২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুহম্মদ নূরুল হুদার কবিতা: সপ্তর্ষির জন্য কবিতা

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 15 Jun 2018, 11:15 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

৪৫

সপ্তর্ষি সংসার করে কবির অধরে
কবিও সংসার করে সপ্তর্ষির ঘরে
ঘরে করে চরে করে করে চরাচরে
এ নিয়ে তুমুল তর্ক কামরাঙ্গা চরে

অঙ্গ মেশে অঙ্গ-ভাঁজে, মন মেশে মনে
কবি ও সপ্তর্ষি মেশে সতৃষ্ণ বন্ধনে,
সাতপাঁকে লগ্ন তারা মগ্ন আবরণে

৪৬

ঘর ছেড়ে করে ঘর বাহির-ভেতর
কে কোথায় ঘোরে ফেরে নগর-বন্দর
দিন যায় রাত যায় দরিয়া কহর
অষ্টপ্রহরের সাথে অধিক প্রহর

কবির করবী নিত্য ফুল্ল পুষ্প-ধ্যান;
সপ্তর্ষি কি বসে থাকে মত্ত-ধাবমান?
কবি ঘোরে মনে-বনে সাতআসমান

৪৭

সারারাত তারারা ঝগড়া করে পাড়ায় পাড়ায়
গ্রহাণু গ্রেনেড হাতে ঝোপ বুঝে কোপ মেরে যায়
সারারাত নানা রায় মাপা হয় নানা বাটখাড়ায়
ভোরে বাদী ও বিবাদী এসে ঘোরে কুয়াশায়

একজন গলা সাধে অন্যজন বাঁধে এলো চুল
স্বীকার করে না কেউ ঘূণাক্ষরে কেউ কারো ভুল
বুকে বুক জোড়া দিয়ে সপ্তর্ষি তো কেঁদেই আকুল

৪৮
মাঝে মাঝে বাসা বাঁধে ঘোর নিরবতা
অন্ধ হয় জরাসন্ধ, বন্ধ হয় কথা
মোহন মৃত্যুর মোহে মুগ্ধ অমরতা
শোনেও শোনে না, হায়, পত্র-মর্মরতা

ভেতরে ভেতরে শুধু জমে দুগ্ধশর
মেরুদূর প্রান্তে বসে গড়ে মুগ্ধ ঘর
সপ্তর্ষি সহজে সুখী, সে নয় অপর

১৪.০৬.২০১৮

Image
Flag Counter