২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেজাউদ্দিন স্টালিনের কবিতা

rezauddin_stalin

Published : 12 Sep 2018, 01:37 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

বঙ্গবাহাদুর

তখন তার মাথার মধ্যে চক্কর দিচ্ছিলো
শত শত গ্যালিলিও গ্যালিলে
পৃথিবী হুমড়ি খেয়ে পড়লো তার পায়ের কাছে
জল স্পর্শ করে শপথ নিলো
মৃত্যু হলেও সে থেকে যাবে এই বাঙলায়
ঐ ভগ্নাংশ সময়ের মধ্যে তার মনে পড়লো
হিয়েন সাঙের প্রিয়
ইবনে বতুতার প্রশংসা ধন্য এই দেশ
বেনোজল বেয়ে এসে বঙ্গদেশ তার ভালো লেগেছিলো
অপূর্ব অথৈ সবুজ–আকাশের অর্ধেক পা নদীর ভেতর
কৌতুহলী দিগন্ত চারিদিকে
প্রচুর প্রণালী পট ও পাটের বিস্তার
তার প্রিয় আহার্য কদলীবৃক্ষ নাগালের অত্যন্ত নিকটে

হঠাৎ দেখলো সে শহর থেকে এসেছেন হস্তিবিশারদ
তিনি চিৎকার করে উঠলেন– ভারতবর্ষ থেকে
পালিয়ে বঙ্গে এসেছে বটে
তবে তার বংশপরিচয় জানা খুবই প্রয়োজন
অবয়ব দেখে নিশ্চিত এর পূর্বপুরুষ কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলো না
রাবণের হস্তিবাহিনীর অগ্রভাগেও না
কিংবা গৌতমের মায়ের স্বপ্নে দেখা সাতটি শ্বেত-ঐরাবত
এই ছন্নছাড়া সেখানে ছিলো না
আরব্য রজনীর কোনো সিংহফটকে
অথবা কাবা আক্রমণকারী আবরাহার হস্তিবাহিনীর
রক্ত ওর দেহে আছে বলে মনে হচ্ছে না

গবেষক-ইতিহাসবিদ-বনরক্ষক-পশুচিকিৎসকগণের
আক্রোশ উপেক্ষা করে রাজকীয় গাম্ভীর্যে উদাসীন কবি
জলমহালের সিংহাসনে উপবিষ্ট হলো
বাঙলার বৃক্ষজনতা তাকে নতুন উপাধি দিলো
বঙ্গবাহাদুর
মহানন্দে শুড় তুলে সে যখন অভিবাদনরত
তখন বনরক্ষকের বাণে তার চোখ থেকে খুলে পড়লো স্বাধীনতা
চেতনাবিনাশী বাণে নিথর হয়ে আসছে তার দেহ
লক্ষ লক্ষ সক্রেটিস হেমলকপাত্র নিয়ে ঘুরছে দ্বিগ্বিদিক
সে মাথা উঁচু করে বলতে চাইলো-আমিও এ দেশের উত্তরাধিকার
আমি বঙ্গবাহাদুর–এদেশকে ভালোবেসেছিলাম