২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক ছেড়ে মানুষ হও

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 25 Jan 2019, 05:08 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

নান্দনিক মানুষ মানে সদাচারী মানুষ। সম্প্রতি সদাচারী মানুষের প্রত্যাশায় দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চলছে। কক্সবাজারে ইয়াবার থাবাকে ব্যর্থ করার জন্য ইয়াবা-ব্যবসায়ীদের আত্মসমর্পণের উদ্যোগ চলছে বলে পত্রিকায় প্রকাশ। মাদক মানে অজাচার। আসুন, আমরা সমাজে সব ধরনের অজাচার ছেড়ে প্রকৃত মানুষ হই। শুভ হোক সত্য হোক আমাদের এই সম্মিলিত মানবপ্রত্যাশা।–মুহম্মদ নূরুল হুদা

এ কি কথা শুনি আজ দরিয়ানগরে
মাদকের কারবারি ঘোরে ঘরে ঘরে?
অনিত্য বিত্তের লোভে চিত্ত করে খুন
কে তুমি নিজের লাশে নিজে দাও নুন?

জনক জননী কাঁদে, কাঁদে মেরী শিশু
মসজিদ মন্দির কাঁদে, কাঁদে পুত্র যিশু;
কিয়াঙে নির্বাণসুখী বুদ্ধ থাকে শুয়ে,
সৃষ্টি-সেরা মানুষের মাথা পড়ে নুয়ে;

কী লাভ তোমার গড়ে টাকার পাহাড়
তুমি যদি সে পাহাড়ে টাকার আহার?
নিয়তির শরে বিদ্ধ পড়ে থাকে হাড়;
লোভের শিকার হলে কে কার কে কার?

মানুষ ফেরারি হলে কাঁদে মানবতা
গিরিগৃহে অশ্রুসিক্ত পাথুরে দেবতা;
মানুষ খাদক হলে মাদক কারবারি
জনপদে নেমে আসে ঘোর মহামারী;

মুছে যায় ঘুচে যায় মানুষের নাম,
থাকে না তো মানুষের কানাকড়ি দাম।
মদাচারী কোনোকালে নয় সদাচারী,
যতই হাঁকাক সে-ও শাড়িবাড়িগাড়ি!

অনাহারী নও তুমি, কেন অজাচারী?
তুমি তো অরণ্যচারী, সমুদ্র-সওয়ারী,
সমতলে জনপদে নগরে বন্দরে
বিশুদ্ধ পশরাচারী সদরে অন্দরে!

অজাচার-মুক্ত হও হে শ্রেষ্ঠ মানব,
শুদ্ধ হোক পুণ্য হোক তোমার কলব;
নিজেকে অর্পণ করো নিজের কাছেই,
আপন আত্মার বড় আদালত নেই।

শুদ্ধ হও মুক্ত হও অনুতপ্ত হও
মনুষ্যসন্তান তুমি, পশুগোত্র নও;
আত্মসমর্পণে তুমি মাদক-মানব
সত্যদর্শী যথারীতি, নও অভিনব।

কেননা মানুষ ছিল চিরকাল সৎ
শেষতক সততাই মানুষের পথ।
শান্তিশান্তি দিব্যকান্তি সালাম সালাম
তোমার শরীরমন স্রষ্টার কালাম।

মানুষের বুকে ফেরো প্রমিত মানুষ
জাগাও নিজের বুকে মানুষের হুঁশ,
ব্যর্থ করো নাফতীরে ইয়াবার থাবা
তোমার গন্তব্য হোক পুণ্যতীর্থ কাবা।

মানুষ তুমি মানুষ হও
মাদক ছেড়ে মানুষ হও
বুকে মুখে মানুষ হও
চিত্তে-বিত্তে মানুষ হও

তুমি পশুর জারজ নও।
২৫.০১.২০১৯

Image
Flag Counter