২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নুসরাত, আগুন-নদীতে ডুবিয়ে দিলাম তোকে

নওশাদ জামিল

Published : 12 Apr 2019, 06:45 AM

Updated : 23 Jun 2022, 04:00 PM

আগুন-নদীতে ডুবিয়ে দিলাম তোকে
বোন, তোর দেহে ফুটেছে রক্তজবা
পুড়তে পুড়তে হয়েছিস খাঁটি হীরে
অধমের শিরে, তুই তো মুকুটশোভা!

কিশোরী শরীর গলতে গলতে তোর
হয়েছে ভস্ম, হয়েছে নিকষ ছাই
বোন, তোর দেহ মোমের পুতুল নয়
জ্বেলে দিলি একি অম্লান রোশনাই!

অঙ্গার বুকে তরঙ্গ ছিল তোর
জ্বলতে জ্বলতে তাই দিয়ে গেলি নাড়া
তুমুল দুলুনি আছড়ে পড়েছে আজ
আয় ভাইবোন, শান দিই শিরদাঁড়া!

মরার আগেও ছাইমাখা মুখে তোর
ফুটেছে ফুলকি, দারুণ অনলবিভা
দাউদাউ পুড়ে জ্বেলেছিস দীপশিখা
আধমরা দেশে, তুই তো মুকুটশোভা!