২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতেম মাঝি স্মরণে

রুদ্র সাইফুল

Published : 10 Jul 2018, 11:17 AM

Updated : 23 Jun 2022, 04:01 PM

একদা শপথ করেছিলাম কবি হবো এই পৃথিবীর,
কবিতায় বুনবো ঘাসফড়িংয়ের ওড়াউড়ি,
জীবনের রঙিন লেনদেন; আমার স্বাধীনতা।

হাতেম মাঝির কথাও কবিতায় বুনবো ভেবেছিলাম,
যে হাতেম মাঝি উত্তাল একাত্তরের জীবন্ত কিংবদন্তি,
সেবার প্রবল বর্ষণে চারিদিকে বান ডেকেছিলো-
নদী পার করার নামে মাঝ নদীতে ডুবিয়ে মেরেছিলেন
হাফ ডজন খান সেনা, হাতেম মাঝি তখন টগবগে যুবা।

হাতেম মাঝি মেধাবী ছিলেন না কিন্তু বাঙালি ছিলেন,
ঘরে বৃদ্ধ মা আর অন্তঃসত্ত্বা বউ, এই তাঁর সংসার;
ধারালো অস্ত্র, থ্রি নট থ্রি কিংবা স্টেনগান নয়,
নৌকাই ছিলো তাঁর একমাত্র হাতিয়ার।

স্বাধীনতার পরে এক টুকরো কাগজ মিললো হাতে,
লোকে বলে সার্টিফিকেট, হাতেম মাঝি নির্বিকার;
মকতবে টু পাস দেওয়া হাতেম মাঝির বউ বললো,
'এতে লেখা আছে হাতেম মাঝি একজন মুক্তিযোদ্ধা।'

দীর্ঘ বছর পরে হাতেম মাঝির সঙ্গে আমার দেখা হলো
লাশকাটা ঘরে খুন হয়ে যাওয়া হাতেম মাঝির সঙ্গে,
পুরনো শকুনের নগ্ন থাবায় হাতেম মাঝি লাশঘরে;
নিজামী-মুজাহিদের গাড়িতে পত্পত্ করে উড়ছে তখন
হাতেম মাঝির রক্তে ভেজা লাল-সবুজের পতাকা!

সেদিন কোনো খবরের শিরোনাম হয়নি হাতেম মাঝি,
নিঃস্ব হাতেম মাঝির পরিবারের সঙ্গে দেখা হয়েছিলো,
বৃদ্ধ স্ত্রী আর মুক্তি নামের বাংলাদেশের বয়সী কন্যাটি
আঁচলে মুখ লুকিয়ে অঝোরে কেঁদেছিলো সেদিন,
শকুনের গাড়িতে পত্পত্ করে উড়তে থাকা পতাকা
দেখে একদলা থুঁ থুঁ বেরিয়ে এলো তাঁদের মুখ থেকে।

হাতেম মাঝিরা মরে যায়, লাশকাটা ঘরে ব্যবচ্ছেদ হয়,
আর আজ হাতেম মাঝিদের লাশের উপরে দাঁড়িয়ে
নগ্ন উল্লাসে মেতে ওঠে শকুনরূপি মূর্খ মেধাবী;
তাহলে কী এই বাংলাদেশ চেয়েছিলেন হাতেম মাঝি?