সবই, রোদনই সম্বল
কিন্তু সংবিতের কোনো হেলদোল
আলতো পলকা অঙ্কুরের জেগে ওঠা নাই!
নির্লিপ্ততা কেন জয়ী
সম্পর্কের সুতো ছিঁড়ে যায়
ছিঁড়তে ছিঁড়তে ফালি
একসময় বহু কষ্টে সাধনার ধন
সামান্য এ জীবনও ফুরায়।
গাঙে ঢেউ কলকল ছলছল
সময়ের দ্বন্দ্ব দাবি উদ্বেগহীনতা
সেইসব নির্লিপ্তিরই কথা বলে যায়
গাঙচিল ঠোঁটে মাছ দিগন্ত সুদূরে লাল
ভাঙাচোরা স্মৃতি উছলায়
সম্পর্ক কী এতোই ভঙ্গুর?
কেন ছেঁড়ে? কে-বা ছেঁড়ে?
মমতা মগ্নতা নিয়ে
একটিবারও নেড়েচেড়ে
দেখে না সে, কেন যে দেখে না!
এত কেন নিরাসক্তি,ঔদাসীন্য–
কবি তার আদি অন্ত বিবরণ
আলাভোলা শব্দসত্যে কিছুই লেখে না…
