২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলক হাসানের পাঁচটি কবিতা

পুলক হাসান পুলক হাসান

Published : 20 Jun 2018, 08:49 AM

Updated : 23 Jun 2022, 04:01 PM


সার্কাস সুন্দর

ভেবেছি তোমার প্রেম
একটি স্বপ্নযাত্রা
স্বপ্নভঙ্গের উপশম
এখন দেখি দৃষ্টির বিভ্রম
অহেতু দিবানিদ্রার ঢেউ
শুকনো পাতা খরস্রোতা
যে ছায়াটি পুষি
তাকেই মনে হয় গুপ্তচর
মনে হয় খুনি, ছদ্মবেশী
ভাবতে পারি না সহচর
হৃদয়ের আদান-প্রদান করি
ব্যাকুল তিয়াসে আশাবরী
নেই কেউ
কেউ নেই মুক্ত নিঃশ্বাসে
দোর খুলে বেরিয়ে এসে
জানায় স্বাগতম
তবু তুমি নীলাম্বরী
সার্কাস সুন্দর।

কবিতা ১৯৬১

শুধু তোমার জন্য আমি
জন্মান্ধ
পথহারা এক পাখি
বায়বীয় বন্ধনে অন্ধপ্রেমী
যেন রুমি
ছায়ার ভিতর কায়ার সন্ধান করি
স্বেচ্ছায় হৃদয়ে ধারণ করি
ঝরা মৃত্যু ক্ষয়
নির্লিপ্ত চোখের পাতায় ঢাকি
প্রতিমুহূর্তের বিস্ময়
ফলে যতই ভাবি নিজের পৃথিবী
ভেতরে শুনি সজল ভৈরবী।

পোশাকী সময় স্রোত

পোশাকী সময় স্রোতে
ভেসে যেতে যেতে
তুমি শুধু আমারি
ভাবতে ভাবতে
ভাবতে পারি না
তুমি কেবলি আমারি
যদিও ধূ ধূ জীবন পাঠে
তোমাকেই চাই শুধু
অমলিন শুকতারা
যেন দারুন দেহভজে
শরীর হয়ে ওঠে
সুখী এক পায়রা।
কেননা নক্ষত্রের ঝরে পড়া
দেখতে দেখতে
অভ্যস্ত পাখি
এতটাই চাতকী
ছড়ায় বাতাসে
নগ্ন তার আহাজারি
কে করে তার মন চুরি?

জীবনানন্দ

জীবন ও আনন্দ
যেন অবিচ্ছেদ্য
শক্ত মায়াডোর
পৃথিবীতে এখনো তাই
বসন্ত মুকুলিত
রক্ত পলাশের ঘোর
অনন্ত অজর
সৃষ্টি সুখের উল্লাসে
নাচে উদয় শংকর
চোখের পাতায় বেঘোর রাত্রির
শিশির ঝরা ভোর
টলমল সুহাসে
তাই আনন্দই জীবন
আনন্দ নেই, জীবন নেই
আনন্দ মরে গেলে
পৃথিবী নিঃসঙ্গ বেতাল
হৃদয় ফাঁকা মরুর
সেই শূন্য অতল পলে পলে
পেয়েছিলেন টের
একজন ডেভিড গুডাল
তার কাছে তাই অনিবার্য
হয়ে উঠেছিল স্বেচ্ছামৃত্যু
কেননা জীবন্মৃত এর চেয়ে
মৃত্যু অনেক শ্রেয়।

অভিন্ন

সময় যেন স্মৃতিকাতর এক পাখি
যখন সে একাকী
অন্ধ দৃষ্টি
খোলে বৃষ্টি
অঝোরধারায় রচিত গান
সময় সুধা পান
মেঘদূত কিংবা বর্ষা
যে নামেই তারে ডাকি
অভিন্ন তার ভাষা।