বাঙালির জাতিপুত্র জাফর আলম
সার্জেন্ট জহুরুল হক হলে একাত্তরের পঁচিশে মার্চের রাতে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের অন্তর্গত রুমখাঁপালঙ গ্রামের মেধাবী সন্তান বাঙালির জাতিপুত্র এটিএম জাফর আলম। তিনি মুক্তিযুদ্ধের প্রথম শহীদদের অন্যতম। আমার গর্ব, তিনি আমার এক বছরের সিনিয়র বন্ধু। ঢাকা শহরে এসেই আমি তাঁর বন্ধুত্ব ও অভিভাবকত্ব লাভ করি।
'সচিত্র বাংলাদেশ' পত্রিকায় (ডিসেম্বর ২০১৯) তাঁর ওপরে তাঁরই অনুজ জনাব মোহাম্মদ শফিউল আলমের লেখা একটি স্মৃতিচারণমূলক নিবন্ধ পড়ে আমি তাৎক্ষণিকভাবে এই কবিতাটি লিখতে উদ্বুদ্ধ হয়েছি। জনাব মোহাম্মদ শফিউল আলম এখন বাংলাদেশ সরকারের সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব। আমরা তিনজনই দরিয়ানগরখ্যাত কক্সবাজার জেলার বাসিন্দা। এই সুযোগে আমি মুক্তিযুদ্ধে শহীদ আমার চাচা ও শিক্ষক ইলিয়াস মাস্টার, কক্সবাজারসহ সমগ্র বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করছি। তাঁরা সবাই জাতির শ্রেষ্ঠ রক্তবীজপুত্র ও কন্যা। তাঁরা বাঙালির স্বাধীনতা আর সোনালি বর্তমান ও ভবিষ্যতের অনন্ত প্রেরণা। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
বাঙালির জাতিপুত্র জাফর আলম
সুজলা সুফলা ফুল্ল শাপলা স্বদেশ এই বাংলাদেশ,
বংপ্রজাতির বুকে অঙ্কুরিত শতদল অনন্ত অশেষ;
তুমি তার রক্তবীজে চিরমুক্ত বীরপুত্র এই বাঙালির,
সতত চলিষ্ণু তুমি সফেন সমুদ্র শীর্ষে, বুকে তটিনীর;
তুমি আছো দরিয়ানগর থেকে প্রত্ন-ভুমি মহাস্থানগড়,
ছাদহীন দেয়ালবিহীন দরিয়ার চরে চরে ধুধু বাংলো ঘর;
সুন্দরবনের বাঘ হয়ে জাফলং রামকোট দূর তেতুলিয়া
বিহঙ্গসদৃশ এই মানচিত্র জুড়ে সবুজেরা চিরউড়ালিয়া;
যদিও তোমার জন্ম উখিয়ার হলদিয়া রুমখাঁপালঙ,
গিরিদরী পাখপাখালির ডানা, নিশিরাতে পাহারার টং;
মহান শিক্ষক পিতা সৈয়দ হোসাইন মাস্টার, সুহাসিনী
জননীর বুকে তুমি প্রথম সন্তান, মাতা তিনি অসুরাশিনী;
আটভাইবোন মিলে গড়েছিলে মেধা আর সুনীতি সংসার,
বোধের জগৎ জুড়ে ধর্মে-কর্মে সদাচারী সুখী পরিবার;
স্বপ্ন দেখেছিলে তুমি এ মাটিতে বাঙালির স্বাধীন বসতি;
জাতিপুত্র তুমি জাতিপিতা শেখ মুজিবের; প্রমিত প্রগতি
চেয়েছিলে গণবাঙালির ঘরে-ঘরে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে;
তাইতো সার্জেন্ট জহুরুল হক হলে প্রথম শহীদ তুমি হেসে হেসে
পঁচিশে মার্চের রাতে, সাথে চিশতী হেলাল আর অসংখ্য সুহৃদ;
সেই শহীদেরা আজ শ্রেষ্ঠরক্তবীজপুত্র, বঙ্গবাগানের অমর উদ্ভিদ;
যতদিন বাংলাদেশ ততদিন মুক্তিযুদ্ধ ততদিন বীরবাঙালির দম
ততদিন মৃত্যুহীন যুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জাতিপুত্র জাফর আলম।
