২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তোমার আঙুলে লেলিহান

ঝর্না রহমান ঝর্না রহমান

Published : 17 Mar 2018, 03:19 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

তুমি উঠে এলে জলজ বাংলা জলের ভেতর থেকে
মধুমতি স্রোতে দশ দিক বেয়ে গড়িয়ে পড়েছে জল
জলের ফুলকি জলকণা থেকে তোমাকে তুলেছে ছেঁকে
তোমার জননী-জন্মদাতার পলিমাটি-করতল।

করতল থেকে করতলে ঝরে বাংলার পলিমাটি
তোমার দীর্ঘ দেহের মিনারে ঝলমল করে রোদ
তোমার আঙুল শান দেয় রোজ চেতনা জিয়নকাঠি
অগ্নিকণার শব্দভাষ্যে শানাও স্বত্ববোধ।

চারপাশ থেকে কেন্দ্রাভিমুখে বন্য বাতাস ছুটে
আসে, ভাষণের শিখাগুলো যেন তেজোদ্দীপ্ত জিভ :
প্রবঞ্চনার যত কালকূট তুমি নাও চেটেপুটে
ঝড়ের দানোর টুঁটি টিপে ধরো তুমিই শেখ মুজিব।

তোমার আঙুলে লেলিহান হয়ে সাত মার্চ রমনায়
অন্ধকারের যবনিকা ফুঁড়ে তীব্র আলোর ফুল
মশালের মতো জ্বলে উঠেছিল, স্পষ্ট তর্জমায়
লিখেছে একটি অমর পঙক্তি অবিনাশী আঙ্গুল,

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের চিরচাওয়া স্বাধীনতা
তোমার আঙুল কালের কলম ইতিহাসে লেখে নাম
একটি ভাষণ বাংলাদেশ ও জাতির জন্মকথা।